skip to Main Content

কুন্তলকাহন I আদরে আহ্লাদে চাম্পি

দাদি-নানি অথবা মা-চাচিদের মুখে গল্প শুনতে শুনতে মাথা আর চুলে হাত বুলিয়ে নেওয়ার যত্নটা বিয়ের কনের জন্য জুতসই হতে পারে। মায়া মেশানো যত্ন যেন

ঘড়ির কাঁটায় দৌড়াতে গিয়ে দিন শেষে শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি। অবসন্নতা দূর করতে চা-কফির ক্যাফেইনই ভরসা। কেউবা মাতেন অনলাইন মাধ্যমে। অথচ ক্লান্তি কাটানোর চমৎকার ও প্রাকৃতিক এক উপায় এই সংস্কৃতিতে আছে বহু বছর ধরে। এর নাম ‘চাম্পি’ বা মাথায় তেল মালিশ।
এই অঞ্চলে প্রায় প্রতিটি পরিবারেই চাম্পির মিষ্টি কিছু না কিছু স্মৃতি আছে। ছুটির দিনে বারান্দায় বসে মায়ের হাতে চুলে তেল মাখা ছিল ভীষণ আরামের। শুধু চুলের যত্ন নয়, মন শান্ত করার এক দারুণ মাধ্যমও চাম্পি। বিশ্বজুড়ে রূপচর্চার জগতে এই শতবর্ষী পুরোনো অভ্যাস আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে।
ইতিহাস ও ‘শ্যাম্পু’ শব্দের জন্ম
‘চাম্পি’ শব্দটি আসে হিন্দি শব্দ ‘চাঁপনা’ থেকে, যার সহজ অর্থ হালকা চাপ দেওয়া বা মালিশ করা। পাঁচ হাজার বছর আগের প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এর উল্লেখ আছে। সেকালে সুস্থ থাকার জন্য প্রতিদিন বা সপ্তাহে অন্তত একবার মাথায় তেল মালিশ করার নিয়ম ছিল।
মজার বিষয়, চুল ধোয়ার জন্য যে শ্যাম্পু শব্দ ব্যবহার করা হয়, তার জন্ম এই চাম্পি থেকে। ব্রিটিশ আমলে ভারতে আসা বিদেশি বণিকেরা এখানকার মানুষের প্রাকৃতিক উপাদান এবং তেল দিয়ে মাথা মালিশের এই নিয়ম দেখে মুগ্ধ হন। তারা পুরো বিষয়কে বলতেন চাম্পুইং। সেখান থেকে আজকের শ্যাম্পু শব্দের উৎপত্তি। শুরুতে এটি ফেনা ওঠা কোনো তরল সাবান ছিল না; ছিল তেল দিয়ে মাথা মালিশের পদ্ধতি।
ছোট থেকে মা-খালা বা দাদি-নানিরা মূলত তিন কারণে চুলে তেল দিয়ে দিতেন। প্রথমত, বিভিন্ন ভেষজ তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত ও উজ্জ্বল হয়। দ্বিতীয়ত, তেলের মালিশ স্নায়ু ও মস্তিষ্ক শান্ত এবং গভীর ঘুম নিশ্চিত করে। শেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, নিয়মিত তেল মালিশের মাধ্যমে অর্থাৎ স্পর্শের মাধ্যমে বন্ধন হয় দৃঢ়।
চাম্পির উপকারিতা
আয়ুর্বেদ শাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান; উভয় মতেই মাথা শরীরের অন্যতম প্রধান সংবেদনশীল অংশ। মাথার খুলি ও ঘাড়ের চারপাশে বেশ কিছু স্নায়ুকেন্দ্র থাকে, যেগুলোকে প্রাচীন ভাষায় ‘মার্ম পয়েন্ট’ বলা হয়।
চাম্পি করার সময় আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিলে এই বিন্দুগুলো সচল হয়। এর ফলে বেশ কিছু উপকার মেলে। যেগুলোর মধ্যে আছে—
 রক্ত চলাচল বৃদ্ধি: তেল মালিশে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয়। ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়, চুল পড়া কমায়।
 মানসিক চাপ হ্রাস: আঙুলের হালকা মালিশ মস্তিষ্কে জমা ক্লান্তি ও মানসিক চাপ দূর করে। যা মন ভালো রাখার হরমোন নিঃসরণেও সহায়ক।
 চোখ ও ঘাড়ের আরাম: ডিজিটাল পর্দার সামনে বসে থাকার কারণে চোখের পেছনে ও ঘাড়ে যে টানটান ভাব তৈরি হয়, চাম্পি তা দূর করে।
 ভালো ঘুম: শোয়ার আগে মাথায় হালকা মালিশ করলে মস্তিষ্ক শান্ত এবং রাতে গভীর ঘুম হয়।
বাড়িতেই চাম্পি
চাম্পি করতে বিশেষজ্ঞ দরকার নেই। ঘরে বসে সহজে এটি করা সম্ভব। কিছু সাধারণ ধাপ; যেমন:
 সঠিক তেল নির্বাচন করা ও হালকা গরম করে নেওয়া: বিশুদ্ধ নারকেল তেল, বাদাম তেল বা তিলের তেল বেছে নেওয়া যেতে পারে। সঙ্গে আমলকী বা ভৃঙ্গরাজ যুক্ত তেল হলে আরও ভালো। তেল কখনো সরাসরি আগুনে গরম করবেন না। বাটিতে গরম পানি নিয়ে তার ভেতর তেলের পাত্রটি কিছুক্ষণ রেখে কুসুম গরম করে নিন। উষ্ণ গরম তেলই পুরো মাথায় মালিশ করা ভালো।
 শান্ত পরিবেশ: ঘরের কড়া আলো কমিয়ে দিন। মোবাইল ফোন দূরে রাখুন। নিজের জন্য কিছুটা শান্ত সময় বের করে লম্বা কয়েকটা শ্বাস নিয়ে মালিশ শুরু করুন।
 মালিশের সঠিক নিয়ম: চুলগুলো কয়েক ভাগ করে নিন। নখ নয়, আঙুলের নরম ডগা কাজে লাগান। হালকা কুসুম গরম তেল মাথার তালুতে লাগান। এরপর বৃত্তাকারে ধীরে ধীরে ঘষতে থাকুন। কানের ঠিক ওপরের অংশে এবং ঘাড়ের পেছনের হাড়ের সংযোগস্থলে হালকা চাপ দিন। সবশেষে চুলের গোড়ায় খুব আলতো করে মৃদু টান দিন, এতে মাথার ত্বক সতেজ লাগবে।
 তেল রাখা ও পরিষ্কার করা: মালিশ শেষে গরম পানিতে ভেজানো একটি তোয়ালে নিংড়ে নিয়ে মাথায় পাগড়ির মতো পেঁচিয়ে রাখা যেতে পারে। তোয়ালের ভাপের কারণে তেল সহজে ত্বকে প্রবেশ করবে। এক ঘণ্টা বা সারা রাত তেল রেখে পরদিন সকালে কোনো সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলা যেতে পারে।
আজকাল রূপচর্চা যেন শুধু দেশি-বিদেশি দামি প্রসাধনী বা মেকআপ। মনে রাখা ভালো, আসল সৌন্দর্য আসে সুস্থ শরীর ও শান্ত মন থেকে। অশান্ত মনের ছাপ চেহারায়ও পড়ে। ব্যস্ত দিনের শেষে নিজের জন্য পনেরো মিনিট সময় বের করে মাথায় একটু তেল মালিশ করা যেতেই পারে। নিয়মিত করলে এটি হতে পারে এক দারুণ অভ্যাস। আবার পরিবারের সদস্য বা প্রিয়জনের মাথায় তেল মালিশ করে দেওয়াও ভালোবাসা প্রকাশের উপায়। প্রাকৃতিক তেল আর যত্নশীল হাতের স্পর্শে খুব সহজে নিজেদের ক্লান্ত দিনগুলোকে করা যায় সতেজ ও আরামদায়ক।

 আনিকা তায়্যিবা
মডেল: লামিয়া ও প্রমা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: টেলস অব বাংলাদেশ
জুয়েলারি: রঙবতী
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top