skip to Main Content

তনুরাগ I স্বর্ণ বর্ণা

আজকের আলোচনা যাকে নিয়ে, তার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত। যার নাম আমরা ব্যবহার করে এসেছি সৌন্দর্য অথবা রান্নার স্বাদের প্রসঙ্গে। এই উদ্ভিদের জন্ম মাটির নিচে হলেও গুণের জোরে উঠে এসেছে আমাদের মুখের ত্বক অব্দি। নাম হলুদ। শ্রেয় চৌধুরীর লেখায় বিস্তারিত

হলুদিয়া
হলুদের বৈজ্ঞানিক নাম ‘কুরকুমা লংগা’। মাটির নিচে জন্মানো কন্দ শুকিয়ে গুঁড়া করেই আমরা রান্নার হলুদ পাই। দক্ষিণ এশিয়ায় হলুদের ব্যবহার বহু পুরোনো। প্রায় চার হাজার বছর আগে বৈদিক সংস্কৃতির সময় থেকে হলুদ ব্যবহারের প্রমাণের কথা উল্লেখ করা হয়। অথর্ববেদের মতো প্রাচীন ভারতীয় ধর্মীয়-সাংস্কৃতিক গ্রন্থে হলুদকে ভেষজ হিসেবে উল্লেখ করা আছে। তার ব্যবহার নিয়েও রয়েছে আলোচনা। তখন এটি শুধু রান্নার মসলা ছিল না। ধর্মীয় আচার ও ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতিতেও জায়গা করে নিয়েছিল। আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় হলুদের ব্যবহার দেখা যায় নানা প্রয়োজনে। শুধু কি গুণ? হলুদের রংও বহন করে আলাদা অর্থ। সোনালি আভা মনে করিয়ে দেয় আলো, সূর্য, উষ্ণতা ও প্রাচুর্যের কথা। বিভিন্ন সংস্কৃতিতে হলুদ ও কমলা রঙের সঙ্গে আনন্দ, উদ্দীপনা ও ইতিবাচক অনুভূতির সম্পর্কও দেখা যায়। সোনালি রঙের কারণে একে ‘ইন্ডিয়ান স্যাফরন’ নামেও ডাকা হয়েছে। হলুদের হলুদ রং কাপড় ও অন্যান্য উপকরণে রং দেওয়ার কাজেও ব্যবহৃত হয়েছে। এর ফলে হলুদ শুধু ঘরের রান্নাঘরে সীমাবদ্ধ থাকেনি; দৈনন্দিন জীবন থেকে সামাজিক ও ধর্মীয় আচারের জগতে প্রবেশ করেছে।
মাঙ্গলিক
দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিয়ের আগে হলুদ মাখানোর রীতি প্রচলিত। উত্তর ভারতে ‘হলদি’, বাংলায় ‘গায়েহলুদ’ বা হিন্দু সম্প্রদায়ে বিয়ের কিছু আচারিক প্রেক্ষাপটে ‘গাত্রহরিদ্রা’ নামে পরিচিত। যদিও এই আয়োজনের নিয়ম সব জায়গায় এক নয়। হলুদকে শুভতা, মঙ্গল ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়ে এসেছে বহুকাল। বিয়ের আগে বর-কনেকে হলুদ মাখানোর মধ্যে রয়েছে নতুন জীবনের জন্য শুভকামনা জানানোর ভাবনা। বাংলায় এই রীতি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বিয়েতেই পরিচিত সামাজিক আয়োজনে পরিণত হয়েছে। তবে পরিবার, অঞ্চল ও সম্প্রদায়ভেদে নিয়মের খানিকটা তারতম্য ঘটে বৈকি!
কাঁচা হলুদের তাজা গুণ
লোকজ রূপচর্চায় হলুদের ব্যবহার বহুদিনের। বিয়ের আগে ত্বকে সতেজতা আনতে হলুদের সঙ্গে তেল, দুধ, দই, বেসন কিংবা চন্দন মেশানোর চল বিভিন্ন অঞ্চলে দেখা যায়। আছেটা কী এর ভেতরে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ত্বক বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক শারমিন জাহান বলেন, হলুদে থাকা কারকিউমিন ত্বকের ক্ষতিসাধন করা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ত্বকের আর্দ্রতা রক্ষা এবং ক্ষত সারানোর ক্ষমতার কারণেও হলুদ ব্যবহার করেন অনেকে। ত্বকের যত্নে হলুদের সম্ভাব্য উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এখনো চলমান। কারও কারও ত্বকে হলুদ বা মিশ্রণের অন্য উপাদান অ্যালার্জি কিংবা জ্বালাপোড়া তৈরি করতে পারে। এ ক্ষেত্রে ডা. শারমিনের পরামর্শ হলো, ব্রণ, মেলাজমা বা সংবেদনশীল ত্বকের সমস্যা থাকলে হলুদ ব্যবহারের আগে ঘরোয়া উপায়ের পাশাপাশি চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
হলুদবাটার আনুষ্ঠানিকতা
বাঙালি সংস্কৃতিতে বিয়ের আগের দিনের হলুদ অনুষ্ঠান করা হয়। দুটি পরিবারের যোগাযোগেরও একটি উপলক্ষ হয়ে ওঠে এই অনুষ্ঠান। অনেক পরিবারে এক বাড়ির হলুদ অন্য বাড়িতে পাঠানো হয়। সঙ্গে থাকে মিষ্টি, পোশাক কিংবা অন্যান্য উপহার। কোথাও সাজানো থালা, কোথাও হলুদবাটা, কোথাও ফুল আর ঐতিহ্যবাহী উপকরণ। আয়োজনের চেহারা পরিবারভেদে বদলায়। তবে এই অনুষ্ঠানেরও রয়েছে একাল-সেকাল! একসময় বাড়ির উঠোন, ছাদ কিংবা আত্মীয়ের বাড়ির খোলা জায়গাতেই অনুষ্ঠান জমে উঠত। বাড়ির মানুষ একে একে বর-কনের গালে, হাতে কিংবা কপালে হলুদ ছুঁইয়ে দিতেন। কারও হাতের হলুদ বেশি, কারও কম। কেউ হেসে গড়িয়ে নিচ্ছেন, কেউ বন্ধুদের হাতে ধরা পড়ে যাচ্ছেন, এই স্বতঃস্ফূর্ত দৃশ্যই অনুষ্ঠানের আনন্দ তৈরি করত। কোথাও হলুদ মাখানোর পর রং খেলার চলও ছিল, যেখানে আত্মীয়স্বজন একে অপরকে রঙে রাঙিয়ে দিতেন।
এখন অনেক অনুষ্ঠানে হলুদ মাখানোর দৃশ্যটি আরও পরিকল্পিত। বর-কনের পোশাক, মঞ্চের রং, ফুলের সাজ, আলোর অবস্থান; সবকিছুর সঙ্গে মিলিয়ে নির্ধারিত হয় ছবির আবহ। পেশাদার আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদের উপস্থিতিতে কখন কে হলুদ মাখাবেন, কোথায় দাঁড়াবেন, কোন মুহূর্তে ছবি তোলা হবে—এসবও অনেক সময় আগে ঠিক করা থাকে।
হলুদ ছাড়াই হলুদ ছোঁয়াই
বর্তমান সময়ে অনেকে গায়েহলুদে মাখামাখি করতে চান না। কারও ত্বকে অ্যালার্জি থাকে, কেউ ত্বকে রং লেগে থাকার কারণে অস্বস্তি বোধ করেন, আবার কেউ ব্যক্তিগত পছন্দ বা অনুষ্ঠানের থিম অনুযায়ী বিকল্প চান। তাই হলুদ মাখানোর বদলে কেউ বেছে নিচ্ছেন মুলতানি মাটি, কেউ উপটান বা বেসনের মতো উপাদান। প্রাক্বিবাহের প্রসাধনী রীতিতে হলুদের সঙ্গে বেসন, চন্দন, গোলাপজল, দুধ বা দইয়ের মতো উপাদান ব্যবহারের নজির আছে। এখনকার অনুষ্ঠানগুলোতে কেউ কেউ ত্বকে কিছু না মেখে শুধু প্রতীকীভাবে হলুদ ছুঁইয়ে দেন, কেউ ফুলের পাপড়ি দিয়ে আশীর্বাদ জানান, আবার কেউ হলুদ রঙের পোশাক, ফুল কিংবা সাজসজ্জার মাধ্যমে ঐতিহ্যের রং ধরে রাখেন। বদল এসেছে আয়োজনের কাঠামোতেও। আগে অনেক পরিবারে বর ও কনের বাড়িতে আলাদা করে গায়েহলুদের অনুষ্ঠান হতো। এখন কোথাও কোথাও আক্দের পর দুই পরিবারকে একসঙ্গে নিয়ে আয়োজন করা হচ্ছে যৌথ গায়েহলুদ। এতে সময় ও খরচ ভাগাভাগি করা যায়, আবার দুই পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধুদেরও একই অনুষ্ঠানে পাওয়া যায়। শহুরে জীবনের ব্যস্ততা আর আয়োজনের খরচের হিসাবও এই পরিবর্তনে কাজ করছে।
রান্নাবান্না থেকে সাজগোজ, কাজী নজরুলের ‘আজ শেফালীর বিয়ে’ গান থেকে বিয়ের মঞ্চ, উৎসবের আয়োজনে কোনো বিশেষ থিম লাগে না। এক চিমটে হলুদই যথেষ্ট।

মডেল: উর্পিকা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top