ফুটওয়্যার I সিনড্রেলা শু
স্বর্ণের তৈরি ঘোড়ার গাড়ি এসে থেমেছে রাজপ্রাসাদের প্রবেশদ্বারে। নামতে প্রস্তুত সিনড্রেলা। তার বাড়িয়ে দেওয়া পায়ে ঝলমল করছে কাচের জুতা
রূপকথার গল্পের সিনড্রেলাকে প্রথমবার কাচের জুতা পরিয়েছিলেন ফরাসি লেখক চার্লস পেরো। আজ থেকে ৩২৯ বছর আগে; ১৬৯৭ সালে। তখন থেকে সিনড্রেলার সাজপোশাকের স্টেটমেন্ট হয়ে ওঠে তার গ্লাস স্লিপারস। তারপর শৈশবে আমাদের কাচের জুতা পরার স্বপ্ন দেখিয়েছে ওয়াল্ট ডিজনির সিনড্রেলা সিনেমা। শিশুমনের সেই বাসনাই যুগের পর যুগ ধরে ধরা দিয়েছে ফুটওয়্যার ফ্যাশনে। হয়ে উঠেছে ফ্যান্টাসি ফ্যাশনের অংশ। সেই সূত্রে সিনড্রেলার মতো হুবহু কাচের জুতা তৈরির চেষ্টাও করেছেন অনেকে। তবে এমন জুতার ব্যবহার বাস্তবিক নয় বলেই হয়তো সফলতা মেলেনি। সাজানো গেছে শুধু শোপিস হিসেবে। তবে হাল ছাড়েননি ফ্যাশন ও ফুটওয়্যার ব্র্যান্ডগুলো। কাচের জুতা না হলেও কাচের জুতাপ্রাণিত ব্যবহারযোগ্য জুতা দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ডের সংগ্রহে। উদাহরণস্বরূপ বলা যায়, লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর কথা। ২০১২ সালে ডিজনির সঙ্গে মিলে করা তাদের সিনড্রেলা-প্রাণিত ঝকঝকে সাদা ক্রিস্টালের জুতা জোড়ায় নজর কেড়েছিল লাল রঙের সোল। জুয়েলারি ব্র্যান্ড সোয়ারোভস্কি, জিমি চু, সালভাদর ফেরাগামো, নিকোলাস ক্রিকউডের মতো হাই লাক্সারি ব্র্যান্ডগুলোর সংগ্রহেও দেখা যায় সিনড্রেলা-প্রাণিত জুতা। সেগুলোর বেশির ভাগের নকশাই আড়ম্বরপূর্ণ। ভীষণ জাঁকালো। তবে সিনড্রেলা শুর আবহে বদল দেখা গেছে এ বছর।
সেপ্টেম্বর মাসজুড়ে আয়োজিত নিউইয়র্ক, লন্ডন, মিলান আর প্যারিস ফ্যাশন উইকের স্প্রিং/সামার সিজনের রানওয়েগুলোতে নজর কেড়েছে কাচের আদলে তৈরি স্বচ্ছ হিল জুতা। ঝলমলে পাথর বসানো ক্রিস্টাল শু ছাড়াও দেখা গেছে জালের মতো ফ্যাব্রিক দিয়ে তৈরি মেশ ব্যালে ফ্ল্যাটস ও হিলস। আরেকটি সিনড্রেলা-প্রাণিত নকশা হচ্ছে জেলি শু। স্বচ্ছ বা রঙিন রাবারের মতো উপাদানে তৈরি হচ্ছে এ ধরনের জুতা। আলো পড়লে রং বদলে যায় এমন জুতাও দেখা যাচ্ছে ফুটওয়্যার ফ্যাশনে। সিল্ক ও স্যাটিনের রোমান্টিক প্রিন্সেস স্টাইল জুতাও তৈরি করেছে ব্র্যান্ডগুলো। প্রতিটি নকশা যেমন ফ্যাশনেবল, তেমনি ব্যবহারযোগ্য। সত্যিকার কাচের জুতার চেয়ে স্টাইলিশ। ভীষণ জমকালো।
চলমান এই ফুটওয়্যার ট্রেন্ডের সূত্র ধরে চলতি বছরের ব্রাইডাল ফুটওয়্যারে চলতে পারে সিনড্রেলা শু। কনের যেমন পছন্দ ও স্বাচ্ছন্দ্য, তেমনভাবে। গল্পের সেই সিনড্রেলার মতো, কিন্তু একদম বাস্তবে।
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট
