বিশেষ ফিচার I ব্রাইডাল ট্রেন্ড ২০২৬-২৭
ডিজাইনার পোশাক বিয়ের বর-কনেদের স্বপ্ন; আর তা বাস্তবে নিয়ে আসেন তারা। চাহিদা জেনে নিজেদের সৃজনীর সম্মিলনে তৈরি করেন নকশা। তাই বিয়ের মৌসুমে যোগ হয় বাড়তি ব্যস্ততা। ফুয়াদ রুহানী খানের সঙ্গে আলাপে জানালেন এ বছরের বিয়ের পোশাকের হালচাল
‘ম্যাক্সিমালিজম চলবে বরদের পোশাকে’
সাফিয়া সাথি, স্বত্বাধিকারী, সাফিয়া সাথি

বিয়ের পোশাকে চিরন্তন নকশা বেশি প্রাধান্য পায়। তবে এ বছর বৈচিত্র্যের দেখা মিলবে মোটিফে। কনের পাশাপাশি বরদের পোশাকেও। অনেক দিনের অভ্যস্ত মিনিমালিজম থেকে বেরিয়ে আসছেন হবু বরেরা। পোশাকের ক্ষেত্রে কনের চেয়ে কোনো অংশেই কম পরতে নারাজ অনেকেই। তাই বলা যায়, এবার ম্যাক্সিমালিজম চলবে বরদের পোশাকে।
কদর বেড়েছে প্যাটার্নভিত্তিক নকশার। অলংকরণের পাশাপাশি করা হচ্ছে গঠনগত নকশাও। বিয়ের পোশাকের চিরাচরিত অংশ আভিজাত্য। এটি মাথায় রেখে পোশাকের ফ্যাব্রিক বেছে নিতে হয়। সহজ, সাবলীল, আরামদায়ক, একই সঙ্গে জমকালো হওয়া চাই। কনের পোশাকের জন্য এ বছর সবচেয়ে বেশি ব্যবহার করেছি ডুয়েল-টোনের সিল্ক ও মসলিন।
হাজার রঙ প্যালেটে থাকলেও বিয়ের পোশাকের রং মানেই লাল। চোখ বন্ধ করে বেছে নেওয়া যায় খয়েরি লাল বা লালের অন্য শেড। তবে এর মানে এই নয় যে অন্য রং পরা যাবে না। এ বছর হালকা নীল, পিচি পিংক ছাড়াও অনেক নতুন রং নিয়ে কাজ করেছি।
‘উৎসবকেন্দ্রিক রং মাতিয়ে রাখবে’
মৌরিন জহির, স্বত্বাধিকারী, মাইয়া ঢাকা

বিয়ের মৌসুমে অনেক কনে একেবারেই অন্য রকম এবং অর্থবহ পোশাক পরতে চান। আমার ফ্যাশন ব্র্যান্ড মাইয়ার কাজটি সেখানেই। এটি মূলত বেসপোক ব্র্যান্ড। অর্থাৎ, ক্রেতার ব্যক্তিগত চাহিদা ও প্রয়োজনমাফিক পোশাক ডিজাইন ও কাস্টমাইজ করে। এখন পর্যন্ত নারীদের জন্যই বেশি ডিজাইন করা হয়েছে, যার প্রায় সবই উৎসবকেন্দ্রিক।
বিয়ের পোশাক কেমন হবে, তার প্রায় পুরোটাই নির্ভর করে যিনি পোশাকটি পরবেন, তার পছন্দ ও স্বচ্ছন্দের ওপর। ক্রেতারা আসেন, আমরা তাদের সঙ্গে বসি এবং কথা বলি। তাদের ব্যক্তিত্ব, পছন্দের রং, ফ্যাব্রিক এবং স্টাইল বুঝতে চেষ্টা করি। তাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি এবং অর্থবহ ঘটনাগুলো জানার উদ্যোগ নেওয়া হয়। যেমন একজন হবু কনের তার বাগদত্তার কাছ থেকে পাওয়া প্রথম ফুল অথবা যেখানে তাদের প্রথম দেখা। এই গল্পগুলো হয়ে ওঠে পোশাকের মোটিফ। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, শৈলী, চিত্রশিল্প থেকেও মোটিফ নেওয়া হয়। মূলত, আমাদের আশপাশে ছড়িয়ে থাকা পরিচিত মোটিফগুলো নিয়েই বেশি কাজ করা হয়। তাই প্রতিটি নকশা ভিন্ন ভিন্ন গল্প বলে।
ফ্যাব্রিক কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে যিনি পোশাকটি পরবেন, তার ওপর। অনেক কনে সিনথেটিকের পরিবর্তে প্রাকৃতিক ও টেকসই কাপড় পরতে চান। আবার অনেকের পছন্দ সিল্ক, স্যাটিনের মতো জমকালো কাপড়।
বিয়েতে লাল রং চাইলেও এড়ানোর উপায় নেই। তাই চলতে পারে লালের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে অফ হোয়াইটের ওপর মাস্টার্ড এবং ওমব্রের কিছু শেড নিয়ে কাজ করেছি। চলবে সবুজও। সব কটি রং ভীষণ উৎসবকেন্দ্রিক।
সোনিয়া মুসা
সোনিয়া মুসা, ঢাকা

বিয়ের পোশাকে ঐতিহ্য ও সমসাময়িক নকশার ঐকতান থাকে স্পষ্ট। এবারের ব্রাইডাল কালেকশনের মূল ভাবনায় রয়েছে ব্যক্তিগত পছন্দ, সূক্ষ্ম কারুকাজ ও দীর্ঘস্থায়িত্ব। পোশাক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাবে কাপড়ের বুনন, পতন, এমব্রয়ডারির ধরন এবং পরিধানের স্বাচ্ছন্দ্য। লাল, সোনালি ও সাদার মতো চিরায়ত রঙের পাশাপাশি কনের ব্যক্তিত্ব, গায়ের রং এবং পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে ভিন্নধর্মী রংও। নকশায় ডাপকা, আরি ও বাদলার মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের ব্যবহার পোশাকে যোগ করবে স্বতন্ত্র মাত্রা। এসব সূচিকর্মের সঙ্গে আধুনিক সিলুয়েটের সমন্বয়ে তৈরি হতে পারে ভারসাম্যপূর্ণ লুক। নারীদের পোশাকে বিশেষায়িত হলেও বেসপোক অর্ডারে তৈরি করা হবে পুরুষদের পাঞ্জাবি ও কুর্তা। ব্যক্তির মাপ ও পছন্দ অনুযায়ী তৈরি এসব পোশাক ব্রাইডাল কালেকশনের সঙ্গে সমন্বিত লুক গড়ে তুলতে সাহায্য করে। সব মিলিয়ে মনে করি, ব্রাইডাল পোশাক শুধু বিয়ের দিনের সাজ নয়; বরং বিশেষ মুহূর্তের স্মৃতি ধরে রাখার মতো এক মূল্যবান সৃষ্টিও।
‘কনের পোশাকে সিল্ক পাবে প্রাধান্য’
ফারিন আহম্মেদ, স্বত্বাধিকারী, জুহাঈরা এলনাজ কুটিওর

বিয়ের মৌসুমে সবচেয়ে বেশি কাজ হয় ঐতিহ্যবাহী ও জাতিগত ধাঁচের পোশাক নিয়ে। শাড়ি, লেহেঙ্গা, কামিজ, সারারা, ঘারারা ইত্যাদি। আধুনিক ফিউশন কমই করা হয়। ডিজাইনের ক্ষেত্রে আড়ম্বরের বিষয়টি ধরে রাখার চেষ্টা করি। কনের পোশাকে সিল্ক বেশ রাজকীয় অনুভূতি দেয়। আমার বেশির ভাগ ডিজাইন তাই সিল্ক কাপড়ে করা। বেছে নিয়েছি ৮০ গ্রাম র সিল্ক এবং মিসরীয় শিশা সিল্ক। এ কাপড়গুলো ভীষণ আরামদায়ক হওয়ার পাশাপাশি বেশ জমকালো দেখায়। ভারিক্কি নেই একদম।
বেশির ভাগ পোশাকের নকশায় মুহাইশ ধাঁচের এমব্রয়ডারি করেছি। এটি ভারতের লক্ষেèৗ শহরের একটি ঐতিহ্যবাহী সূক্ষ্ম এমব্রয়ডারি শিল্প। পাশাপাশি জারদৌসির নকশাও রেখেছি। যথাসম্ভব রাজসিক ও আভিজাত্য রাখার চেষ্টা করেছি নকশাগুলোতে। অন্যান্য ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় মোটিফও রেখেছি।
বেশ কয়েক বছর ধরে বিয়ের জন্য হালকা প্যাস্টেল রংগুলো পছন্দ করছেন অনেকে। এগুলোর মধ্যে রঙিন রংগুলো হারিয়ে ফেলছি আমরা। তাই বিয়ের জন্য লালকেই প্রাধান্য দিতে চাই। বিভিন্ন অনুষ্ঠানের কথা ভেবে সবুজের নানা আমুদে শেড, ম্যাজেন্টা, গোলাপি, কমলা, ধূসর, কালো, সাদা নিয়েও কাজ হচ্ছে।
‘ব্যক্তিগত গল্পপ্রাণিত মোটিফ গুরুত্ব পাবে’
নূর-এ-জান্নাত, স্বত্বাধিকারী, নিডলওয়ার্ক

প্রায় এক যুগ হলো বিয়ের পোশাক নিয়ে কাজ করছি। রেডি-টু-ওয়্যারের পাশাপাশি কাস্টম ডিজাইনও করা হয়। এথনিকের পাশাপাশি ফিউশন নকশাগুলো আজকাল বেশ পছন্দ করছেন কনেরা। কাস্টম মেইডের ক্ষেত্রে কনের পছন্দগুলোকে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিগত গল্পগুলোকে রূপান্তর করা হয় মোটিফে।
ফ্যাব্রিক এমন হাওয়া চাই, যা আরামদায়ক এবং একই সঙ্গে কনেকে আত্মবিশ্বাসী করে তোলে। এ ক্ষেত্রে আবহাওয়াও বেশ গুরুত্বপূর্ণ। শীতকালীন বিয়ের পোশাকে কাতান, জামদানি, মসলিন ব্যবহার করা হয়। একই সঙ্গে কনেদের পছন্দ অনুযায়ী অন্যান্য সিল্ক, শিফন, জর্জেট, ভেলভেট কাপড় নিয়েও কাজ করা হয়।
বিয়েতে ঐতিহ্যবাহী সাজ চাইলে সাধারণত লাল রংই বেছে নেন কনেরা। আধুনিকের মধ্যে হালকা রংগুলো রয়েছে এখনকার ব্রাইডাল ফ্যাশনে। রোজ গোল্ড, আইভরি ছাড়াও মেটাল টোনগুলো বেশ চলছে এবার।
ফ্যাশন ডেস্ক
ছবি: অগ্নিলা আহমেদ অরণী
