মোটিফ I পত্রপল্লব
কনের শাড়িতে নজর কাড়ে প্রকৃতিপ্রাণিত নকশা। লতা-পাতা আর ফুল। চোখের সঙ্গে জুড়ায় মন। মোটিফের নাম বোটানিক্যাল
মানুষের যেকোনো সৃষ্টির প্রথম অনুপ্রেরণা খুঁজলে পাওয়া যায় প্রকৃতিকে। যা কিছু নিয়ন্ত্রণের বাইরে, তা-ই হাতের মুঠোয় আনতে চাওয়ার বাসনা। অথচ এতেই ভীষণ অভ্যস্ত বাংলাদেশের ফ্যাশন ঐতিহ্য। বাংলাদেশে বিয়ের কনের বেনারসি কাতান শাড়িতে দেখা মেলে জঙ্গলপ্রাণিত নকশা। পেঁচানো ফুল আর ডাল-পাতা, কখনোবা লতাগুল্ম। বিশেষ ফুল, গাছ ও পাতাপ্রাণিত নকশা ছাড়াও এ দেশের বোটানিক্যাল মোটিফে দেখা মেলে ফল, কুঁড়ি আর শস্য। শুধু বেনাসরি কাতানই নয়; সিল্ক, জর্জেট, শিফন, এমনকি নেট, অরগ্যাঞ্জা শাড়িতেও বিভিন্ন এমব্রয়ডারির সাহায্যে ফুটিয়ে তোলা হয় বোটানিক্যাল মোটিফের নকশা। কখনো শাড়ির দুদিকের পাড়ে দেখা মেলে একই নকশার পুনরাবৃত্তি। শাড়িগুলোর নামকরণও হয় এই মোটিফের নামে। যেমন কোনো বেনারসি কাতান শাড়ির পাড়ে পানপাতার নকশা থাকলে শাড়িটির নামই হয়ে যায় পানপাতার শাড়ি। নকশাগুলো নজর কাড়লেও তেমন একটা ভাবায় না। এ যেন শুধুই নিয়মমাফিক নকশা। অথচ খানিক খুঁজলেই মেলে এই বোটানিক্যাল মোটিফগুলোর নানা নান্দনিক ও আধ্যাত্মিক অর্থ; যা বার্তাবহ হয়ে উঠতে পারে যেকোনো শুভ সূচনায়।
বিয়ের শাড়ির জমিনে ভরাট শাপলা ও পদ্মফুলের নকশা প্রতিকূল পরিবেশেও নির্মল সৌন্দর্যের বার্তা। গোলাপের নকশা কোমলতা ও প্রেমের প্রকাশক। ভীষণ রোম্যান্টিক। আমের মতো দেখতে কলকা বা পেইসলি মোটিফ দেখা যায় বেনারসি ও কাতান শাড়িতে। পাড় ও আঁচলে। দেখা হয় উর্বরতা, প্রাচুর্য ও জীবনপ্রবাহের স্বরূপ হিসেবে। শাড়িতে এই মোটিফের সঙ্গে অহরহ সমন্বয় ঘটে ফুল-পাতার নকশার। লতাপাতার নকশা বৃদ্ধি, ধারাবাহিকতা ও পারস্পরিক বন্ধনের প্রতীক। এ দেশের কনের শাড়িতে দেখা যায় ছোট ছোট জুঁই ও চামেলি ফুলের নকশা। জমিনে ভরাট এই মোটিফ যতটা জমকালো, ততটাই স্নিগ্ধ। প্রকাশিত হয় কোমলতা আর মাধুর্য। শাড়ির জমিনে ছিটা ছিটা কচি পাতার নকশা নতুন সূচনা, সতেজতা ও প্রাণশক্তির বার্তা দেয়। মঙ্গল সূচনার প্রকাশ করে পানপাতা। ফুলেল জাল বা পুষ্পজালের মোটিফ একাত্মতার নান্দনিক প্রকাশ ঘটায়। এগুলো কোনো লিখিত দলিল নয়। সংস্কৃতি আর অঞ্চলভেদে মোটিফের বার্তাপ্রবাহ ভিন্ন হতে পারে। তবে বোটানিক্যাল মোটিফকে দেখা হয় প্রকৃতির আশীর্বাদ রূপে।
আবৃতি আহমেদ
মডেল: আশা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: তরুজ
ছবি: কৌশিক ইকবাল
