ফিচার I ওজেম্পিক ইফেক্ট
বডি পজিটিভিটি যখন ভীষণভাবে সমর্থিত, তখনই এসেছে ওজন কমানোর জোয়ার। বিয়ের কনেরাও ভাসছেন সেই স্রোতে। প্রভাব পড়ছে ব্রাইডাল ডিজাইনারদের কাজে
বিয়ে উপলক্ষে খাওয়া কমিয়ে কিছুটা ওজন নিয়ন্ত্রণে নেওয়ার সঙ্গে পরিচয় আছে দক্ষিণ এশিয়ার মানুষের। বাংলাদেশ তো অবশ্যই আছে সেই তালিকায়। পাকা কথার পরে পুষ্টিবিদের পরামর্শ নেওয়ায় অভ্যস্ত হয়ে উঠেছিল এই দেশ। ক্রাশ ডায়েটের কারণে বিয়ের শপিংয়ের সময় মাথা ঘুরে কনের পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তারই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে রাজত্ব ছিনিয়ে নিয়েছে ওয়েট লস ইনজেকশন। শরীরের জন্য তা ভালো নাকি খারাপ, সেই হিসাবে এবার যাওয়া হবে না। আলাপ অন্য বিষয়ে। কী সেটা? ওজন কমানোর ইনজেকশনের প্রভাব বিয়ের বাজারে কতটা পড়েছে, সেটাই আলোচ্য।
বিশ্বজুড়ে ওজন কমানোর ওষুধের ক্রমবর্ধমান ব্যবহার বিয়ের পোশাকের ডিজাইনারদের জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। দ্রুত ওজন কমে যাওয়ায় শেষ মুহূর্তে বিয়ের পোশাকের মাপ বদলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশ্বের বিভিন্ন দেশের ব্রাইডাল স্টোরগুলোতে বিক্রয়কর্মীদের তাই এখন প্রশিক্ষিত করা হচ্ছে ক্রেতাকে সরাসরি একটি প্রশ্ন করার বিষয়ে। কী সেটা? ‘আপনি কি বেশ খানিকটা ওজন কমানোর পরিকল্পনা করছেন?’ শুনতে আপাতদৃষ্টে অসামাজিক প্রশ্ন মনে হলেও এর বাইরে সমাধান পাচ্ছে না ব্র্যান্ডগুলো। কারণ, ঐতিহ্যবাহী বিয়ের গাউন তৈরি করা বেশ জটিল ও ব্যয়বহুল। যেহেতু আন্তর্জাতিক বিয়ের বাজারে শাড়ি নয়, সেলাই করা পোশাকই ব্যবহৃত হয় বেশি, তাই তৈরি হওয়ার পরে মাপ পরিবর্তন করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
১৬ বছর ধরে বিয়ের পোশাক ডিজাইন করছেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার রেবেকা শোনেভেল্ড। তার প্রতিষ্ঠান সব ধরনের শারীরিক গড়নের ক্রেতাদের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে। তার অভিজ্ঞতা জানা যায় ইন্টারনেটের কল্যাণে। আগের কনেদের সঙ্গে বর্তমান কনেদের চাহিদার মধ্যে তিনি পেয়েছেন বিশাল ফারাক। পোশাক ফরমায়েশ করার পরে বেশ কয়েক পাউন্ড ওজন কমিয়ে নিচ্ছেন অনেকে। অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে অনেকে যোগাযোগ করছেন ড্রেস অল্টার করিয়ে নেওয়ার জন্য।
ঐতিহ্যবাহী বিয়ের গাউন তৈরি করা বেশ জটিল ও ব্যয়বহুল। ১৬ বছর ধরে সে কাজই করছেন রেবেকা। তার প্রতিষ্ঠান সব ধরনের শারীরিক গড়নের ক্রেতাদের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে। তার অভিজ্ঞতায়, আগে অনেক কনে পোশাক পরখ করতে এসে বলতেন, এখন পোশাকটি মেপে দেখছি; তবে আশা করছি, বিয়ের আগে ওজন কমাতে পারব। কিন্তু অতীতে অধিকাংশ ক্ষেত্রে তাদের ওজন তেমন কমত না, কিংবা কমলেও এক থেকে তিন ইঞ্চি। এক-দুই বছরে পরিস্থিতি বদলেছে। এখন অনেক কনের ওজন কমার পরিমাণ বেশি।
যুক্তরাষ্ট্রে প্রায় ২০০টি স্টোর পরিচালনাকারী ডেভিডস ব্রাইডালের প্রধান নির্বাহী কেলি কুকের মতে, তাদের দেশে বিয়ের প্রস্তুতির সময়সীমা ছিল প্রায় ১৮ মাস। এই সময়ের মধ্যে চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ মাসে কনেরা সাধারণত বিয়ের পোশাক বেছে নিতেন। তবে গত বছরের শেষ দিকে তিনি বড় ধরনের পরিবর্তন দেখেন। অনেক কনে আগেভাগেই পোশাক পরখ করতে আসছিলেন। ওজন কমে যাওয়া এবং পোশাকের মাপ পরিবর্তন নিয়ে তাদের ছিল উদ্বেগ। ফলে পোশাক পছন্দ করেও কিনতে দ্বিধা করছিলেন। এই পরিস্থিতি সামাল দিতে ডেভিডস ব্রাইডাল চালু করেছে একটি বিশেষ ফিট গ্যারান্টি। এর আওতায় বিয়ের দিন পর্যন্ত পোশাকের যথাযথ মাপ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রয়োজনে একটি পোশাকের পরিবর্তে অন্য পোশাকও দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এই ডিজাইনার। প্রতিষ্ঠানটি বছরে তাদের সব ধরনের পণ্য মিলিয়ে প্রায় ২০ লাখ পোশাক বিক্রি করে। এসবের অনেক পোশাকের দাম ৫০০ থেকে ২ হাজার মার্কিন ডলারের মধ্যে। এত বড় পরিসরে ব্যবসা পরিচালনা করায় তাদের পক্ষে এমন সুবিধা দেওয়া সম্ভব। কিন্তু যেসব ছোট প্রতিষ্ঠান সীমিতসংখ্যক, জটিল নকশার এবং ক্রেতার মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি বিয়ের গাউন নিয়ে কাজ করে, তাদের জন্য এমন নিশ্চয়তা দেওয়া আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে।
এর পরিবর্তে অনেক ব্রাইডাল স্টোর এখন কনেদের কাছ থেকে এমন নিশ্চয়তা চাইছে, বিয়ের দিন পোশাকের মাপ ঠিক হোক বা না হোক, তারা সেটির মূল্য পরিশোধ করবেন। ওষুধের মাধ্যমে দ্রুত ওজন কমানোর বর্তমান প্রবণতার কথা মাথায় রেখে চুক্তির শর্ত হালনাগাদ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বিয়ের পোশাকের ব্র্যান্ড অ্যান বার্জের আটলান্টাভিত্তিক দেশীয় উৎপাদন বিভাগের পরিচালক জারিতজা কার্লসন জানান, তারা চুক্তির শর্তে নতুন নির্দেশনা যুক্ত করেছেন। সেখানে বলা হয়েছে, আপনি যদি উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমানোর পরিকল্পনা করেন, তাহলে অনুগ্রহ করে আমাদের বিক্রয়কর্মীদের আগেই জানান। পাশাপাশি, কনের শরীরের মাপের তুলনায় পোশাকটি তিন সাইজের বেশি বড় হয়ে গেলে তাঁকে প্রয়োজনে আরেকটি গাউন কিনতে হতে পারে।
সম্ভাব্য জটিলতা এড়াতে বিক্রয়কর্মীদেরও বিষয়টি আগেভাগে কনেদের সঙ্গে আলোচনা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য হলো, গাউন তৈরির কাজ শুরুর আগেই ওজন পরিবর্তন এবং পোশাকের মাপ নিয়ে সম্ভাব্য সমস্যাগুলো শনাক্ত করা।
বিয়ের দিন নিজের শরীর এবং ওজন নিয়ে ইতিবাচক মনোভাব ধরে রাখার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। যেমন ইনফ্লুয়েন্সার মলি স্কালিয়ন সম্প্রতি নিজের বিয়ের প্রস্তুতির সময় ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা করতে অস্বীকৃতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তবে এর বিপরীতে, সব গড়নের কনেদের কাছে ওজন কমানোর ওষুধের বিপণন চলছে জোরেশোরে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের পরিকল্পনায় ব্যস্ত নারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্রের শিকাগোর পিওর মেড স্পা ‘সেমাগ্লুটাইড ফর ব্রাইডস’ নামের একটি প্যাকেজ দিচ্ছে, যাতে রয়েছে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী ওজন কমানো এবং সৌন্দর্যবর্ধক চিকিৎসার সমন্বয়। অন্যদিকে, ভারতের সবচেয়ে বেশি বিক্রীত ওষুধ হিসেবে পরিচিত মাউঞ্জারো ঘিরেও তৈরি হয়েছে বিয়েকেন্দ্রিক বিপণন। নয়াদিল্লির ওয়েলনেস ক্লিনিক ক্ল্যারিটি স্কিন ক্লিনিক ‘মাউঞ্জারো ব্রাইড’দের জন্য বিশেষ প্যাকেজ দিচ্ছে।
বাংলাদেশও এই দৌড়ে শামিল হয়েছে। দিন দিন বাড়ছে ব্যবহারকারী। পরিবর্তন তাই সেখানেও আসবে বলে ধারণা করা যায়।
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট
