skip to Main Content

জেন্টলম্যান’স I শুভ দৃষ্টি

আগে দর্শনদারি, পরে গুণবিচারী! প্রবাদটির যথার্থতা সবচেয়ে ভালো বোঝা যায় পাত্রী দেখতে যাওয়ার দিনে। পাত্রের পোশাক, চুলের ছাঁট থেকে শুরু করে জুতার স্টাইল—সবকিছুতেই থাকে পাত্রীপক্ষের তীক্ষ্ণ নজর

সামনে বিয়ে, কথাটা মাথায় আসার পর থেকে মনের ভেতর একধরনের রোমান্টিক সিনেমা চলতে শুরু করে। তবে সিনেমার আসল ট্রেলার মুক্তি পায়, যেদিন সপরিবারে পাত্রী দেখতে যাওয়ার পালা আসে। সেদিন পাত্রের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায়, তা ভুক্তভোগীদেরই জানা। পাত্রীপক্ষের সবার নজর যখন পাত্রের ওপর, তখন প্রথম দেখাতেই বাজিমাত করতে চাইবে নিশ্চয়। আর সেই বাজিমাতের বড় একটা অংশ জুড়ে আছে পাত্রের লুক। তাই পাত্রী দেখতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখলেই সাজপোশাকে হয়ে উঠতে পারেন আরও স্মার্ট ও আকর্ষণীয়।
সাজগোজ
পাত্রী দেখতে যাচ্ছেন মানেই রাজকীয় শেরওয়ানি বা ঝকমকে থ্রি-পিস স্যুট পরে হাজির হতে হবে, এমনটা ভাবার কারণ নেই। বরং অতিরিক্ত সাজগোজ করতে গিয়ে অবস্থা এমন যেন না হয়, পাত্রীপক্ষ আপনাকে জামাইয়ের বদলে জাদুকর ভেবে বসে।
এ ক্ষেত্রে স্মার্ট ক্যাজুয়াল বা সেমি-ফরমাল লুকই হতে পারে আপনার সেরা পছন্দ। বেছে নিতে পারেন স্কাই ব্লু, অফ হোয়াইট, বেবি পিঙ্ক কিংবা হালকা অলিভের মতো রঙের ফুলস্লিভ শার্ট। শার্টটি যেন হয় পরিষ্কার ও পরিপাটি। শার্টের সঙ্গে জুড়ে নিন ফিটেড চিনোস বা ডার্ক ওয়াশের ডেনিম। শার্টের হাতা একটু গুটিয়ে নিলে কিংবা সামনের অংশ সামান্য ইন করে নিলেই পাবেন স্মার্টনেস লুক। মনে রাখবেন, নজর কাড়তে পোশাকের চাকচিক্য নয়, বরং রুচিশীলভাবে নিজেকে উপস্থাপন করাই গুরুত্বপূর্ণ।
পাঞ্জাবি
যদি প্যান্ট-শার্টের চেয়ে পাঞ্জাবিতে স্বচ্ছন্দবোধ করেন, তাহলে এটাও হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ। তবে ঈদের দিনের মতো অতিরিক্ত জড়ি বা চুমকি বসানো ভারী পাঞ্জাবি পরবেন না। সিম্পল এক রঙা কটন বা কটন-সিল্কের পাঞ্জাবি পরুন। সঙ্গে হোয়াইট বা অফ হোয়াইট পায়জামা। চাইলে ওপরে জড়িয়ে নিতে পারেন কন্ট্রাস্ট রঙের কটি।
জুতা
কথিত আছে, কারও ব্যক্তিত্ব বুঝতে জুতার দিকে নজর দেন অনেকে। তাই দরকার বাড়তি নজর। যেমন স্পোর্টস শু পরে পাত্রী দেখতে যাবেন না। তাতে পাত্রকে পাত্র কম ম্যারাথনে অংশ নিতে আসা প্রতিযোগী মনে হবে বেশি। তাই শার্ট-প্যান্টের সঙ্গে বেছে নিতে পারেন লেদার লোফার কিংবা অক্সফোর্ড শু। আর পাঞ্জাবি পরলে ক্যাজুয়াল নাগরা বা ট্র্যাডিশনাল লেদার স্যান্ডেল হবে বেশ মানানসই। তবে জুতা যে স্টাইলেরই হোক, সেটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।
গ্রুমিং ও চুল-দাড়ি
পোশাক যত মানানসই হোক, চুল-দাড়ি অগোছালো থাকলে পুরো লুকটাই মাটি হতে পারে। তাই পাত্রী দেখতে যাওয়ার দু-এক দিন আগে চুল ও দাড়ির যত্ন নিন। খুব বেশি পরিবর্তনের ঝুঁকি নেবেন না। নিজের পছন্দের স্টাইলকে করে তুলুন পরিপাটি।
এর জন্য মুখের গড়নের সঙ্গে মানানসই হেয়ারকাট বেছে নিন। চুল সুন্দর করে আঁচড়ে গুছিয়ে রাখুন। অতিরিক্ত জেল বা ওয়াক্স ব্যবহার না করাই ভালো। দাড়ি রাখলে সুন্দরভাবে ট্রিম করে রাখুন। ক্লিন শেভ পছন্দ হলে মুখ পরিষ্কার করে নিন এবং প্রয়োজনে আফটারশেভ ব্যবহার করুন। পারফিউমের ক্ষেত্রে পরিমিতিবোধই আসল। খুব কড়া ঘ্রাণের বদলে বেছে নিন হালকা, সতেজ ও মৃদু সুগন্ধি।
ঘড়ি
ঘড়ি যোগ করে বাড়তি আভিজাত্য। পাত্রী দেখতে যাওয়ার দিন পরতে পারেন চামড়ার বেল্ট বা স্টিলের চেইনযুক্ত ঘড়ি। সাজে আসবে পরিপাট্য।
সবশেষে, দামি পোশাক বা ব্র্যান্ডের জুতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থিতি। পাত্রী দেখতে যাওয়ার সময় অস্বস্তি ঝেড়ে ফেলে স্বাভাবিক থাকুন, হাসিমুখে কথা বলুন। মনে রাখবেন, এটি কোনো চাকরির ইন্টারভিউ নয়, বরং দুজন মানুষের নতুন একটি সম্পর্কের সূচনাপর্ব মাত্র।

 আনাস আব্দুল্লাহ
মডেল: আরউইন ও অদিত
মেকওভার: পারসোনা মেনজ
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top