skip to Main Content

ফিচার I রূপকথার পাতা থেকে

ফ্রম ফেইরিটেইল টু ফ্যাশনের অধ্যায় অনেক বড়। কারণ, সেই ছোটবেলার মুগ্ধতা ফিকে হয় না জীবনের মধ্যিখানেও। প্রমাণ মেলে লং ভেইল, ক্রাউন আর সিনড্রেলা শুজে। ইচ্ছা বরদেরও হয়। তাই তো এ যুগেও ঘোড়ায় চড়ে, তরবারি হাতে বরের দেখা মেলে

অক্ষরজ্ঞানের আগেই পরিচয় হয় রূপকথার গল্পের সঙ্গে।
মা-বাবার মুখে শুনে শুনে। এক দেশে ছিল এক রাজা, তার ছিল রাজকন্যা আর অন্য দেশে ছিল সাহসী রাজপুত্র। ডাইনির হাত থেকে রাজকন্যাকে বাঁচিয়ে তাকে বিয়ে করতেন রাজপুত্র। সেই বিয়েতে রাজকন্যার গায়ে থাকত পরীর মতো পোশাক। কাচের জুতা আর হীরার গয়না। বরও আসতেন তৈরি হয়ে। জমকালো জামা তার, মাথায় পাগড়ি। এমনটা শুনে শুনে বড় হয়েছেন যারা, নিজের বিয়ে নিয়েও তাদের একই রকম স্বপ্ন থাকা অস্বাভাবিক নয়। ইচ্ছার বাস্তব প্রতিফলনের প্রমাণ মিলছে বেশ কয়েক বছর ধরে। লাল-মেরুনের বাইরে প্যাস্টেল প্রেমে মাতোয়ারা হতে দেখা গেছে মিলেনিয়াল ব্রাইডদের। একই পথে হাঁটছে জেনারেশন জেডও। চিরকালীনের সঙ্গে সমকালীনের ঐকতানকে গুরুত্ব দিয়ে কাজ করতে দেখা গেছে আমাদের দেশের ফ্যাশন ডিজাইনারদের। গাউনের সঙ্গে ভেইল তো জানা কথা। শাড়ির সংগতেও দেখা গেছে কয়েক বছর ধরে। আবার অলংকরণেও দেখা মিলেছে রাজ-রাজড়াদের মোটিফের।
রং বাহার
লাল বাঙালির চিরদিনের রং। যখন রং বলে কিছু ছিল না, তখন লাক্ষা থেকে তৈরি করা হতো এটি। তাই পরিচয় শত বছরের বেশি সময়ের। সেই চিরচেনার পাশে আসন পেতে বসেছিল সোনালি। সেখানে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে আরও অনেকে। ফ্যাশন দুনিয়ার খটমট নামে যাদেরকে ডিজনি ইন্সপায়ার্ড বলা হয়। আকাশির মতো দেখতে আইসি ব্লু, জলে গুলে নেওয়া বেগুনির মতো লাইলাক, গোলাপির মায়া মেশানো পাউডার পিঙ্ক কিংবা ময়ূরকণ্ঠী হতে হতে না হওয়া মিন্ট। সবই নাকি এসেছে সেই রাজকন্যার হাত ধরে। এ বছরে রাজত্ব করবে আরও একটি রং। কোনটি? বাটার ইয়েলো। মাখনের মতো আহ্লাদি হলদে। পেস্তাবাদামের সবুজও নাকি দেখা যাবে। পিস্তাচিও নামে। আর থাকবে ব্লাশ। সে আবার কী? মেকআপের ব্লাশের মতো দেখতে। গোলাপির বংশধর। এসবের মাঝে নকশায় দখলদারি এবার মূলত দুই রঙের। রোজ গোল্ড আর শ্যাম্পেইন। ম্যাক্সিমালিজমের ম্যাজিক জারি থাকলেও খানিকটা পিছু হটতে হচ্ছে ঝকমকে সোনালিকে। গদি চিরদিন তারই থাকবে। তবু এবার জোর প্রতিদ্বন্দ্বী জুটেছে কপালে।
প্যাটার্ন পুরাণ
শাড়ি আর লেহেঙ্গা দারুণ জমিয়ে রেখেছিল দরবার। বহুদিন কাছে ঘেঁষতে পারেনি অন্য কিছু। গাউনের অল্পস্বল্প উঁকিঝুঁকির দেখা মিলেছে। তাই বলে প্রবল প্রতাপ দেখাতে পেরেছে এমনটা নয় আসলে। বিশ্ব ফ্যাশনকে একহাত দেখানো এখন আর যুক্তিযুক্ত নয়। প্রযুক্তি বলা হোক অথবা পরিবেশ—সবখানেই বিশ্বায়নের প্রভাব। উট পাখির মতো মাথা বালুতে লুকিয়ে থাকলেই শুধু অস্বীকার করা সম্ভব সেটা। নয়তো মেনে নিতে হবে বাংলাদেশ এই আধুনিক দুনিয়ারই অংশ। যেখানে দেখা মেলে অন্য সব দেশের ফ্যাশনের। প্যান্ট-স্যুট থাকতে পারে বাংলাদেশি কনেদের বিয়ের পোশাক হিসেবে। সঙ্গে লেয়ারড জুয়েলারি আর মাথায় ওড়না। কুর্তাও বেছে নিতে দেখা যেতে পারে। বটমে সিগারেট প্যান্ট। এমনকি ঢিলে ডেনিমের সঙ্গে লম্বা ভেইল পরে নিলেও অবাক হওয়া চলবে না। রাজকন্যারা এবারে নিজেরাও সাহসী লুক নিতে পারে। শাড়ি যে একদম বাদ যাবে, এমন কিন্তু ভুলেও ভাবা চলবে না; বরং লেয়ারড ফ্রিলস দেওয়া শাড়ি এবার অবাক করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। বাঙালি শাড়ির মোহ এই জন্মে ছাড়তে পারবে বলে মনে ঠেকছে না। তাই এখানে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। হয়তো রাফল শাড়িই এবারও রাজত্ব করবে। দেখা যাক এবারের বিয়ের মৌসুম কতটা অবাক করে। আলাপ তোলা থাকুক।
মোটিফ মহারূপ
বিয়ের পোশাকে ময়ূরের দেখা মিলছে বহু বছর ধরে। আভিজাত্যের প্রতীক হিসেবে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে রঙিন পাখনা মেলেছিল এই মোটিফ। এবার শোনা যাচ্ছে অন্য এক পাখির নাম। কী সেটা?
হাঁস
তাই বলে আগলি ডাকলিং নয় কিন্তু। সোয়ান লেকের সোয়ান বলা যেতে পারে। সাহিত্য আর শিল্প যাকে নাম দিয়েছিল হংস মিথুন। তেমন মোটিফ নাকি দেখা যেতে পারে এবারের কনেদের পোশাকে। হ্যাপিলি এভার আফটার প্রকাশিত হয় যাদের অবয়বে।
সি শেল
রূপকথার অপরিহার্য এক অধ্যায়ের প্রতিনিধিত্ব করে যে উপাদান, নাম তার সি শেল। পাতালপুরী, সেখানে আটকে রাখা রাজকন্যা, তাকে ফিরিয়ে আনার জন্য রাজপুত্রের দৈত্যের মুখোমুখি হওয়ার অংশ মনে করিয়ে দেয়। সেই কল্পনার আলপনার দেখা মেলে সি শেলে। আর সেখান থেকে এই মোটিফের উত্থান। দেখা যেতে পারে বর আর বউ—উভয়ের পোশাকের মোটিফে।
থ্রি-ডি ফ্লোরাল অ্যান্ড বোটানিক্যাল অ্যাপ্লিক
রাজকন্যার সঙ্গে দেখা হওয়াটা পরিকল্পিত হয়নি বেশির ভাগ গল্পে। হুট করে দেখা হয়ে গেছে দুজনের। কিন্তু সুখ সমাপ্তিতে রাজপুত্র বেশির ভাগ গল্পে হাজির হয়েছে হাতে ফুলের তোড়া নিয়ে। প্রেয়সীর মন বুঝে। আর সেই ফ্লাওয়ার বুকেই এবারে দেখা যেতে পারে সুই-সুতার কাজে। ফ্ল্যাট লেইসের ওপরেও হতে পারে; কিংবা জমিনজুড়ে। একের ওপরে এক জুড়ে দেওয়া ফ্যাব্রিক তৈরি করতে পারে লেয়ারড পেটাল, পপিং ফ্যাব্রিকে দেখা যেতে পারে ফুটন্ত ফুল। আরোপিত কিছু নয়। যেন নিজের মতো করে বেড়ে ওঠা ফুল বাগান, অথবা ঝোপে বেড়ে ওঠা বুনো ফুল। বোটানিক্যাল অ্যাপ্লিকে হিসেবে পরিচিত মোটিফ দেখা যাবে।
বারোক-রেনেসাঁ লেইস
রূপকথা, রাজকন্যা, রাজপুত্র, রাজ্য—সবই অতীতের পাতা। নস্টালজিক করে দেয়। এবারে লেইসেও দেখা যাবে পুরোনো সব নকশার পরশ। আধুনিক শিল্পায়নের যুগে তৈরি বাড়ির নকশা থেকে নেওয়া হতে পারে প্রেরণা। বোহিমিয়ান ডিজাইন এবারে পিছু হটার আঁচ পাওয়া যাচ্ছে। ভারী নকশা চলবে বেশ। তা-ও আবার সরলরেখার থেকে ঘোরানো বক্র হওয়ার সম্ভাবনা বেশি। ফ্রেঞ্চ চ্যান্টিলে ওভারলে, থিক ব্রোকেড স্টাইল থ্রেডওয়ার্ক, হেভি টেক্সচারড গ্র্যান্ড লেইস সিলুয়েট নিয়ে বেশ আগ্রহ থাকবে কনেদের।
নক্ষত্রের নকশা
চেনা ছকের বাইরে গিয়ে গ্ল্যামারাস ব্রাইডাল লুক চাইলে অনুপ্রেরণা মিলতে পারে রাতের আকাশে। রানওয়েতে ভাইন বা গ্রিড প্যাটার্নের বদলে গাউনজুড়ে ফুটে উঠতে পারে তারা, চাঁদ ও ক্রিস্টাল কনস্টেলেশনের সূক্ষ্ম কারুকাজ। মেটালিক সুতা, ছড়িয়ে থাকা রাইনস্টোন আর স্বচ্ছ কাপড়ের ওপর ঝরে পড়া মুক্তার সাজে তৈরি হতে পারে রাতের আকাশের মতো মায়াবী আবহ। যা মনে করিয়ে দিতে পারে সিনড্রেলার রাত বারোটায় এক পাটি জুতা ফেলে বাড়ি ফেরার সময়টি। অথবা রাপুনজেলের সেই একলা একা আকাশ দেখা।
ব্রাইডালওয়্যার এবার পার্টি-গার্ল পর্বে প্রবেশ করতে পারে সব দিক থেকে। বিয়ের মূল আয়োজনের পাশাপাশি বাকি আয়োজনগুলোতেও একই রকমের থিম দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। ব্রাইডাল শাওয়ার থেকে আফটার পার্টি—জমকালো দেখাবে এমন লুকেই জোর দিচ্ছেন কনেরা। যোগ হচ্ছে ক্রিস্টাল ট্যাসেল, পালক, স্তরে স্তরে বিডের স্ট্র্যান্ড ও ঝলমলে ফ্রিঞ্জ।

 ফ্যাশন ডেস্ক
মডেল: লিন্ডা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ইয়াসমিন লাক্স
জুয়েলারি: রঙবতী ও গ্লুড টুগেদার
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top