skip to Main Content

ডিজাইনার ডায়েরি I এরকোল ট্রিলজি

২৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমার মা মুনিরা কবির। তার এই কাজের সঙ্গেই বড় হওয়া। ফ্যাশনকে খুব কাছ থেকে দেখা ও জানার সুযোগ হয়েছে। তারপর ডিজাইনার হয়ে ওঠা। ১৫ বছর আগে মা ও মামার হাত ধরে শুরু হয়েছিল এরকোলের পথচলা। সময়ের সঙ্গে সেই যাত্রায় আমিও যুক্ত হয়েছি। তাঁদের হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ আজ আমাদের তিনটি প্রজন্মের ভাবনা, সৃজনশীলতা ও ভালোবাসায় এরকোলের পথচলাকে করেছে আরও সমৃদ্ধ। বর্তমানে ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর ও ডিজাইনার হিসেবে কাজ করছেন তাসনুভা রাইসা।

মুনিরা কবির

কোনো নতুন ডিজাইন করার সময় পোশাকটির নকশা এবং পরিধানযোগ্যতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। একটি পোশাক যেন একবার নয়, বরং ভিন্ন ভিন্ন আয়োজনে বারবার পরার উপযোগী হয়। ডিজাইনের কোনো নির্দিষ্ট সূত্রে আটকে না থেকে এমন কিছু তৈরির চেষ্টা থাকে, যেন সেটি এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে হস্তান্তর করা যায়। ঠিক গয়নার মতো। একই সঙ্গে সহজ এবং স্বতন্ত্র অনুভূতি দেয়।

সামি কবির

ডিজাইনের ক্ষেত্রে বেশির ভাগ সময় খুব সহজ কোনো কিছু থেকে অনুপ্রেরণা নেওয়া হয়। যেমন কোনো একটি রং, কোনো ধরনের ফ্যাব্রিক অথবা কোনো অনুভূতি বা আবহ। আশপাশের খুব পরিচিত উপকরণগুলোকে অপরিচিত কোনো রূপ দেওয়ার চেষ্টা করি। কারণ, আজকাল অনেকটাই স্বতন্ত্র হয়ে উঠেছেন ফ্যাশন-সচেতন ক্রেতারা। বিশেষ করে তরুণ প্রজন্মের ফ্যাশনিস্তারা। তারা নিজের অনুভূতি ও ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে স্টাইল পছন্দ করছেন। ফ্যাশনের ব্যাপারটিও তাই। ভীষণ স্বকীয় এবং স্বতন্ত্র। নিজেকে শুধু সুন্দর দেখানোই নয়, বরং সুন্দর অনুভব করা।

তাসনুভা রাইসা

ফ্যাশনের আসলে কোনো সীমানা হয় না। কোনো নির্দিষ্ট অঞ্চলেও আটকে ফেলা যায় না। তাই আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডগুলো এবং ভিনদেশি ডিজাইনারদের কাজে প্রতিনিয়তই নজর রাখে মানুষ। সে তুলনায় হোমগ্রোন বা স্বদেশি ডিজাইনারদের কাজের কদর মানুষের কাছে এখনো অনেকটাই কম। কিন্তু ডিজাইনার হিসেবে কাজ করতে গিয়ে অনেক প্রতিভাবান এবং অত্যন্ত সৃজনশীল ফ্যাশন ডিজাইনার পেয়েছি। তারা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আনছেন, যা সত্যিই প্রশংসাযোগ্য। বিশ্বে আমাদের দেশের টেক্সটাইল শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছে, একইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশি ডিজাইনারদেরও আছে।
 ফ্যাশন ডেস্ক
ছবি: এরকোলের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top