ইন্টারন্যাশনাল ফ্যাশন I বর বাহাদুর
একটা স্যুট, একটা শেরওয়ানি, আর সঙ্গে যা লাগে। ব্যস! বর মশাইয়ের পোশাকের পাট চুকে গেল ভাবছেন তো? তাহলেই করেছেন মস্ত ভুল। কারণ, কনের সঙ্গে তাল মিলিয়ে বিয়ের পোশাক নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে এ সময়ের বরদের মনেও। পুরো বিশ্বকে উদাহরণ করে বিস্তারিত লিখেছেন আবৃতি আহমেদ
অনেক আগেই সর্বজনীন বিষয়ে পরিণত হয়েছে বিয়ের ফ্যাশন। আবার এই ফ্যাশন মানেই ধরে নেওয়া হয় কনেসাজের প্রস্তুতি। পোশাক থেকে সাজ—সব মিলিয়ে কতশত পরিকল্পনা। ট্রায়াল আর কেনাকাটায় লম্বা সময়ের প্রস্তুতি। বিয়ের ফ্যাশনে কনেই সবচেয়ে বেশি লাইমলাইটে থাকেন, তা শুধু বাংলাদেশেই হয় এমন কিন্তু নয়। তবে মিলছে হাওয়া বদলের আভাস। ফ্যাশনের আলাপে পিছিয়ে থাকতে নারাজ এ সময়ের হবু বরেরাও।
শুরু করা যাক পাশের দেশ থেকে। ২০২৪ সালের এপ্রিলে বিয়ে করেন ভারতীয় অভিনেতা পুলকিত সম্রাট। অন্য রকমভাবে বর সেজেছিলেন তিনি। বেছে নিয়েছিলেন হালকা প্যাস্টেল সবুজ রং। কলারবিহীন কামিজের পুরোটাজুড়ে প্যাস্টেল রঙিন সুতার কারুকাজ। একই রঙের ধুতি আর পাগড়ি। দোপাট্টা পরেছেন ক্লিন ড্রেপে। গলায় মুক্তা-পাথরের সীতাহার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে তার এই বিয়ের সাজ। কারণ? কমেন্ট সেকশনে খুঁজে পাওয়া গেল, অনেকের কাছে মেয়েলি মনে হয়েছে পুলকিতের পোশাক; বিশেষ করে কামিজের নকশা। অন্যদিকে, গতানুগতিক সাজের বাইরে এই বরকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। আজকাল নেট দুনিয়া থেকে বাস্তব জীবনেও অনুপ্রাণিত হয় পুরুষদের ব্যতিক্রমী স্টাইল; বিশেষ করে বিয়ের ক্ষেত্রে, যখন নিজের শখ ও সাজ—দুটিই অন্য সময়ের চেয়ে বেশি গুরুত্ব পায়। পুলকিতের এই পোশাকের নকশা করেছেন ভারতীয় ডিজাইনার অনামিকা খান্না। পুরুষদের জন্য কোমল ধাঁচের নকশা করেন তিনি। এ বছর অভিনেত্রী রাশমিকাকে বিয়ে করা তেলেগু অভিনেতা বিজয় দেবরাকোন্ডার বিয়ের পোশাকও নকশা করেছেন অনামিকা। সাদা ধুতি আর সোনালি সুতার কারুকাজ করা সিঁদুর লাল রঙের দোপাট্টা। কনের সঙ্গে টেক্কা দিয়ে সারা গায়ে গয়না পরেছিলেন বিজয়। এভাবে চলতি ধারার বাইরে গিয়ে বরের সাজের নিয়মকানুন লেখা হচ্ছে নতুন করে।
টেইলরিং ট্রেন্ড
কালো টাক্সিডো, সাদা শার্ট, সঙ্গে বো টাই—এই যেন শহুরে বরের চেনা ফরমাল সাজ। থ্রি-পিস স্যুট বেছে নেন অনেকে। কারও পছন্দে এখনো রয়েছে প্রিন্স কোট। যদিও বিভিন্ন নান্দনিকতার দেখা মিলছে টেইলরিং আর কাটে। আজকাল টাইট-ফিটের বদলে অনেক হবু বর বেছে নিচ্ছেন রিল্যাক্সড ফিট। লাইট-ওয়েট ফ্যাব্রিকে আরামদায়ক স্টাইল। চলতি বছরে পুরুষদের ফরমাল ওয়্যারের এই টেইলরিং স্টাইল দেখা গেছে ডিওর, লুই ভিতোঁ, জর্জিও আরমানি, এরমেস, সেইন্ট লরেন্ট, প্রাদা, ডলশে অ্যান্ড গ্যাবানা, রালফ লরেনের মতো আন্তর্জাতিক লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের সংগ্রহে। যেখান থেকে মূলত বৈশ্বিক ফ্যাশন অনুপ্রাণিত হয়, সেই প্যারিস, মিলান, লন্ডনের ফ্যাশন উইকেও দেখা গেছে মেন’স ফ্যাশনের নতুন ঝলক। ফরমাল ক্যাটাগরিতেই দেখা মিলেছে লেস ফরমাল স্টাইল; যাকে বলা যায় আধুনিক, বাস্তবসম্মত ও পরিশীলিত। যারা একেবারে অন্য রকম কিছু চান, তাদের জন্য চলতে পারে বক্সি ব্লেজার কাট। নজরকাড়া নানা আধুনিক ও সৃজনশীল বৈশিষ্ট্য যোগ করছেন স্যুটের টেইলরিংয়ে। ক্ল্যাসিকের সঙ্গে ভিনটেজের মেলবন্ধন চাইলে আগের মতোই আছে ডাবল-ব্রেস্টেড ব্লেজারের চাহিদা। স্যুটের পেছনে ভেন্ট অথবা ভেন্ট-লেস—দুটিই চলতে পারে। ফ্ল্যাপ ছাড়া পকেট পছন্দ করছেন অনেকে। অপশনে থাকছে ক্ল্যাসিক কাটের টেপার্ড ট্রাউজার।
ফরমালের পাশাপাশি এথনিকেও দেখা মিলছে নজরকাড়া নানা প্যাটার্ন। এ ক্ষেত্রে এখনো অবশ্য ফিটেট টেইলরিংই বেছে নিচ্ছেন বরেরা। তবে নজর রেখেছেন লেয়ারিংয়ে। পাঞ্জাবির ওপর কটি অথবা শেরওয়ানি। বোহো ধাঁচের জ্যাকেটও পছন্দ অনেকের। ওড়না দিয়েও চলতে পারে লেয়ারিং। শুধু বিয়ের জন্য নয়, সংগীত, মেহেদি, হলুদ, বিবাহোত্তর সংবর্ধনার জন্য ভিন্ন ভিন্ন লুক লিখে রাখছেন চেকলিস্টে।
সিলুয়েটের নাটকীয়তা
বিয়েতে সাধারণত কনের পোশাকে অভিভূত হন সবাই। কিন্তু উল্টোটা ঘটেছিল ভারতীয় অভিনেতা প্রতীক স্মিতা পাতিলের বিয়েতে। ক্রিম সাদা চারমিউস সিল্কের ধুতির সঙ্গে ওপেন-ফ্রন্ট ড্রেপ-স্টাইল শার্ট। কোমরে কুঁচি দেওয়া কোমরবন্ধ। তার ওপর খোলা শেরওয়ানি জ্যাকেট। সামনের নকশায় ফ্রেঞ্চ নট, আর পুরোটাজুড়ে চিকেনকারি কারুকাজ। গতানুগতিকের একদম বাইরে, অন্য রকম এক নাটকীয়তা ধরা দিয়েছিল তার পোশাকে। অত্যন্ত আধুনিক আবার সংস্কৃতিঘেঁষা এই সাজ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। সব ছাড়িয়ে বিয়েতে বরের পোশাক যে মূল আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, এটি ছিল তারই উদাহরণ।
মার্কিন পপতারকা সেলিনা গোমেজকে বিয়ে করার সময় চারটি ভিন্ন পোশাকে বর সেজেছিলেন রেকর্ড প্রডিউসার বেনি ব্লাঙ্কো। একটি পোশাকের পুরোটাই ছিল ডেনিম। ডিসকো কাউবয় স্টাইল-প্রাণিত। প্রতিটি পোশাকের সঙ্গে পরেছিলেন দৃশ্যমান হীরার গয়না। বলতে হয় ব্রিটিশ পপতারকা দুয়া লিপার বর কালাম টার্নারের কথাও। এ বছরের মে মাসে বিয়ে করেছেন তারা। টাক্সিডোর পরিবর্তে টার্নার পরেছিলেন ডাবল-ব্রেস্টেড রিল্যাক্সড ফেরাগামো স্যুট। বিয়ে-পরবর্তী অনুষ্ঠানে পরেছিলেন লুই ভিতোঁর খাকি স্যুট।
ফরমাল বা এথনিকে মসৃণ ও সাদামাটা নকশার বদলে হবু বরেরা বেছে নিচ্ছেন নান্দনিক বিভিন্ন টেক্সচার। জারদৌসি, কালামকারী, চিকেনকারীর মতো নকশা আর ব্লক, টাই-ডাই, আজরাখ, পাটোলা, ইক্কাত, চুনরির মতো দেশি-বিদেশি কাপড়। ডিজাইনার ওয়্যারেও চোখ রাখছেন তারা। অন্য কারও মতো না হওয়ার একধরনের মনস্তত্ত্বও দেখা যাচ্ছে তাদের মধ্যে। পোশাকে ঐতিহ্যবাহী সুতার কাজ, থ্রিডি বোটানিক্যাল মোটিফ, জমকালো ব্রোকেড, এমব্রয়ডারি করা বেসপোক জ্যাকেট, র ডেনিম, লেদার প্যানেল এবং এমনকি চলছে লেসও।
রঙানুরাগ
চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজিত প্যারিস ফ্যাশন উইকে প্রদর্শিত পুরুষদের পোশাকে দেখা গেছে রঙের বাহার। বিশেষ করে ভ্যালেন্তিনোর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনে। রঙিন ও জমকালো ফুলেল প্রিন্ট ও প্যাটার্ন। ছেলেদের মনোক্রোমাটিক ফ্যাশনের জন্য জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড প্রাদার এবারের সংগ্রহেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য নানা রঙের ব্যবহার। কালো, সাদা এবং অন্যান্য নিউট্রাল রঙের সঙ্গে সমন্বয় করা হয়েছে নিয়ন, হলুদ, গোলাপি, লালের মতো রং। পশ্চিমা ফরমাল স্টাইলে রং নিয়ে খুব একটা পরীক্ষা করতে আগ্রহী না হলেও এথনিকে কোনো রংই বাদ দিচ্ছেন না বরেরা। প্রতিটি আয়োজনের আবহের সঙ্গে মিলিয়ে চলছে পোশাকের রং বাছাই।
কনের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বরেরা। পরিকল্পনা থেকে পরিধানের যাত্রায় তারাও এখন সমানতালে পথ চলছেন। ফোনের গ্যালারিতে জমিয়ে রাখছেন নানা রকম ছবি, যেগুলো থেকে প্রাণিত হবে বিশেষ দিনের সাজপোশাক।
ছবি: ইন্টারনেট
