skip to Main Content

হেরিটেজ I মিরপুর বেনারসি

বলিউডে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ চলচ্চিত্রে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের কয়েকটি শাড়ি নেওয়া হয়েছিল ঢাকার মিরপুরে। রুপালি পর্দায় সেই জৌলুশ দেখেছে কোটি কোটি দর্শক। কিন্তু সেই কি প্রথম পরিচয় এই অভিজাত বুননের সঙ্গে? না, মোটেই নয়। যুগ যুগ ধরে বাঙালি নারীর বিয়ের শাড়ি মানেই লাল টুকটুকে বেনারসি। অথচ এই আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে দেশভাগ, অভিবাসন আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমের টানটান ইতিহাস।
বেনারসি। সহজে বোঝা যায়, শুরুটা বেনারসে। ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর। কিন্তু পুরোনো পাতা দেয় ভিন্ন সাক্ষ্য। জানা যায়, এমন বুননের শাড়ি পার্সিয়াতে তৈরি হয়েছিল প্রথম। রানিদের পোশাক হিসেবে যাত্রা ভারতে। প্রমাণ পাওয়া যায় ইনায়াত খানের লেখা ‘শাহজাহাননামা’য়। সেখানে লেখা আছে, মোগল সাম্রাজ্যের অধিপতিরা রানিদের জন্য শাড়ি আনাতেন বিভিন্ন দেশ থেকে। ইরান সেগুলোর একটি। হাতে বোনা ইরানিয়ান শাড়ির প্রতি অনুরক্ত ছিলেন রাজপরিবারের নারীরা। তাদের মধ্যে নূর জাহান অন্যতম। বাদশা জাহাঙ্গীরের স্ত্রী। তার আগ্রহেই ভারতের বেনারসে তাঁতিরা একই বয়নকৌশলে শাড়ি বুনতে শুরু করেন। ধীরে ধীরে বাড়ে ব্যাপকতা।
বাংলার প্রান্তরে
বেনারসি শাড়ির যাত্রা শুরু হয় মোগল সাম্রাজ্য থেকে। এরপর ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তাঁতিরা ছড়িয়ে পড়েন। কারণ খুঁজলে জানা যায় অর্থনৈতিক মুক্তির আশা। বেনারসি তাঁতিদের একটি বড় অংশ ছিল মুসলমান। ইংরেজ শাসনামলে মুসলিম তাঁতিদের কিছু অংশ পূর্ব পাকিস্তানে চলে যায়। আর কিছু অংশ পশ্চিম পাকিস্তানে নিবাস গড়ে তোলে। তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের নারিন্দা, ইসলামপুর, নবাবগঞ্জ, সিদ্দিকবাজার, বেচারাম দেউড়ি, দক্ষিণ মৈশুন্ডি ও নবাবপুরে বেনারসি বয়নে পটু তাঁতিরা হস্ততাঁত স্থাপন করেন। ধীরে ধীরে এই স্থানগুলোতে জনসমাগম ঘটে। তাঁতশিল্পীদের কাজের জন্য শব্দহীন পরিবেশ দরকার। মুখরতা তাদের শিল্পমন প্রকাশের অন্তরায়। তাই স্থান পরিবর্তনের পরিকল্পনা করা হয়। নতুন আবাসস্থলের খোঁজে একসময় বর্তমানের মিরপুর ১০ এবং মিরপুর ১-এ এসে থিতু হন। তারই পরিক্রমায় আশপাশের জায়গাতেও তাঁতিরা আবাস গড়তে শুরু করেন। মিরপুরের সেকশন ১০, ১১, ১২ জুড়ে গড়ে ওঠে বেনারসিপল্লি; যা এখন মিরপুর ১৪ অব্দি বিস্তৃত।
কার্যকারণ
মিরপুর বেনারসিপল্লিতে শাড়ি বুনন করা হয় হস্ততাঁতের মাধ্যমে। এভাবে একটি শাড়ি তৈরিতে প্রয়োজন অন্তত দুই মাস। কখনো কখনো নকশার ভিন্নতার কারণে প্রয়োজন হয় ছয় মাসের। বাংলাদেশের এই অঞ্চলের তাঁতিরা পিওর সিল্ক ব্যবহার করে কাতান তৈরিতে দক্ষতা রাখেন। সেরিকালচারের মাধ্যমে রেশম চাষ করে, সেখান থেকে প্রাপ্ত রেশম সুতা ব্যবহার করে বোনা হয় শাড়ি। ইদানীং সুতা বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। খাঁটি রেশম সুতার বাজারদর বেশি হওয়ায় ম্যানমেইড সিনথেটিক সুতায় আগ্রহী হচ্ছেন অনেকে। ন্যাচারাল ডাইয়ের জায়গা নিয়েছে রাসায়নিক ডাই। একচ্ছত্র আধিপত্য এই রঙের।
বেনারসি শাড়ি হয়তো একটি বিশেষ দিনের পোশাক, কিন্তু এর গল্প একটি দিনের চেয়ে দীর্ঘ। মায়ের বিয়ের শাড়ি, মেয়ের বিয়ের সাজ কিংবা আলমারিতে যত্ন করে তুলে রাখা স্মৃতি; এসবের সঙ্গে জড়িয়ে থাকে কাপড়টির আবেগ। মিরপুরের বেনারসি সেই আবেগের পাশাপাশি বহন করে অভিবাসন, শ্রম আর ঐতিহ্যের ইতিহাস।
 আবু সালেহ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ
মডেল: জেসিয়া
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: মাহমুদা শাড়ি হাউজ
জুয়েলারি: রঙবতী
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top