আন্তর্জাতিক ই-কমার্স বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক বিয়ন্ড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় প্রাথমিকভাবে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের স্কিন কেয়ার, পারসোনাল কেয়ার, কসমেটিকস, হেয়ার কেয়ার, হোম কেয়ার ও বেবি কেয়ারের এক হাজারের বেশি পণ্য আলিবাবায় তালিকাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, মেশিনারি ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও নিতে পারবেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বর্তমানে রিমার্কের পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
I ক্যানভাস অনলাইন
ছবি: রিমার্কের সৌজন্যে।
