মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গত ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০’। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে, এসিআই মোটরস লিমিটেডের সঞ্চালনায় এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মার্কেটিং: হিউম্যান + টেক’।

দুই দিনের এই আয়োজনে দেশি-বিদেশি মার্কেটিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এতে ১০টি কি-নোট সেশন, দুটি প্যানেল আলোচনা এবং দুটি কেস স্টাডি অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় প্রযুক্তির সঙ্গে মানুষের সৃজনশীলতা, নৈতিকতা ও ভোক্তার আস্থার সমন্বয়।
ফোরামে ভার্চুয়ালি বক্তব্য দেন আধুনিক মার্কেটিংয়ের গুরু প্রফেসর ফিলিপ কটলার। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সক্ষমতাকে সহায়তা করবে, প্রতিস্থাপন নয়। আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড মার্কেটিং ফোরামের সহপ্রতিষ্ঠাতা হারমাওয়ান কারতাজায়া।
আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ‘ঢাকা ডিক্লারেশন: মার্কেটিং ফর গ্লোবাল গুড- ওয়াই ২০৩০ অ্যান্ড বিয়ন্ড’ ঘোষণা। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৫৪টি দেশের প্রতিনিধিত্বকারী বিপণন সংগঠনগুলোর যৌথ অংশগ্রহণে ঘোষণাটি গৃহীত হয়।
I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ
