skip to Main Content

নাজমুল শেখ ও মিলকী মাহমুদ ছিলেন টেলিকম ইন্ডাস্ট্রির সহকর্মী। আফ্রিকায় একসঙ্গে কাজের মধ্য দিয়ে গড়ে ওঠে বন্ধুত্ব। তারপর তাদের সঙ্গে যুক্ত হন ফার্মাসিস্ট সিনথিয়া শারমিন ইসলাম, যিনি নাইজেরিয়ায় কমিউনিটি ফার্মেসি ও বিউটি সাপ্লাই স্টোর পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। আর দেখেছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে কাজের সম্ভাবনা। সচেতন সৌন্দর্যচর্চা নিয়ে কাজ করার অদম্য ইচ্ছা এবং সৌন্দর্যজগৎকে এক নতুন রূপ দেওয়ার চেষ্টায় তারা তিনজন মিলে শুরু করেন সাজগোজ।

তিনজনের পেশা আলাদা হলেও ভাবনা ছিল এক—দেশের সৌন্দর্যচর্চার বাজারকে বিশ্বাস ও জ্ঞানের ভিত্তির ওপর দাঁড় করানো। সেই ভাবনার মোড় ঘুরে যায় দুবাইয়ে একটি ছোট্ট ঘটনায়। দেশে ফেরার পথে একটি বিউটি স্টোরে সিনথিয়াকে দীর্ঘক্ষণ সময় কাটানো দেখে নাজমুলের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশে কেন এমন প্ল্যাটফর্ম নেই? সেখান থেকে জন্ম নেয় নতুন স্বপ্ন। তারা উপলব্ধি করেন, বাংলাদেশের বিউটি মার্কেট ছোট নয়; সঠিক প্ল্যাটফর্মের অভাবেই এর বিকাশ ঘটেনি। সেই উপলব্ধির হাত ধরেই জন্ম সাজগোজের।
২০১৩ সালে যাত্রা শুরু করলেও প্রথম পাঁচ বছর কোনো পণ্য বিক্রি করেনি এই প্ল্যাটফর্ম; বরং বাংলা ভাষায় স্কিন কেয়ার, বিউটি ও পারসোনাল কেয়ার নিয়ে সৃজনশীল কনটেন্ট তৈরির মাধ্যমে গড়ে তুলেছে একটি সচেতন কমিউনিটি। সেই সময়ে বিক্রি নয়; বরং বাজার তৈরি করাই ছিল উদ্দেশ্য। এই দীর্ঘ অপেক্ষা সম্ভব হয়েছিল শুধু তাদের পারস্পরিক আস্থা ও ধৈর্যের কারণে। এরপর যমুনা ফিউচার পার্কে প্রথম আউটলেট, তারপর ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের অন্যতম বিউটি প্লাটফর্ম। আজ প্রতিষ্ঠানটির অধিকাংশ গ্রাহকই ফিরে আসেন বারবার।
সিনথিয়া শারমিন ইসলাম মনে করেন, এই সাফল্যের সবচেয়ে বড় শক্তি ছিল বন্ধুত্ব। তিনি বলেন, ‘আমরা এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মানুষ নির্ভরযোগ্য তথ্য পাবেন। প্রথমে বিশ্বাস গড়েছি, তারপর ব্যবসায় এসেছি।’
নাজমুল শেখের ভাষ্যে, ‘ভালো একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারলে, বিনিয়োগ নিজেই আপনার কাছে আসবে। আর বন্ধুর সঙ্গে ব্যবসা করতে চাইলে আগে নিশ্চিত হোন, আপনাদের মূল্যবোধ অভিন্ন কি না। কারণ, বিশ্বাস তৈরি হতে সময় লাগে।’
মিলকী মাহমুদের ভূমিকা নেপথ্যের সংগঠক হিসেবে। প্রযুক্তি, পরিচালনা ও অপারেশনের দায়িত্ব সামলে তিনি প্রতিষ্ঠানের কাঠামোকে শক্তিশালী করেছেন, আর তিন উদ্যোক্তার পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াই ব্র্যান্ডটিকে দিয়েছে দীর্ঘমেয়াদি স্থিতি।

I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top