দেশে এই প্রথম অনুষ্ঠিত হলো ‘ফার্স্ট বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’। ২৫ জুন ঢাকার মিরপুর সেনানিবাসের এমআইএসটি প্লাজার শহীদ ইয়ামিন অডিটরিয়ামে। যেখানে এক মঞ্চে ছিলেন দেশের ইন্ডাস্ট্রি লিডার, পলিসিমেকার, ইঞ্জিনিয়ার, রিসার্চার ও তরুণ উদ্ভাবকেরা।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষার্থীভিত্তিক ফর্মুলা স্টুডেন্ট দল এমআইএসটি ব্লিটজ ও এফএসএই কমিউনিটি অব বাংলাদেশ। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ উপস্থিত ছিলেন ৫ হাজারের বেশি অংশগ্রহণকারী।
দিনব্যাপী আয়োজনে টেকনিক্যাল সেশন, ফর্মুলা ফিউচার বিজনেস কেস কম্পিটিশন, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস অ্যান্ড কুইজ, ফর্মুলা স্টুডেন্ট একজিবিশন, ইনোভেশন ডিসপ্লে, নেটওয়ার্কিংয়ের সুযোগ, নলেজ-শেয়ারিং ফোরামসহ ছিল বিভিন্ন কর্মসূচি। আলাপ হয় অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ, সাসটেইনেবল মোবিলিটি, ইলেকট্রিক ভেহিকল ও ইমার্জিং ট্রান্সপোর্টেশন টেকনোলজি নিয়ে।
অনুষ্ঠানটি স্পনসর করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের মোবিলিটি নির্ধারিত হবে। এই সামিটে আমাদের মূল উদ্দেশ্য হলো তরুণ মেধাবীদের অনুপ্রাণিত করা, শিক্ষার সঙ্গে শিল্প খাতের সংযোগ স্থাপন করে সুযোগ তৈরি , যা বাংলাদেশের অটোমোটিভ ইকোসিস্টেমকে আরও জোরদার করতে অবদান রাখবে।’
I ক্যানভাস অনলাইন
ছবি: বিওয়াইডির সৌজন্যে
