সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপ করে সম্পন্ন হলো পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিট ২০২৬। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৩-২৭ জুন এটি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনমিস।
সম্মেলনে বিভিন্ন আলোচনা পর্ব, কর্মশালা, প্রদর্শনী, নেটওয়ার্কিং কর্মসূচিসহ ছিল। এতে অংশ নেয় ৭৩টি স্টল। এ ছাড়া ১৮টি বিশ্ববিদ্যালয় ক্লাব পার্টনার এবং নলেজ পার্টনার হিসেবে ছিল দেশি-বিদেশি ৩টি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
সরকারি নীতিনির্ধারক, শিল্প খাতের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থীরা ছাড়াও আয়োজনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি অতিথিরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সম্প্রতি চীন সফরে সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে প্রযুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে তাদের জ্ঞান, অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও সফট পাওয়ার কাজে লাগানো যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী ভাবছেন।
দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এ এস এম শামীম রেজা বলেন, ‘ফিনিক্স সামিট ঢাকা ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, এখান থেকে তৈরি হওয়া সংযোগ ও উদ্যোগগুলো ভবিষ্যতে আরও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনের পথকে সুদৃঢ় করবে।’
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.phoenixsummit.net.
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকের সৌজন্যে
