রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘বি বিউটি টেক এক্সপো-২০২৬’ আয়োজিত হয়। ১৬ জুলাই দুপুরে ওয়েম বাংলাদেশ লিমিটেড আয়োজিত এই এক্সপো উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর হোসেন। প্রদর্শনী চলে ১৮ জুলাই পর্যন্ত। এক্সপোতে দেশি-বিদেশি ৫৫টি স্টলে ৩০০টির বেশি ব্র্যান্ড এবং ১৬০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় মূলত ৮টি প্রধান ক্যাটাগরিতে প্রসাধন ও রূপচর্চার পণ্য প্রদর্শন করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে টয়লেট্রিজ, সুগন্ধি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অ্যাসথেটিক লন, হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস এবং পুরুষদের প্রসাধনসামগ্রী। আয়োজনে জানা যায়, বাংলাদেশে বর্তমানে বিউটি ও পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির উত্থান ঘটছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার মার্কেট সব প্রত্যাশা ছাড়িয়ে যাবে। শুধু পার্সোনাল কেয়ার খাতেই প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রায় অর্ধেক। বর্তমানে দেশে এই খাতে মাথাপিছু খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৫৬ ডলারে। গত ৫ বছরে এই শিল্পে বার্ষিক ৮.১ শতাংশ হারে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। পাশাপাশি ই-কমার্সের কল্যাণে সৌন্দর্যপণ্যের মোট বিক্রির প্রায় ১৩.৩ শতাংশ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে।
বি বিউটি টেক এক্সপোতে মিডিয়া পার্টনার ছিল ক্যানভাস।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
