গল্পের শুরু নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ক্লাবে। ২০০৫ ব্যাচের মাহজাবিন ফেরদৌস এবং ২০০৭ ব্যাচের বৃতি সাবরিন খানের প্রথম পরিচয় বিশ্ববিদ্যালয়ের ইয়েস ক্লাবের প্রথম সভায়। পরিচয়পর্ব ছিল একেবারেই সাধারণ; শুভেচ্ছা বিনিময়, আলাপন আর সিনিয়র হিসেবে মাহজাবিনের আন্তরিক উৎসাহ। কিন্তু সেই ছোট্ট পরিচয়ই সময়ের সঙ্গে গড়ে তোলে মিষ্টি এক সম্পর্ক।
বিশ্ববিদ্যালয়জীবন শেষে করপোরেট ও এজেন্সি জগতে ক্যারিয়ার শুরু করেন মাহজাবিন। স্নাতক শেষে বৃতিও কর্মজীবনে প্রবেশ করেন; তবে তার মনে সব সময় ছিল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। ২০১৮ সালে চাকরি ছেড়ে ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিলেও একটি স্টার্টআপে কাজের সুযোগ পান তিনি। ‘ব্যবসা শুরু করার আগে এক বছর একটি স্টার্টআপের সঙ্গে কাজের অভিজ্ঞতা নেওয়া ভালো হবে মনে হয়েছিল। সেই অভিজ্ঞতা নিয়েই ২০১৯ সালে শুরু করি নিজের প্রথম উদ্যোগ—জাস্ট ট্যুরিস্ট,’ বললেন বৃতি।
কিছুদিনের মধ্যে মাহজাবিনও নিজের উদ্যোগের সূচনা ঘটান। দুই বন্ধুর সম্পর্কের একটি মজার ঘটনাই যেন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল। একদিন নিজের ব্যবসার জন্য নতুন অফিস খুঁজতে গিয়ে কাকতালীয়ভাবে মাহজাবিন পৌঁছে যান বৃতির অফিসে। ঠিক তখনই বৃতি তার সেই অফিস ছেড়ে দিচ্ছিলেন। ঘটনাটি মনে করে বৃতি বললেন, ‘দুজনই তখন হেসে বলেছিলাম, মনে হয় নিয়তি চায় আমরা একসঙ্গে কাজ করি।’ কোভিড-পরবর্তী সময়ে সেই ভাবনাই বাস্তবে রূপ নেয়। বৃতির মাথায় তখন একটি বড় ইভেন্ট আয়োজনের আইডিয়া। তিনি সেই খসড়া আইডিয়া নিয়ে মাহজাবিনের সঙ্গে দেখা করেন। কিন্তু মাহজাবিন আরও বড় কিছু ভাবছিলেন। ‘শুধু একটি ইভেন্ট কেন? একটি প্ল্যাটফর্ম কেন নয়? তোমার মাথায় যে আইডিয়াগুলো আছে, চলো, সব কাজে লাগাই। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যা ব্র্যান্ড, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং পুরো ইন্ডাস্ট্রিকে এক জায়গায় নিয়ে আসবে’—বলেছিলেন বৃতিকে।
মাত্র এক মিনিটে দুজন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ২০২১ সালের জুনে পরিকল্পনা শুরু, আর ডিসেম্বরে আয়োজন করা হয় দ্য মার্ভেল—বি ইউ সিজন ওয়ান। সেখান থেকে যাত্রা শুরু দ্য ইয়োরস ট্রুলির অধীনে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের। বৃতির কাছে এই অংশীদারত্বের সবচেয়ে বড় শক্তি শুধু ব্যবসায়িক ক্ষেত্র নয়; বরং তাদের বন্ধন। তিনি বললেন, ‘মাহজাবিন আপু সব সময় পাশে ছিলেন। বয়সে বড় হলেও আমাদের সম্পর্ক সব সময় বন্ধুর মতোই। তাই যখন একসঙ্গে কাজ শুরু করি, আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হতে আলাদা করে সময় লাগেনি।’
I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ
