skip to Main Content

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়। এ বছর ভিয়েতনামে মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৩তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।
আয়োজনের মূলমন্ত্র ‘বিউটি উইথ আ পারপাস’। অর্থাৎ শুধু সৌন্দর্যই নয়, প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, মঞ্চে উপস্থিতি, ব্যক্তিত্ব ছাড়াও গুরুত্ব পেয়েছে তাদের সামাজিক সচেতনতা। তাদের মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শীলা, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ ইফা তাবাসসুম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফাহ নানজেবা তোরসা, দ্য ডেইলি স্টারের লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং হাল ফ্যাশন ম্যাগাজিনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান। পরিচালনায় ছিল আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জাতীয় পরিচালক এবং আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বলেন, ‘আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে নারীরা পরিবর্তনের দূত, সমাজের প্রতিনিধি এবং আগামী প্রজন্মের রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন। একজন বিজয়ী যেন শুধু একটি মুকুট নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি নিয়েও ঘরে ফেরেন।
সহযোগী হিসেবে ছিল জুয়েলারি ব্র্যান্ড আমিশি, হসপিটালিটি পার্টনার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, অফিশিয়াল মেকওভার পার্টনার পারসোনা। ফটোগ্রাফি পার্টনার ভি ফ্রেম এবং ভিজ্যুয়াল পার্টনার চিল সিনে স্ক্রিপচার।
৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রায় মাসব্যাপী মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল।

I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top