বাংলাদেশের বিউটি, কসমেটিকস, পার্সোনাল কেয়ার, ওয়েলনেস এবং বিউটি টেকনোলজি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের উৎপাদন, প্রযুক্তি ও বিনিয়োগের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ১৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিটুবি ট্রেড এক্সিবিশন বি-বিউটি টেক এক্সপো-২০২৬। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এক্সপোর আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্তর্জাতিক প্রদর্শনী রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি-আইসিসিবিতে অনুষ্ঠিত হবে। এক্সপোর আয়োজনে রয়েছে ওয়েম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এক্সপোর বিস্তারিত তুলে ধরেন ওয়েম বাংলাদেশ লিমিটেডের পরিচালক নাসিমুর রহমান। উপস্থিত ছিলেন ওয়েম বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ আরিফ ও হারমনি স্পার সিইও রহিমা সুলতানা রিতা। প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিকে উৎপাদনভিত্তিক শিল্প অর্থনীতিতে রূপান্তরের পথে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ৬০টির বেশি এক্সিবিটর, ১২০টির বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ৮টির বেশি দেশের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ৮ হাজারের বেশি শিল্পসংশ্লিষ্ট দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধি এই প্রদর্শনীতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এক্সপোতে অংশ নেবে।
I ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে
