ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা এখন থেকে কোনো জামানত ছাড়াই ব্র্যাকের ক্ষুদ্রঋণ প্রোগ্রামের অধীনে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। রাইডার পার্টনারদের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধিতে শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ দাতা সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স একটি চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্প্রতি ব্র্যাক সেন্টারে ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর তানভীর রশীদ ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ফুডপ্যান্ডার রাইডাররা নিজেদের আর্থিক সুরক্ষা ও ঝুঁকি মোকাবিলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স থেকে ক্ষুদ্রঋণ, সঞ্চয় স্কিম ও বিমাসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স গ্রাহকদেরও বিকল্প আয়ের সুযোগ তৈরিতে রাইডার হিসেবে ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
আর্থিক পরিকল্পনা নিয়ে রাইডার পার্টনারদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ফুডপ্যান্ডা ও ব্র্যাক যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং দেশব্যাপী ফুডপ্যান্ডার বিভিন্ন হাব অফিস ও ব্র্যাকের মাঠপর্যায়ের অফিসগুলোতে তথ্য ও নিবন্ধন বুথ স্থাপন করা হবে।

এ উদ্যোগ নিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ‘রাইডার পার্টনাররা ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রাইডারদের আর্থিক সুরক্ষাকে জোরদার করতে আমরা তাদের জন্য জামানতবিহীন ক্ষুদ্রঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি। একই সঙ্গে, এ অংশীদারত্ব ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স নেটওয়ার্কের আগ্রহী গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে রাইডার হিসেবে কাজের মাধ্যমে বিকল্প আয়ের নতুন সুযোগ তৈরি করবে।’
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. বেলায়েত হোসেন বলেন, ‘এই অংশীদারত্ব ডেলিভারি পার্টনারদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ গ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমরা আর্থিক ব্যবস্থাপনা উন্নত এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সহায়তা করার পাশাপাশি আমাদের গ্রাহকদের বিকল্প আয়ের সুযোগ তৈরির জন্য ফুডপ্যান্ডায় রাইডার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের সহযোগিতা করতে চাই।’
বলে রাখা ভালো, ফুডপান্ডা দীর্ঘদিন ধরে তাদের ডেলিভারি পার্টনারদের জন্য স্বাস্থ্যসেবা, বিমা এবং ব্যক্তিগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগ চালু রেখেছে। ব্র্যাকের সঙ্গে এই নতুন চুক্তি তাদের সেই কল্যাণমূলক উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

