হেঁশেলসূত্র I ঝালের ঝাঁজ
উৎসবের সকালে একটু ঝাল খাবার চেখে দেখা যেতেই পারে। সুস্বাদু ও ভিন্নধর্মী হলে তো কথাই নেই! রেসিপি দিলেন নাজিয়া ফারহানা
ছবি: হুমায়রা আরমিন পৃথী
চিজ ক্যানাপি
উপকরণ: ব্রেড স্লাইস ৬-৮টি, বাটার ২ টেবিল চামচ, চেডার চিজ (গ্রেট করা) ১ কাপ, মেয়োনিজ ২ টেবিল চামচ, ক্যাপসিকামকুচি ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, অলিভ অথবা চিলি ফ্লেক্স (ঐচ্ছিক) পরিমাণমতো।
প্রণালি: ব্রেড গোল বা চৌকো আকারে কেটে নিয়ে, হালকা বাটার মেখে, ২-৩ মিনিট টোস্ট করুন। এবার চিজ, মেয়োনিজ, ক্যাপসিকাম ও গোলমরিচগুঁড়া মিশিয়ে, সেই মিশ্রণ ব্রেডের ওপর যোগ করে, ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করা চাই। সবশেষে ওপরে অলিভ বা চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করুন।
চিজ হ্যালাপিনো
উপকরণ: হ্যালাপিনো ৮-১০টি, ক্রিম চিজ আধা কাপ, চেডার চিজ আধা কাপ, ডিম ১টি, ব্রেডক্রাম্বস ১ কাপ, লবণ অল্প।
প্রণালি: হ্যালাপিনো মাঝখান থেকে কেটে বীজ ফেলে দিয়ে, ক্রিম চিজ ও চেডার চিজ মিশিয়ে ভরে দিন। চাইলে সামান্য লবণ যোগ করতে পারেন। এবার ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে কোট করে, ডিপ ফ্রাই বা এয়ার ফ্রাই করুন। সবশেষে পরিবেশন করুন গরম-গরম।
চিকেন ওয়েলিংটন
উপকরণ: চিকেন ব্রেস্ট ২টি, লবণ স্বাদমতো, গোলমরিচ ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মাশরুমকুচি ১ কাপ, পাফ পেস্ট্রি শিট ২টি, ডিম (ব্রাশ করার জন্য) ১টি।
প্রণালি: লবণ, গোলমরিচ ও রসুন যোগে চিকেন মেরিনেট করে প্যানে হালকা ছ্যাঁকা দিন। এবার মাশরুম শুকনো করে ভেজে নিয়ে, পাফ পেস্ট্রি শিটের ওপর ছড়িয়ে, চিকেন মুড়িয়ে নিন। তারপর ডিম ব্রাশ করে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করুন। গোল্ডেন ব্রাউন রং ধারণ করলে, নামিয়ে, কেটে পরিবেশন করুন।
নামকিন বিফ
উপকরণ: গরুর মাংস (পাতলা স্লাইস) ৫০০ গ্রাম, পেঁয়াজ (কুচি করা) ২টি, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, শুকনা লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ।
প্রণালি: তেলে পেঁয়াজ ভেজে আদা-রসুন যোগ করুন। এবার মাংস দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন। তারপর দিন লবণ, মরিচগুঁড়া, গোলমরিচ ও সয়া সস। এবার অল্প পানিতে, ঢেকে রান্না করা চাই। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন।
স্পাইসি লাজানিয়া
উপকরণ: লাজানিয়া শিট ৮-১০টি, কিমা (চিকেন/বিফ) ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, টমেটো সস ১ কাপ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, বেচামেল সস ১ কাপ, মোজারেলা চিজ ১ কাপ।
প্রণালি: পেঁয়াজ ও রসুনযোগে কিমা ভেজে টমেটো সস ও চিলি ফ্লেক্স দিন। এবার একটি বেকিং ডিশে প্রথমে শিট, তার ওপর কিমা, তারপর বেচামেল এবং সবশেষে চিজ দিয়ে লেয়ার করা চাই। একইভাবে ৩-৪টি লেয়ার করে নিয়ে, ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০-৩৫ মিনিট বেক করুন। ওপরে চিজ গলে ব্রাউন হলে পরিবেশন করুন।
