প্রতিদিন আমরা ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে—কোন জিনিস কত দিন পর বদলানো উচিত। বিশেষজ্ঞদের মতে, অনেক ব্যবহৃত গৃহস্থালি সামগ্রী সময়ের সঙ্গে জীবাণু জমায়, কার্যকারিতা হারায় এবং অজান্তেই স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। যেমন একটি টুথব্রাশ ৩–৪ মাস পর বদলানো উচিত। রান্নাঘরের স্পঞ্জ, যা সবচেয়ে বেশি জীবাণু বহন করে, সেটি ১–২ সপ্তাহের মধ্যেই পরিবর্তন করা ভালো। একইভাবে, তোয়ালে নিয়মিত ধোয়ার পরও ১–২ বছরের মধ্যে পরিবর্তন করা দরকার। কারণ, এতে গন্ধ হওয়াসহ ব্যাকটেরিয়া জমতে পারে।

শোয়ার ঘরের জিনিসপত্রেও নজর দেওয়া জরুরি। বালিশ ১–২ বছরে এবং ম্যাট্রেস ৭–১০ বছরে পরিবর্তন করা উচিত, যাতে আরাম ও স্বাস্থ্য বজায় থাকে। এ ছাড়া মব বা পরিষ্কারের ব্রাশের মতো জিনিসগুলোও কয়েক মাস পরপর বদলানো জরুরি। কারণ, এগুলো সব সময় ভেজা থাকে।

একটি স্বাস্থ্যকর ঘর শুধু পরিষ্কার রাখলেই হয় না, সময়মতো পুরোনো জিনিস বদলানোও সমান গুরুত্বপূর্ণ। ছোট ছোট এই অভ্যাস নিশ্চিত করতে পারে একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও পরিচ্ছন্ন জীবনযাপন।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
