বিউটি বক্স
হ্যাজেল স্টুডিওর আইশ্যাডো প্যালেট
বাংলাদেশি বিউটি ব্র্যান্ড হ্যাজেল স্টুডিও। কাজ করে বঙ্গ ললনাদের সাজিয়ে তুলতে। ওয়ার্ম ব্রাউন থেকে ফেয়ার স্কিন টোনের চোখের সাজে বাজারে এনেছে নতুন পণ্য। আইশ্যাডো প্যালেট। হাইলি পিগমেন্টেড। তাই সাজে আসে সাবলীলতা। প্রতিটি শেড নিজের অবস্থান জানান দেয়। পরীক্ষাগারে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে তৈরি। দুটি প্যালেটের আছে বিশেষ নাম, যেখানে দেশিয়ানা শতভাগ। ‘রূপকথা’ ও ‘সন্ধ্যা’। প্রথমটিতে ম্যাট ও শিমারি লুক; দ্বিতীয়টিতে স্মোকি এসেনশিয়াল। এ দুয়ের সম্মিলনে রয়েছে আরও একটি প্যালেট। বোল্ড লুকের জন্য। দিন থেকে রাত—সব সময়ের সাজে ব্যবহার উপযোগী। দাম ৮৫০ টাকা।
গিসু হেয়ার রিপেয়ার সেরাম
মধুময় এক ব্র্যান্ড, গিসু। তাদের এবারের সংযোজন মধুযুক্ত চুলের সেরাম; যা ব্যবহারে উপকৃত হবে উষ্কখুষ্ক চুল। স্প্লিট এন্ডস কমে যাবে ৯৪ শতাংশ পর্যন্ত, দাবি ব্র্যান্ডটির। শক্ত হবে চুলের গোড়া। ক্ষয়রোধ করে ফিরিয়ে দেবে ৫ গুণ সুস্থ ও ঝলমলে কোমল চুল। তাই নামকরণ ড্যামেজ রিপেয়ার সেরাম। ছয় প্রজন্ম ধরে মৌমাছি পালন করছেন গিসুর প্রতিষ্ঠাতা নেগিন মিরসালেহি। ডাচ্-ইরানি বংশোদ্ভূত। পরিবারের কাছে শিখেছেন মধুর নানা টোটকা; যা চুলের যত্নে প্রয়োজনীয়। সে জ্ঞানেরই প্রতিফলন এই হেয়ার কেয়ার ব্র্যান্ড। আছে শ্যাম্পু, হেয়ার মাস্ক, প্যাক, তেল, স্প্রে ইত্যাদি। তাপ চুলের শত্রু। অথচ স্টাইল তো করতেই হয়। তখন চুল বাঁচাবে এই সেরাম। ৪৫০ ডিগ্রি ফারেনহাইট বা ২৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ থেকেও দেবে সুরক্ষা। বাংলাদেশে পাওয়া যাবে প্রায় ৭ হাজার টাকায়।
কেক বিউটির কার্ল ফ্রেন্ড
কোঁকড়া চুল সামলে যাবে। পাবে যথার্থ ভলিউম। কমবে ফ্রিজিনেস। দেখাবে আরও ঝলমলে। এমনটা চাইলে ব্যবহার করা যেতে পারে কেক বিউটির নতুন কার্ল ডিফাইনিং ক্রিম। কার্ল ফ্রেন্ড। রঙিন ও সুন্দর প্যাকেজিংয়ের জন্য অল্প সময়ে পরিচিতি পেয়েছে কানাডাভিত্তিক এই হেয়ার ও বডি কেয়ার ব্র্যান্ড। প্যারাবেন ও সালফেটের মতো ক্ষতিকর রাসায়নিক নেই তাদের পণ্যে। এতে আছে অ্যাভোকাডো, সয়াবিন তেল এবং শিয়া বাটার। ভেজা চুলের হালকা হাতে ক্রিম প্রয়োগ করে নিলেই হলো। আটকে যাবে চুলের প্রাকৃতিক কার্লগুলো। থাকবে অনেকটা সময়। দেখাবে মসৃণ, পরিপাটি ও নিখুঁত। বিনিময় মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।
সাম বাই মি সুপার মাচা কিট
কে-বিউটি জগতের জনপ্রিয় নাম সাম বাই মি। প্রকৃতিকে বোতলবন্দি করে ব্র্যান্ডটি। ত্বকের জন্য যা কিছু ভালো, তা-ই সংগ্রহ করে পরিবেশ থেকে। বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করে পণ্যের কার্যকারিতা। একের ভেতর সব নয়, আছে সমস্যা অনুযায়ী সমাধান। ত্বকে অতিরিক্ত পোরস বা দৃশ্যমান রোমকূপের সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য ব্র্যান্ডটি এনেছে নতুন সমাধান। ত্বকে মাচার জাদুকরি শক্তির প্রয়োগ নিশ্চিত করতে সুপার মাচা পোর কেয়ার স্টার্টার কিট। এতে আছে ক্লিনজিং জেল, ক্লে মাস্ক, টোনার ও সেরাম। সবই ২ আউন্সের কম। অর্থাৎ, বেশ ট্রাভেল-ফ্রেন্ডলি। কেনা যাবে ১ হাজার ৫০০ টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
