skip to Main Content

হেঁশেলসূত্র I হালকা নৈশভোজ

রোজার মাসে রাতের খাবার খুব গুরুত্বপূর্ণ। এমনিতেই রকমারি ইফতারিতে উদরের ওপর বেশ চাপ পড়ে। আবার আছে সাহরীতে ভরপুর খাওয়ার ব্যাপার। মাঝখানে তাই নৈশভোজ এড়িয়ে যান অনেকে। তবে হালকা, সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে চান যারা, তাদের জন্য পাঁচটি রেসিপি দিলেন নাজিয়া ফারহানা

ছবি: হুমায়রা আরমিন পৃথী

কোল্ড টমেটো-স্ট্রবেরি গাজপাচো

উপকরণ: টমেটো ৩টি, স্ট্রবেরি ৫-৬টি, শসা আধা কাপ, রসুন ১ কোয়া, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে স্মুথ করুন। প্রয়োজনে অল্প ঠান্ডা পানি যোগ করতে পারেন। এরপর এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে, ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

গ্রিল হোল ফিশ

উপকরণ: মাছ (আস্ত) ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল অথবা বাটার ২ টেবিল চামচ।
প্রণালি: মাছ পরিষ্কার করে, সব উপকরণে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করুন। এবার গ্রিল প্যান বা ওভেনে মাছের দুপাশ সোনালি রঙা হওয়া পর্যন্ত গ্রিল করা চাই। লেবু ও ভেজিটেবলের সঙ্গে পরিবেশন করুন।

লেটুস র‌্যাপ চিকেন কিমা

উপকরণ: চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লেটুসপাতা প্রয়োজনমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: প্যানে তেল গরম করে আদা ও রসুন ভাজুন। তারপর পেঁয়াজ যোগে হালকা নরম করা চাই। এবার চিকেন কিমা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যোগ করুন সয়া সস, অয়েস্টার সস ও গোলমরিচের গুঁড়া। শুকনো হয়ে এলে চুলা থেকে নামিয়ে, লেটুসপাতায় কিমা দিয়ে র‌্যাপ করে পরিবেশন করুন।

লেমন-পার্সলে প্রন রাগু

উপকরণ: চিংড়ি (খোসা ছাড়ানো) ২৫০ গ্রাম, রসুনকুচি ১ চা-চামচ, লেমন জেস্ট বা লেবুর খোসার কুচি আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পার্সলে কুচি ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো।
প্রণালি: প্যানে অলিভ অয়েল গরম করে রসুন ভাজুন। এরপর চিংড়ি যোগ করে দ্রুত নেড়ে, লেবুর রস, লেমন জেস্ট, লবণ ও গোলমরিচ দিন। এবার চুলা বন্ধ করে ওপরে পার্সলে কুচি ছড়িয়ে দিন। গরম-গরম পরিবেশন করুন।

স্টিমড ভেজি-এগ কাপ

উপকরণ: ডিম ৩টি, গাজরকুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, দুধ ২ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো।
প্রণালি: শুরুতে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে, ছোট কাপ বা মাফিন মোল্ডে ঢেলে নিন। তারপর স্টিমারে ১০-১২ মিনিট স্টিম করে, হালকা নরম হলে নামিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top