skip to Main Content

ফিচার I দুধে-মসলায় রাজকীয় রান্না

খাবারে মসলাযোগের ইতিহাস বেশ পুরোনো ও দীর্ঘ। দুধের পদে সুগন্ধি মসলার উপস্থিতিও নতুন নয়; বিশেষত রাজসিক খাদ্যপদে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা

ইতিহাসের শুরু থেকে মানুষের জীবনে পুষ্টির উৎসের পাশাপাশি খাদ্য হচ্ছে অভিজ্ঞতা, স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যম। প্রাগৈতিহাসিক যুগের বাসিন্দারা বনভূমির নানা উদ্ভিজ্জ উপাদান সংগ্রহ করতেন খাদ্যের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে, কিছু বীজ, ডাল, ছাল ও ফুল শুধু খেতে ভালো নয়; সেগুলোর সুবাস খাবারকে প্রাণবন্ত করে তোলে। এই প্রাথমিক জ্ঞান থেকে মূলত সুগন্ধি মসলার ব্যবহার শুরু, যা খাদ্যের স্বাদ, সুগন্ধ, আকর্ষণ বাড়িয়ে তুলে মানবসভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে উন্নত প্রাচীন মিসরীয় সভ্যতায় সুগন্ধি মসলার ব্যবহার রান্নার পাশাপাশি ধর্মীয় আনুষ্ঠানিকতা, স্বাস্থ্যচর্চা এবং মমি তৈরির প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রিক ও রোমান সভ্যতাও ভারত ও পারস্য থেকে সুগন্ধি মসলা আমদানি করত। ধীরে ধীরে শীর্ষস্থানীয় প্রায় সকল সভ্যতায় সুগন্ধি মসলা হয়ে ওঠে খাদ্য, সংস্কৃতি, আচার-রীতি, আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক।
ভারতীয় উপমহাদেশে সুগন্ধি মসলার ব্যবহার দীর্ঘ ও সমৃদ্ধ। কেরালা, মালাবার উপকূল, কাশ্মীর, শ্রীলঙ্কা এবং মালুকো দ্বীপপুঞ্জের মসলা; যেমন এলাচি, গোলমরিচ, জাফরান, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, আদা, হলুদ, ধনিয়া, জিরা ইত্যাদি বিশ্ববাণিজ্যের মনোযোগের কেন্দ্র পেয়েছিল। এই মসলাগুলো এত মূল্যবান ছিল যে এ নিয়ে রক্তক্ষয়ী অসংখ্য যুদ্ধ হয়েছে। উৎপত্তি স্থান থেকে দুধনির্ভর রাজসিক সব রান্নায় সুগন্ধি মসলার ব্যবহার ঘিরে আমাদের এই আয়োজন।
রান্নায় রাজকীয়তা
দুধনির্ভর রাজসিক রান্নার ইতিহাস আসলে স্বাদ, সুবাস ও ঐশ্বর্যের এক অনন্য কাব্য! ভারতীয় উপমহাদেশের মোগল দরবার থেকে শুরু করে পারস্য ও মধ্য এশিয়ার প্রভাবিত রান্নাঘর—সবখানেই দুধ, ক্ষীর, মাখন, ঘি, দই ও ক্রিম ছিল বিলাসী খাদ্যের প্রধান উপাদান। দুধের স্বাদ স্বাভাবিকভাবে হালকা ও মিষ্টি। তাই রাজসিক রান্নায় এমন মসলার প্রয়োগ দেখা যায়, যা তীব্র নয়; বরং সুগন্ধ সমৃদ্ধ। যেমন এলাচি, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ কিংবা জাফরান। এই মসলাগুলোর প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য বা স্বাদ রয়েছে; তবে দুধের সঙ্গে মিলিত হয়ে এগুলো এক মসৃণ ও পরিমিত স্বাদের জগৎ নির্মাণ করে।
দুধে ঝাল
সাধারণত দুধকে আমরা মিষ্টি, মৃদু ও প্রশান্ত স্বাদের সঙ্গে যুক্ত করি। কিন্তু বিভিন্ন দেশের রাজসিক রন্ধনশৈলীতে দুধ, দই, ক্রিম কিংবা নারকেলের দুধ—এসব উপাদান ঝাল ও সুগন্ধি মসলার সঙ্গে মিলিত হয়ে তৈরি করে এক ভারসাম্যপূর্ণ, গভীর ও পরিশীলিত স্বাদ। এখানে ঝাল মসলার সুবাস ও দুধের মোলায়েমের ভেতর দিয়ে খাবারের স্বাদ ধীরে ধীরে অনুভূত হয়। মোগলীয় ধারার পদ; যেমন কোরমা, রেজালা কিংবা শাহি কোরমায় দই ও ক্রিমের বেসের ওপর নির্ভর করে ঝাল ও সুগন্ধের স্তর তৈরি করা হয়। আদা-রসুনবাটা, সাদা বা সবুজ মরিচ, কখনো লাল মরিচের হালকা রং—এসবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হয় মসলা। এই ঝাঁজকে কোমল করে দুধ বা দই, আর তার ভেতরে প্রাণসঞ্চার ঘটায় এলাচি, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী কিংবা গোলমরিচের মতো সুগন্ধি মসলা।
দুধ দিয়ে তৈরি ঝাল খাবারের মূল রহস্য হলো সামঞ্জস্য। উদাহরণস্বরূপ, কোরমায় কাজুবাদামের পেস্ট দুধের সঙ্গে মিশে ঘন ও মসৃণ ঝোল তৈরি করে। এই ঝোলের মধ্যে যখন হালকা ভাজা গরমমসলার গুঁড়া মেশানো হয়, তখন সুবাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মরিচের তীব্রতা দুধের চর্বিজাত উপাদান শোষণ করে কিছুটা নরম হয়ে যায়; ফলে ঝালের স্বাদ মুখে আরামদায়ক উষ্ণতা দেয়, কঠিন ঝাঁজ হিসেবে নয়। এ ধরনের রান্নায় সুগন্ধি মসলার ব্যবহার ঘটে মূলত কৌশলনির্ভর। গোটা এলাচি, দারুচিনি বা লবঙ্গ প্রথমে ঘি বা তেলে ফোড়ন দেওয়া হয়, যাতে এগুলোর ঘ্রাণ তেলের মধ্যে মিশে যায়। এরপর সেই তেলেই ভাজা হয় মাংস বা সবজি। পরে দই বা দুধ যোগ করলে মসলার সুবাস ধীরে ধীরে ঝোলের সঙ্গে একাত্ম হয়ে ওঠে।
নারকেলের দুধভিত্তিক ঝাল পদেও একই রকম রন্ধনশৈলীর দেখা মেলে। দক্ষিণ ভারতীয় বা উপকূলীয় রান্নায় শুকনো লাল মরিচ, কারিপাতা, গোলমরিচ ও ধনিয়ার সঙ্গে নারকেলের দুধ মিলিয়ে এক সমৃদ্ধ ও ঝাল স্বাদের তরকারি তৈরি হয়। দুধ এখানে ঝালের ঝাঁজ কমিয়ে দেওয়ার পাশাপাশি মসলার ঘ্রাণকে তীব্র করে তোলে।
দুধনির্ভর ঝাল রান্নায় সময় ও তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। বেশি আঁচে দুধ কেটে যেতে পারে, আবার কম আঁচে দীর্ঘক্ষণ রান্না করলে মসলার স্বাদ গভীরভাবে মিশে যায়। তাই ধৈর্য, মাপজোখ ও অভিজ্ঞতা—এই তিনের সমন্বয়ে তৈরি হয় প্রকৃত রাজসিক স্বাদ।
মিষ্টান্নে মসলা
উপমহাদেশীয় ঐতিহ্যে ক্ষীর, পায়েস, ফিরনি, শাহি টুকরা, রাবড়ি কিংবা দুধপাক—সবকিছুর কেন্দ্রে রয়েছে দুধের মোলায়েম ভাব। কিন্তু এই বৈশিষ্ট্য একঘেয়ে হতে দেয় না এলাচি, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ কিংবা জাফরানের মতো মসলা। এগুলো শুধু ঝাঁজই এনে দেয় না; বরং সুবাসের স্তর তৈরি করে, স্বাদের গভীরতা বাড়ায়।
এলাচি সম্ভবত দুধনির্ভর মিষ্টির সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। ক্ষীর বা পায়েস যখন শেষ পর্যায়ে, তখন অল্প এলাচিগুঁড়া মিশিয়ে দিলে যে সতেজ, মিষ্টি ঘ্রাণ তৈরি হয়, তা যেন পুরো পদকে প্রাণ দেয়। দারুচিনি একটু ভিন্ন বৈশিষ্ট্যের; এটি উষ্ণতা আনে। বিশেষ করে দুধ জ্বাল দিয়ে ঘন করার সময় একটি ছোট দারুচিনির টুকরো ফেলে দিলে দুধের ভেতর মৃদু, কাঠসুলভ উষ্ণ সুবাস মিশে যায়। অন্যদিকে, জায়ফল ও জয়ত্রী বেশ শক্তিশালী মসলা; তাই এগুলোর ব্যবহার সামান্য। কিন্তু সেই সামান্য স্পর্শই মিষ্টান্নে এক গভীর, প্রায় মাদকতাময় আবহ তৈরি করে। বিশেষত ফিরনি বা ঘন দুধের পুডিংয়ে এগুলোর উপস্থিতি স্বাদকে এক ধাপ পরিশীলিত করে তোলে।
জাফরান দুধনির্ভর মিষ্টান্নে এক অনন্য মর্যাদা বহন করে। অল্প উষ্ণ দুধে কয়েকটি জাফরান রেশম ভিজিয়ে রেখে তা যখন ক্ষীর বা রাবড়িতে মেশানো হয়, তখন সোনালি আভা ও সূক্ষ্ম সুবাস মিলিয়ে এক রাজকীয় রূপের উৎপত্তি ঘটে। এটি শুধু রঙের জন্য নয়; এর স্বাদও দুধের মাধুর্যকে করে আরও গভীর ও সমৃদ্ধ। অনেক সময় গোলাপজল বা কেওড়া জলও ব্যবহার করা হয়, যা প্রকৃতপক্ষে সুগন্ধি উপাদান হিসেবে কাজ করে। এগুলো মসলার মতো তীব্র নয়; বরং এক মৃদু ফুলেল আবরণ দেয়, বিশেষত শাহি টুকরা বা দুধভিত্তিক মিষ্টি পোলাওয়ে।
দুধনির্ভর মিষ্টান্নে সঠিক সময়ে মসলার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা মসলা জ্বাল দেওয়ার সময় ব্যবহার করলে সুবাস ধীরে ধীরে মিশে যায়; আবার গুঁড়া মশলা শেষ পর্যায়ে যোগ করলে এর সতেজ ঘ্রাণ অটুট থাকে। এই সূক্ষ্ম নিয়ন্ত্রণই রাজসিক রন্ধনশৈলীর পরিচয়।
ভারতীয় উপমহাদেশে আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ; যেমন চরক সংহিতা ও সুশ্রুত সংহিতাতে হলুদ, আদা, দারুচিনি, গোলমরিচ, জিরা প্রভৃতি মসলার নানা ঔষধি গুণের উল্লেখ মেলে। হলুদকে প্রদাহনাশক ও জীবাণুনাশক হিসেবে, আদাকে হজমশক্তি বৃদ্ধিতে এবং গোলমরিচকে সর্দি-কাশি উপশমে ব্যবহার করার কথা লিপিবদ্ধ আছে। একইভাবে গ্রিক চিকিৎসাবিদ হিপোক্রেটিস খাদ্যকে ওষুধ হিসেবে দেখতেন এবং বিভিন্ন মসলার ব্যবহারকে স্বাস্থ্যরক্ষার অংশ মনে করতেন। তার বিখ্যাত বই হিপোক্রেটিক করপাসে মসলার ব্যবহারাদি নিয়ে বিশদ বিবরণ পাওয়া যায়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইউনানি চিকিৎসা পদ্ধতিতে দারুচিনি, লবঙ্গ ও এলাচির মতো মসলা শরীরের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বলে বহু আগে থেকে বিবেচিত হতো। চীনা প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও আদা ও দারুচিনি উষ্ণ প্রকৃতির ভেষজ হিসেবে ব্যবহৃত হয়েছে।
চিকিৎসা থেকে রান্নায় মসলার প্রবেশ ছিল একেবারে স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ যখন বুঝতে পারল, কিছু মসলা হজমে সহায়ক, সংক্রমণ প্রতিরোধে কার্যকর এবং খাবার দীর্ঘক্ষণ সংরক্ষণে সাহায্য করে, তখন তা দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত হতে শুরু করে। উষ্ণ আবহাওয়ার দেশে মাংস সংরক্ষণে লবঙ্গ, গোলমরিচ ও দারুচিনির ব্যবহার ছিল অত্যন্ত কার্যকর। বাণিজ্যপথও মসলার বিস্তারে বড় ভূমিকা রেখেছে। প্রাচীন সিল্ক রুট ও ভারত মহাসাগরীয় বাণিজ্যের মাধ্যমে ভারত, আরব ও ইউরোপে মসলার আদান-প্রদান হতো। ইউরোপে একসময় গোলমরিচ ছিল ‘কালো সোনা’ নামে পরিচিত। এই চাহিদাই পরবর্তীকালে সামুদ্রিক অভিযানের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
প্রথমদিকে সুগন্ধি মসলার ব্যবহার সীমিত ছিল রাজকীয় রান্নায়। ভারতীয় উপমহাদেশে মোগল ও নবাবেরা বিশেষভাবে ঘি-ভিত্তিক কারি, পোলাও এবং মিষ্টান্নে এগুলো ব্যবহার করতেন। স্বাদ ও সুবাসের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার এই রন্ধনপদ্ধতি ধীরে ধীরে সাধারণ মানুষের রান্নায়ও ছড়িয়ে পড়ে।
 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top