skip to Main Content

সুলুকসন্ধান I যেভাবে এলো রেডি মিক্স

উৎসব হোক কিংবা নিত্যদিনের রেসিপি, বিভিন্ন রেডি মিক্স এখন রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ। মাংসের মসলা, মাছের ঝোল, সুগন্ধি বিরিয়ানি কিংবা মিষ্টান্ন—একসময় এসব তৈরি করতে উৎসব, পার্বণের আগে গৃহিণীদের সারা রাত কাটত রান্নাঘরে। সেই ঝামেলা অনেকটাই কমেছে রেডি মিক্স বা তৈরি মসলার বদৌলতে। এর প্যাকেটজাত হওয়ার গল্প শোনাচ্ছেন নাঈমা তাসনিম

ভারতীয় উপমহাদেশে মসলা মিশ্রণের ঐতিহ্য বহু প্রাচীন। আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আঞ্চলিক রান্না অবধি, বিভিন্ন মসলার সমন্বয় ছিল বৈদ্য, কবিরাজ, রাঁধুনি ও পাচকদের জ্ঞান আর অভিজ্ঞতার ফল। মোগল যুগে দরবারি রান্নায় জটিল মসলা মিশ্রণের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। সম্রাট আকবরের আমলের প্রশাসনিক দলিল আইন-ই-আকবরিতে বিভিন্ন খাদ্য ও উপাদানের বিশদ বিবরণ পাওয়া যায়, যা নির্দেশ করে, মসলার সংমিশ্রণ ছিল উচ্চ রুচির রন্ধনপ্রণালির অংশ। তবে সে সময় সব মসলা ঘরে বা রাজকীয় রান্নাঘরে প্রস্তুত হতো। বাজারজাত ও ব্র্যান্ডনির্ভর রেডি মিক্সের যাত্রা মূলত বিশ শতকের দিকে শুরু হয়।
বৈশ্বিক চাহিদার উত্থান
ঔপনিবেশিক যুগে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে চলে আসে মসলা। ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপ, আমেরিকায় ভারতীয় মসলা রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজার গড়ে তোলে। উনিশ ও বিশ শতকের সন্ধিক্ষণে শিল্পবিপ্লব-উত্তর সমাজে, খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটি স্বতন্ত্র শিল্প খাতে রূপ নেয়। এ সময়ে ‘কারি পাউডার’ ধারণাটি ইউরোপীয় বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। প্রাথমিকভাবে দক্ষিণ এশীয় রান্নার বহুবিধ স্বাদের সরলীকৃত রূপ হলেও এটিই প্রথম বাণিজ্যিকভাবে সংগঠিত মসলা মিশ্রণ। বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এমসি করমিক অ্যান্ড কোম্পানি বিশ্বব্যাপী প্যাকেটজাত মসলা ও সিজনিং বাজারে নেতৃত্ব দেয়। তাদের কৌশল ছিল মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডনির্ভর আস্থা এবং সুপারমার্কেটভিত্তিক বিতরণব্যবস্থা। একইভাবে ইউরোপীয় বাজারে বিভিন্ন রেসিপিভিত্তিক সিজনিং মিক্সকে জনপ্রিয় করে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি সোয়ার্জ।
দক্ষিণ এশিয়ার অগ্রগণ্য ব্র্যান্ড
ভারতীয় উপমহাদেশে ১৯১৯ সালে ধীরাজলাল জৈন, ‘এমডিএইচ’ তথা ‘মহাশিয়ান দে হট্টি’ প্রথমে একক প্যাকেটজাত গুঁড়া মসলার মাধ্যমে বাজারে প্রবেশ এবং ধীরে ধীরে নির্দিষ্ট রান্নার জন্য প্রস্তুত মিশ্রণ চালু করে। পরবর্তীকালে ‘এভারেস্ট স্পাইসেস’ ব্যাপক বিজ্ঞাপন ও দেশব্যাপী সাপ্লাই নেটওয়ার্কের মাধ্যমে রেসিপিভিত্তিক মসলা মিক্সকে জনপ্রিয় করে তোলে। তাদের বাজারজাতকরণের কৌশল ছিল স্ট্যান্ডার্ডাইজড টেস্ট প্রতিষ্ঠাকরণ; অর্থাৎ ঘরে ঘরে একই স্বাদ নিশ্চিত করার প্রতিশ্রুতি।
পাকিস্তানে রেডি মিক্স বাজারের এক উল্লেখযোগ্য পাইওনিয়ার হিসেবে আবির্ভূত হয় ‘শান ফুডস’। তারা নির্দিষ্ট আঞ্চলিক ও উৎসবভিত্তিক রান্নার জন্য পৃথক মিক্স তৈরির পাশাপাশি প্রবাসী দক্ষিণ এশীয়দের লক্ষ্য করে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে তাদের পণ্য দ্রুত জনপ্রিয়তা পায়। বাজারে সাড়া এতই ইতিবাচক ছিল, অল্প সময়ের মধ্যে এটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়। বাংলাদেশি বাজারেও দীর্ঘদিন শানের একচ্ছত্র আধিপত্য ছিল।
দেশের বাজারে রেডি মিক্স
বাংলাদেশের প্রেক্ষাপটে, ২০০০ সালের দিকে রেসিপি-নির্ভর রেডি মিক্সকে মূলধারায় প্রতিষ্ঠা করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’। বিরিয়ানি, কোরমা, রোস্ট ও হালিম মসলার মতো পণ্য দ্রুত শহুরে মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে জায়গা করে নেয়। তাদের বাজারজাতকরণে ছিল টেলিভিশন বিজ্ঞাপন, প্যাকেটের গায়ে রেসিপি নির্দেশনা এবং নির্ভরযোগ্য স্বাদের প্রতিশ্রুতি। ভোক্তাদের প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ায় অল্প সময়ে রেডি মিক্স একটি নিয়মিত গৃহস্থালি পণ্যে পরিণত হয়। কাছাকাছি সময়ে ‘এসিআই পিউর’ মান নিয়ন্ত্রিত একক মসলার ভিত্তির ওপর দাঁড়িয়ে রেডি মিক্স সেগমেন্টে প্রবেশ করে। পরবর্তীকালে প্রাণ ফুডস নিজেদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে রেডি মিক্স পণ্য গ্রামীণ ও প্রবাসী বাজারে ছড়িয়ে দেয়। ফলে রেডি মিক্স আর শুধু শহুরে সুপারশপের পণ্য নয়; জাতীয় পর্যায়ে সহজলভ্য ভোগ্যপণ্যে পরিণত হয়।
দ্রুত জনপ্রিয়তার কারণ
টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ও সুপারমার্কেটের প্রচারভিত্তিক কৌশল রেডি মিক্সকে পরিচিত করেছে; বিশেষ করে রেসিপি-নির্দেশনা, ভিডিও টিউটরিয়াল এবং গ্রাহক পর্যালোচনা এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। রেডি মিক্স বাজারজাত করার পর ভোক্তা-প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আস্থা ও স্বাচ্ছন্দ্য। একদিকে কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি, একক পরিবারের বিস্তার এবং ব্যস্ত জীবনে সময় সংকট—এই সামাজিক বাস্তবতায় রেডি মিক্স দ্রুত গ্রহণযোগ্যতা পায়। একই সঙ্গে বিজ্ঞাপন ও প্যাকেজিং ভোক্তার মধ্যে ‘নিশ্চিত ফলাফলে’র ধারণা তৈরি করে।
রেডি মিক্সের স্থায়িত্ব এবং স্বাদ রক্ষা করার ক্ষেত্রে আধুনিক প্যাকেজিং প্রযুক্তি মূল ভূমিকা রাখে। সাধারণভাবে, ভ্যাকুয়াম সিলিং, এয়ারটাইট কনটেইনার এবং ফয়েল লাইন প্যাকেজ ব্যবহার করা হয়। এতে বাতাস ও আলো থেকে মসলা সুরক্ষা পায় এবং গুঁড়া মসলার সুগন্ধ দীর্ঘ সময় অক্ষুণ্ন থাকার সম্ভাবনা বাড়ে। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সংযোজন এবং বিশেষ প্রিজারভেটিভ ব্যবহারের মাধ্যমে প্যাকেটজাত মিশ্রণ দীর্ঘ সময় সতেজ থাকে। আধুনিক প্যাকেজিংয়ে রেসিপি নির্দেশ, প্রস্তুতির সময়, পুষ্টি তথ্য এবং কিউ আর কোডের মাধ্যমে ভিডিও টিউটরিয়াল দেওয়া হয়, যা ব্যবহারকারীর জন্য আরও সুবিধাজনক।
রেডি মিক্স শুধু সময় বাঁচায় না; রান্নার ক্ষেত্রে বৈচিত্র্যও নিয়ে আসে। এখন বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের রেসিপিভিত্তিক রেডি মিক্স—বিরিয়ানি, কোরমা, হালিম, রোস্ট বা স্থানীয় আঞ্চলিক খাবারের মিশ্রণ। শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বাদ অনুযায়ী মিশ্রণও জনপ্রিয় হচ্ছে; যেমন থাই কারি, মেক্সিকান টাকো, ইন্দোনেশিয়ান সাটে। এ ছাড়া উৎসবভিত্তিক বা বিশেষ অনুষ্ঠান অনুযায়ী প্রস্তুত করা মিক্সও তৈরি হয়। মজার ব্যাপার হচ্ছে, রেডি মিক্স তার ব্যবহারকারীদের নতুন নতুন রেসিপি ট্রাই করতেও উদ্বুদ্ধ করে।
ইতিবাচক অন্যান্য দিক
সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং স্বাস্থ্যসচেতনতার বৃদ্ধি রেডি মিক্স শিল্পে বড় প্রভাব ফেলেছে। এখন ভোক্তারা শুধু স্বাদ নয়; পুষ্টিমান ও উপাদানের উৎস সম্পর্কেও সচেতন। ফলে বাজারে এসেছে নতুন প্রজন্মের রেডি মিক্স, যেগুলোকে স্বাস্থ্যবান্ধব হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ‘কম লবণ, কম চিনি, অর্গানিক মসলা’যুক্ত মিক্স এখন অনেক ব্র্যান্ডের পণ্যে পাওয়া যায়। এতে স্বাদের ভারসাম্য বজায় রেখে সোডিয়াম ও অতিরিক্ত মিষ্টতার মাত্রা কমানোর চেষ্টা করা হয়। একইভাবে গ্লুটেন-ফ্রি মিক্স বিশেষভাবে সেই সব মানুষের জন্য তৈরি, যাদের গ্লুটেন সংবেদনশীলতা বা নির্দিষ্ট খাদ্যনিয়ন্ত্রণ প্রয়োজন। কিছু প্রতিষ্ঠান দাবি করছে, তাদের পণ্যে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় এবং কৃত্রিম রং, সংরক্ষণকারী বা অতিরিক্ত অ্যাডিটিভ নেই। শিশুদের জন্য তৈরি মিক্সে সাধারণত হালকা মসলা ও সহজপাচ্য উপাদান রাখা হয়, যাতে স্বাদ কোমল এবং পুষ্টিগুণ বজায় থাকে। এ ছাড়া প্যাকেটজাত পণ্যে এখন পুষ্টি তথ্য, ক্যালরি বিবরণ, উপাদানের তালিকা ও প্রস্তুতির সময়কালের স্পষ্ট উল্লেখ মেলে। এই স্বচ্ছতা ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফলে আধুনিক রেডি মিক্স স্বাস্থ্য, সুবিধা ও তথ্যভিত্তিক খাদ্যাভ্যাসের একটি সমন্বিত সমাধান হয়ে উঠছে ক্রমেই।

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top