সম্পাদকীয়
ঈদ মোবারক।
এমন আনন্দলগ্নে ক্যানভাস সাজল ঈদের সাজে। সেই সঙ্গে গ্রেগরি ক্যালেন্ডার অনুসারে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ২৬ মার্চ আমাদের গৌরবময় মহান স্বাধীনতা দিবস—এ দুই বিষয়েরও রইল উপস্থিতি।
গয়না ছাড়া ঈদের সাজ যেন জমেই না! এসব অলংকার ব্যবহারের রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। তার সঙ্গে মিশ্রণ ঘটেছে হালের হাওয়ার। এ বিষয় ঘিরেই এবারের কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাশন সিনারিওতে পিরিয়ড-ফ্রেন্ডলি আউটফিটের বিস্তার, সাজ অনুষঙ্গ হিসেবে ককটেল ওয়াচের আদ্যোপান্ত, বিশেষত পুরুষদের পোশাক-পরিচ্ছদে এক রঙের আভিজাত্য ইত্যাদি বিষয়ের অবতারণা।
বিউটি সেগমেন্টে উৎসব ঘিরে আমার বিশেষ সিগনেচার বিউটি ওয়ার্কের নমুনা রইল বরাবরের মতো। আরও রয়েছে ঋতুস্রাবের সময়কার সৌন্দর্যচর্চার কলাকৌশল, ইতিহাসের পাতা থেকে বর্তমান অবধি হাম্মাম রিচুয়ালের পথপরিক্রমা, নখসজ্জায় সলিড জেলোর প্রয়োগে আলোকপাতসহ নিয়মিত বিভাগগুলো।
ঈদের সকালে একটু ঝাল খাবার চেখে দেখার লোভ সামলানো দায়! সেই ইচ্ছা পূরণ করার মতো পাঁচটি রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতেই। সঙ্গে নানা দেশের শাহি ভোজের খোঁজখবর, সুগন্ধি মসলা ও দুধনির্ভর রাজকীয় পদের হাজিরা, এই অঞ্চলে সুলতানি ভোজে দৃষ্টিপাত ইত্যাদি।
স্বাধীনতা—মানুষের এক পরম অধিকার। এর ওপর আলো ফেলা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও জায়গা পেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের গল্প, বিশেষ রসাত্মবোধক রচনা, মহাসমুদ্রের তলদেশে ঢুঁ মেরে আসার ভ্রমণকাহিনি, ফার্টিলিটি বুস্টআপ উপযোগী শরীরচর্চার উপায় সন্ধান প্রভৃতি।
ঈদের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক সবার।
