সম্পাদকীয়
বছর ঘুরে এলো পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস। এমন ক্ষণে আমাদের বিশেষ প্রকাশনা—ক্যানভাস এক্সক্লুসিভ।
বাংলাদেশের ফ্যাশন বাজারে বিদেশি পোশাকের দাপট বহুদিন ধরে চলছে। আর তা কখনো কখনো অনেকটাই বেসামালভাবে। এ নিয়ে দেশি উদ্যোক্তাদের অভিযোগের অন্ত নেই। আবার, ক্রেতাদের অভিমত মিশ্র। তারা একে কীভাবে দেখছেন—আশীর্বাদ নাকি আগ্রাসন? এ বিষয়ে তাদের ভাবনাই বা কী? তা জানার প্রয়াসে জরিপ পরিচালনা করেছি আমরা। সেই নিরিখে এবারের কভারস্টোরি। বিশ্বজুড়ে মডেস্ট ক্লদিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল স্টাইলিস্ট কীভাবে কাজে আসবে, তা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা, লেয়ারিং ফ্রেন্ডলি ওপেন ডিজাইন ও হিজাব পিনের ট্রেন্ড, ঈদের আগেই ঈদ-সাজের আভাস ইত্যাদি বিষয়ও স্থান পেল ফ্যাশন সেগমেন্টে।
বিউটি সেগমেন্টে রয়েছে পরিবর্তিত রুটিনে ত্বকযত্নে পানিশূন্যতা কমানোর উপায় অন্বেষণ, রোজার দিনে নখের যত্ন, মধ্যপ্রাচ্যীয় সৌন্দর্য সংস্কৃতিতে চোখের সাজ ইত্যাদি।
সারা দিন রোজা রাখার পর ইফতার ও সাহরীর মাঝখানে রাতের খাবার অনেকে এড়িয়ে চলেন। কেউ কেউ আবার কী খাবেন, ভেবে অধীর হয়ে ওঠেন। হালকা অথচ সুস্বাদু পাঁচ রেসিপির হাজিরা রইল তাই ফুড সেগমেন্টের শুরুতে। সঙ্গে নিয়মিত বিভাগগুলো।
মানুষের জীবনচর্চায় রোজা নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলে। কলুষতা সরিয়ে অন্তরে কোমলতাকে জায়গা করে দেওয়ার দারুণ উপলক্ষ এ সময়। তাই এ বিষয়ে আলোকপাত করা হলো এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রইল সৌদি আরবের জেদ্দায় নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লোকেশনে ভ্রমণের গল্প, পানিশূন্যতা দূরীকরণের উপযোগী শরীরচর্চার দিকনির্দেশনা, আন্তর্জাতিক মাতৃভাষা ঘিরে ভাষার মাধুর্যের ওপর আলোকপাত ইত্যাদি।
সুস্থ, স্বাভাবিক ও আনন্দময় সময় কাটুক সবার।
