সম্পাদকীয়
একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের গৌরবময় ইতিহাসের বৈশ্বিক স্বীকৃতি। মহান ভাষা আন্দোলনে শহীদ ও সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
গ্রেগরি ক্যালেন্ডারের এ মাসে বাংলার প্রকৃতিতে এক দারুণ বৈচিত্র্যের সম্মিলন। শীতের সমাপনী আর বসন্তের সূচনা। ঝরাপাতা পেরিয়ে পত্রপল্লব ও ফুলে ফুলে বৃক্ষের সাজ। সেই ছোঁয়া রইল এবারের ক্যানভাস জুড়ে। সঙ্গে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের আবহ।
এ মাসেই আয়োজিত হয় অমর একুশে বইমেলা। ভাষা, বসন্ত ও বই—এই তিনের সমন্বয়ে কভারস্টোরিতে পোয়েটকোরের হাজিরা। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে বিশেষ পোর্টফোলিও, ওয়্যারেবল বোটানিক্যাল আর্টে ফ্যাশনিস্তাদের মনে প্রকৃতির কাছে ফেরার আর্তি, রোমান্টিক ফ্যাব্রিকের লাভ স্টোরি ইত্যাদি।
ত্বকযত্নে পুষ্পবন্দনা রয়েছে বিউটি সেগমেন্টে। আরও আছে সাধারণ শিকড় থেকে পাতায় সৌন্দর্যের উপাদানের খোঁজ, ঋতু বদলের সময়ে হাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি আর চুলে তার প্রভাবের প্রতিকার, নখসজ্জায় ফুলের উপস্থিতি অনুসন্ধান প্রভৃতি।
একান্ত প্রিয় মানুষের সঙ্গে খাবার ভাগাভাগি করে নেওয়ার জন্য বিশেষ উপলক্ষের প্রয়োজন পড়ে না। তবু যখন আসে ভালোবাসা দিবস, তা একটু বাড়তি মাত্রা যোগ করে। ফুড সেগমেন্টের শুরুতে তাই রইল এক পাতে দুজনে খাওয়ার মতো পাঁচটি সুস্বাদু ও ভালোবাসাপূর্ণ খাদ্যপদের রেসিপি। সঙ্গে নিয়মিত বিভাগগুলো।
বলা হয়, ভালোবাসা এক অন্ধ আবেগময় অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে। এর সঙ্গে যুক্তির যথাযোগ্য সমন্বয় ঘটাতে না পারলে সম্পর্কে নেমে আসতে পারে বিপর্যয়। এ বিষয়ে আলোকপাত করা হলো এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রইল সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ছবি মেলা ঘিরে বিশেষ ফিচার; সঙ্গে লাভ বোম্বিং নামক মানসিক পীড়ন বুঝতে ও সামলাতে পারার কৌশল উপস্থাপন, সময়োপযোগী শরীরচর্চা, যুক্তরাষ্ট্রের এক ফুলেল শহরে ভ্রমণের গল্প ইত্যাদি।
সময় ভালো কাটুক সবার।
