ফরহিম I স্নানঘর সংস্কৃতি
প্রাচীন রোমে স্নানাগার ছিল নাগরিক জীবনের কেন্দ্রবিন্দু; বিশেষ করে রোমান শাসনামলে নগর-পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে পাবলিক বাথ। মরক্কো, ইতালি, তিউনিসিয়া ও তুরস্কে বর্তমান সময়ে দারুণ জনপ্রিয়। ঘুরতে গিয়ে আয়েশি ত্বকযত্নের সুযোগ পাওয়া গেলে ক্ষতি কি
প্রাচীন বাথহাউস বা হাম্মামগুলোতে পরিচ্ছন্নতা, বিশ্রাম, ব্যায়াম এবং সামাজিক মেলামেশার সমন্বিত ব্যবস্থা ছিল। রোমানরা বিশ্বাস করতেন, শারীরিক পরিচ্ছন্নতা মানসিক ও সামাজিক শৃঙ্খলার প্রতিফলন। তাই শহরের কেন্দ্রস্থলে বিশাল আকারের বাথ কমপ্লেক্স নির্মিত হতো। এসব স্থাপনা শুধু স্নানের জন্য নয়; বরং গ্রন্থাগার, ব্যায়ামাগার, বাগান, সভাকক্ষসহ পূর্ণাঙ্গ নাগরিক কেন্দ্রে রূপ নিয়েছিল।
কুঠুরি-বৃত্তান্ত
রোমান বাথহাউসের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর ধাপভিত্তিক কক্ষ ব্যবস্থাপনা। সাধারণত তিনটি প্রধান কক্ষ থাকত—ঠান্ডা কক্ষ বা ফ্রিজিডারিয়াম, উষ্ণ কক্ষ বা টেপিডারিয়াম এবং গরম কক্ষ বা ক্যালডারিয়াম। এই কাঠামো শরীরকে ধীরে ধীরে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করত। এর পেছনে ছিল এক অসাধারণ প্রযুক্তি—হাইপোকস্ট নামের ভূগর্ভস্থ তাপব্যবস্থা। মেঝের নিচে চুল্লি থেকে গরম বাতাস প্রবাহিত হয়ে ভবনের ভেতর ছড়িয়ে পড়ত। ফলে পুরো স্থাপনা সমানভাবে উষ্ণ থাকত। এই উদ্ভাবন প্রাচীন প্রকৌশলের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রথম শতকের রোমান স্থপতি ও প্রকৌশলী ভিত্রুভিয়ুস তার গ্রন্থ ‘দে আরকিতেকতুরা’ বা ‘অন আর্কিটেকচার’-এ স্নানাগারের নকশা, বায়ু চলাচল এবং তাপ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত লিখেছেন। তার লেখা রোমান স্নান-সংস্কৃতির অন্যতম লিখিত প্রমাণ।
স্নানপুরাণ
রোমান স্নান সংস্কৃতি ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সময়ের বাঁকে এটি স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে মিশে নতুন রূপ নেয়; বিশেষ করে ইসলামি নগর-সংস্কৃতিতে হাম্মাম নামে পরিচিত হয়। হাম্মাম একই ধাপভিত্তিক কাঠামো অনুসরণ করে—ঠান্ডা কক্ষ, উষ্ণ কক্ষ এবং গরম বাষ্প কক্ষ। স্থাপত্যে গম্বুজ, মার্বেল অভ্যন্তর এবং ভূগর্ভস্থ তাপব্যবস্থা বজায় থাকে। হাম্মাম সর্বাধিক বিকশিত হয় উসমানীয় সাম্রাজ্যের সময়ে। ১৪৫৩ সালের পর ইস্তাম্বুল ঘিরে যে অটোমান নগর-সংস্কৃতি গড়ে ওঠে, সেখানে হাম্মাম পরিণত হয় দৈনন্দিন জীবন, ধর্মীয় শুদ্ধতা এবং সামাজিক সম্পর্কের এক অনন্য সমন্বয় কেন্দ্রে। ব্যস্ত নগরজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরে ঢুকলেই প্রথম যে প্রশস্ত, গম্বুজওয়ালা হলঘর চোখে পড়ে, সেটি জামেকান। এখানে আলো নরম, বাতাসে মৃদু আর্দ্রতার আভাস, আর মাঝেমধ্যে ফোয়ারার কলকল আওয়াজ। মানুষ এখানে পোশাক বদলায়, কাঠের মাচায় বসে বিশ্রাম নেয়, আলাপ করে।
জামেকান থেকে সরাসরি তীব্র উষ্ণতার দিকে যাওয়ার নিয়ম নেই। মাঝখানে আছে সোউক্লুক। এটি একটি অন্তর্বর্তী উষ্ণ কক্ষ, যেখানে শরীর ধীরে ধীরে গরম পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। এ যেন রূপান্তরের একটি স্তর। বাইরের জগতের ধুলো মুছে ফেলে ভেতরের প্রস্তুতির সময়। এখানকার উষ্ণতা মৃদু, আলো সংযত, আর পরিবেশে একধরনের অপেক্ষার অনুভূতি; যেন সামনে আরও গভীর অভিজ্ঞতা প্রতীক্ষমাণ।
তারপরই আসে হারারেত, হাম্মামের হৃদ্পিণ্ড যেন। বড় গম্বুজের নিচে কেন্দ্রে থাকে মার্বেলের উষ্ণ পাথর, গোবেক তাশি; যেখানে শুয়ে শরীর ঘামে ভিজে ওঠে। চারপাশে ছোট ছোট কুঠুরি, দেয়ালে মার্বেলের বেসিন—কুরনা, যেখান থেকে গরম ও ঠান্ডা পানি নিয়ে গোসল করা হয়। গম্বুজের ঘুলঘুলি দিয়ে আলো ঢুকে পড়ে, জলীয় বাষ্পের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় আবহ। এই বিন্যাসের পেছনে আছে প্রাচীন রোমান সাম্রাজ্যের স্নানাগার প্রযুক্তির উত্তরাধিকার—মেঝের নিচ দিয়ে গরম বাতাস প্রবাহিত করার হাইপোকাস্ট পদ্ধতি। অটোমানরা সেই প্রযুক্তিকে নিজেদের নান্দনিকতা ও ধর্মীয় চাহিদার সঙ্গে মিলিয়ে নতুন রূপ দেন। বিশেষত তাদের বিখ্যাত স্থাপত্যশিল্পী মিমার সিনান তার স্থাপত্যকর্মে গম্বুজ, আলো ও তাপের ভারসাম্য এমনভাবে নির্মাণ করেন, যাতে গরম কক্ষটি একই সঙ্গে কার্যকর ও শৈল্পিক হয়ে ওঠে। এই সমগ্র ব্যবস্থার অদৃশ্য কেন্দ্র ছিল কুলহান বা চুল্লিঘর। সেখানে আগুন জ্বলত, পানি গরম হতো, আর বিশেষ চ্যানেল দিয়ে উষ্ণ বাতাস মেঝের নিচে ছড়িয়ে পড়ত।
পুরুষদের হাম্মামে স্ক্রাবিং ছিল প্রধান ধাপ। বাষ্পে শরীর কোমল হওয়ার পর অমসৃণ কেসে গ্লাভ দিয়ে মৃত ত্বক সরানো হতো। প্রচলিত উপাদানগুলোর মধ্যে ছিল জলপাইয়ের তেল ও সাবান, তিলের তেল, বাদামের তেল, গোলাপজল, পুদিনাপাতা, কাদামাটি ও লবণ। এই উপাদানগুলো ত্বক পরিষ্কার, কোমল ও সতেজ রাখতে সহায়তা করত।
হাম্মাম সংস্কৃতি
মরক্কোর হাম্মাম সংস্কৃতি উত্তর আফ্রিকার সামাজিকতা, পরিচ্ছন্নতা ও আধ্যাত্মিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য। বিশেষত মারাক্কেশ, ফেজ কিংবা রাবাতের মেদিনা বা পুরোনো নগর এলাকায় আজও ঐতিহ্যবাহী হাম্মাম সক্রিয় রয়েছে। ইসলামি সংস্কৃতিতে পবিত্রতার গুরুত্বের কারণে জুমার নামাজ বা ধর্মীয় উৎসবের আগে হাম্মামে যাওয়ার রীতি প্রচলিত।
মিসরের হাম্মাম সংস্কৃতি বহুস্তরীয় ইতিহাসের ফল। প্রাচীন সভ্যতার স্নানচর্চা, রোমান প্রভাব, এবং পরবর্তীকালে ইসলামি ও অটোমান ঐতিহ্যের মিলনে এটি গড়ে উঠেছে। আজও পুরোনো কায়রো শহরের অলিগলিতে ঐতিহ্যবাহী হাম্মামের অস্তিত্ব টিকে আছে, যদিও আগের মতো ব্যাপক নয়।
তিউনিসিয়ার হাম্মাম সংস্কৃতি উত্তর আফ্রিকার আরব-বারবার ঐতিহ্য ও অটোমান প্রভাবের সংমিশ্রণ। বিশেষত রাজধানী তিউনিসের মেদিনা এলাকায় আজও ঐতিহ্যবাহী হাম্মাম সক্রিয় আছে। বিশেষত সুস ও কাইরুয়ান অঞ্চলে হাম্মাম সংস্কৃতির চর্চা দস্তুর বিদ্যমান। আরব অঞ্চলে, বিশেষত দামেস্ক, জেরুজালেমের মতো প্রাচীন নগরগুলোতে হাম্মাম হয়ে ওঠে মসজিদ ও বাজারের পাশের অপরিহার্য স্থাপনা। ব্ল্যাক অলিভ সোপ, খসখসে দস্তানা দিয়ে শরীর ঘষে পরিষ্কার করা, আর শেষে সুগন্ধি তেল ব্যবহার—এসব রীতি আরব ও ভূমধ্যসাগরীয় জীবনযাত্রার সংমিশ্রণের প্রকাশ ঘটায়। নারীদের ক্ষেত্রে বিশেষ সামাজিক পরিসর, বিয়ে, উৎসব বা পারিবারিক আচার উপলক্ষে দলবদ্ধভাবে হাম্মামে যাওয়া এখনো প্রচলিত।
দিল্লি সালতানাতে পারস্য ও মধ্য এশিয়ার স্থাপত্যধারা দক্ষিণ এশিয়ায় প্রবেশ করে। সেই সূত্রে প্রাসাদ-সংলগ্ন স্নানাগার নির্মিত হতে থাকে। পরবর্তীকালে মোগলেরা এ ধারাকে আরও শৈল্পিক ও প্রযুক্তিগত উৎকর্ষ দেয়। বিশেষত সম্রাট শাহজাহানের আমলে প্রাসাদীয় স্থাপত্যে হাম্মাম এক অনন্য সৌন্দর্য পায়। লাল কেল্লার ভেতরে অবস্থিত রাজকীয় হাম্মাম এর উৎকৃষ্ট উদাহরণ। সেখানে মার্বেল পাথর, নকশা করা মেঝে এবং গরম-ঠান্ডা পানির সুপরিকল্পিত প্রবাহ ছিল।
ইতিকথা
রোমান বাথহাউস থেকে শুরু করে হাম্মাম পর্যন্ত এই ধারাবাহিকতা প্রমাণ করে, স্নানাগার শুধু স্বাস্থ্যসেবা নয়; বরং সামাজিক কাঠামোরও অংশ। এটি নগরসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থাপত্য উদ্ভাবন, সামাজিক সমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাথহাউস ও হাম্মাম মানবসভ্যতার একটি দীর্ঘ ঐতিহ্য বহন করে। ভিত্রুভিয়ুস আদি হাম্মামের স্থপতি হলেও একে শৈল্পিক সৌন্দর্য দিয়ে ইতিহাসের অংশ করে তোলেন সিনান।
হাম্মাম ও রোমান বাথহাউস একই ঐতিহ্যের বিবর্তিত রূপ। প্রাচীন রোমের নগরসভ্যতা থেকে শুরু হয়ে এটি ইসলামি ও অটোমান যুগে নতুন রূপ লাভ করে। স্থাপত্য, প্রযুক্তি ও সামাজিক ব্যবহারের মাধ্যমে এই স্নান-সংস্কৃতি আজও বিশ্ব ঐতিহ্যের অংশ।
নাঈমা তাসনিম
মডেল: যশ মির্জা
মেকওভার: পারসোনা মেনজ
ছবি: কৌশিক ইকবাল
