হেঁশেলসূত্র I ফোড়ন ফিরিস্তি
ফোড়ন বা বাগাড়। রান্নার এমন এক কৌশল, যা এই উপমহাদেশের রন্ধনশৈলীতে বহুল ব্যবহৃত। এর প্রয়োগে বৈচিত্র্যময় খাবার তৈরি সম্ভব। রেসিপি দিলেন নাজিয়া ফারহানা
ছবি: হুমায়রা আরমিন পৃথী
ফোড়নে খুশবু রাইস
উপকরণ: লাল বিন্নি চাল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ১ টুকরা, লবঙ্গ ৩টি, এলাচি ২টি, জিরা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, লবণ স্বাদমতো।
প্রণালি: কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা এবং সব গোটা মসলা দিয়ে ফোড়ন দিন। ধোয়া চাল যোগ করে, ২ মিনিট নেড়ে ভাজুন। পরিমাণমতো পানি ও লবণ দিয়ে রান্না করুন। ভাত হয়ে গেলে কাঁচা মরিচ যোগ করে ঢেকে রাখুন।
হিং ফোড়ন বড়ি সবজি
উপকরণ: আলু ১ কাপ, ফুলকপি ১ কাপ, গাজর আধা কাপ, ডাল বড়ি আধা কাপ, হিং এক চিমটি, জিরা আধা চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।
প্রণালি: বড়ি ভেজে তুলে রাখুন। তেলে জিরা ও হিং ফোড়ন দিন। সব সবজি দিয়ে হালকা ভাজুন। হলুদ ও লবণ যোগ করে, ঢেকে রান্না করুন। সব শেষে বড়ি দিয়ে, ২-৩ মিনিট নেড়ে, চুলা থেকে নামিয়ে নিন।
পাঁচফোড়নে বড়ি মাছ
উপকরণ: পাবদা মাছ ৫ টুকরা, ডাল বড়ি আধা কাপ, পেঁয়াজ (কুচি করা) ১টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, টমেটো ১টি, পাঁচফোড়ন ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, সরিষার তেল ৩ টেবিল চামচ।
প্রণালি: লবণ ও হলুদ দিয়ে মাছ হালকা ভেজে নিন। এরপর বড়ি আলাদা করে ভেজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিন। পেঁয়াজ, আদা-রসুনবাটা ভেজে মসলা বা মরিচগুঁড়া যোগ করা চাই। টমেটো ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। তারপর মাছ ও বড়ি যোগ করে ৫ মিনিট রান্না করুন। সব শেষে কাঁচা মরিচ যোগ করে, চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।
স্মোকি চিকেন চাট
উপকরণ: সেদ্ধ চিকেনকুচি ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, টমেটোকুচি আধা কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ, চাট মসলা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ২টি, গরম কয়লা ১ টুকরা।
প্রণালি: চিকেন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা মিশিয়ে নিন। চাট মসলা ও লেবুর রস যোগ করুন। একটি ছোট বাটিতে গরম কয়লা রেখে তার ওপর তেল, লবণ ও শুকনা মরিচ দিন। ধোঁয়া উঠলে ঢেকে ২ মিনিট রাখুন। ধোঁয়ার সুবাসযুক্ত চিকেন চাট পরিবেশন করুন।
স্পিনাচ চিজ রোল
উপকরণ: পালংশাক ১ কাপ, মোজারেলা চিজ আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, গোলমরিচ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, বাটার ১ টেবিল চামচ।
প্রণালি: প্যানে বাটার দিয়ে পেঁয়াজ ও পালংশাক ভাজুন। লবণ ও গোলমরিচ দিন। পালংশাকের ওপর মিশ্রণ ছড়িয়ে চিজ দিন। রোল করে তাওয়ায় হালকা গ্রিল করুন।
