skip to Main Content

সালোয়ার-স্যুট। ফারসি স্টাইল। ক্লাসিক ও প্যাসটেলের বিভিন্ন শেড। একদম পার্টি-রেডি এথনিক লুকের কয়েকটি ছবিতে নেটিজনদের নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। তবে সমস্যা একটাই। পোশাকগুলো একটি পাকিস্তানি ব্র্যান্ডের। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কেন পাকিস্তানি ব্র্যান্ডের মডেল হলেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন।

১৬ এপ্রিল ইনস্টাগ্রামে আলিয়া ভাটের বেশ কয়েকটি ছবি আপলোড দেয় পাকিস্তানি লোকাল ব্র্যান্ড ওয়াজআয়শা। দেখা যায়, ব্র্যান্ডটির পোশাক পরে মডেলিং করেছেন আলিয়া। ক্যাপশনে লেখা, ’এমনকি আলিয়া ভাটও আমাদের সীসা সিল্ক কালেকশন পছন্দ করেছেন।’ মুহুর্তেই ভাইরাল হয় সেগুলো।

কবে, কীভাবে আর কেনই বা পাকিস্তানি ব্র্যান্ডের মডেল হলেন আলিয়া, প্রশ্ন করছেন নেটিজনেরা। কারণ ছবি দেখে বোঝার কোন উপায়ই নেই যে সেগুলো আসলে ফেইক। অর্থাৎ এআই দিয়ে বানানো। অভিনেত্রীর পুরানো ছবিতে এআই ব্যবহার করে নিজেদের পোশাক পরিয়ে দিয়েছে ব্র্যান্ডটি। অথচ তাদের মডেল হওয়ার ব্যাপারে কিছুই জানে না আলিয়া, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম ব্রুট ইন্ডিয়া।

শুধু আলিয়াই নয়, কিছুদিন আগে মার্কিন ইনফ্লুয়েন্সার কাইলি জেনারকেও নিজেদের মডেল বানিয়েছে ওয়াজআয়শা। সেগুলোও ভাইরাল হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, কত দূর পৌঁছেছে এআই। যে কোন ব্র্যান্ড যে কাউকে বানিয়ে ফেলছে নিজেদের মডেল। তাও আবার ফ্রিতে! হাস্যরস আর সমালোচনার মধ্য দিয়েই করে নিচ্ছে ব্র্যান্ডের মার্কেটিং।

লেখা: আবৃতি আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top