skip to Main Content

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হয়েছে লালদীঘি ময়দানে। এবারের আসরে ১০৮ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। ফাইনালে তিনি কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করেন।

২৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এই বলীখেলায় চ্যাম্পিয়নকে ৩০ হাজার এবং রানার্সআপকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। বন্দরনগরীর এই জনপ্রিয় আয়োজন উপভোগ করতে ময়দানে উপস্থিত হন বিপুল দর্শক। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে দায়বদ্ধতার অংশ হিসেবে টানা ১২ বছরের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে বাংলালিংক। বলী ফাউন্ডেশনের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জব্বারের বলীখেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। বাংলালিংকের ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর সৈয়দ হোসেন চৌধুরী বলেন, এক যুগের এই অংশীদারত্ব দেশের ঐতিহ্যবাহী খেলাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রতিশ্রুতিরই প্রতিফলন। তিনি বলেন, জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এ বছরই প্রথম আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে লাইভস্ট্রিম করা হয়, যা বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে সহায়ক হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতা শুরু করেন। সময়ের সঙ্গে এটি চট্টগ্রামের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top