skip to Main Content

বাইট

বাঁশকোড়লের বাহাদুরি

সুপারফুডের তালিকায় এবার নতুন সংযোজন ব্যাম্বু শুট বা বাঁশকোড়ল। নতুন এক গবেষণায় প্রায় পাঁচ হাজার ভোক্তার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাঁশকোড়ল রক্তে শর্করা কমাতে সাহায্য করে, খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট সুস্থ রাখে। এর সঙ্গে আছে ফাইবার, অ্যামিনো অ্যাসিড, পটাশিয়াম, কপার, ভিটামিন বি৬ আর ই। ফাইবারের কারণে হজম ভালো হয়, এমনকি অন্ত্রের ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে ভীষণ জনপ্রিয় খাবার বাঁশকোড়ল। তাই পাহাড়ে ঘুরতে গেলে অনেকের পছন্দের তালিকায় ওপরে থাকে এটি। তবে একটা সতর্কতা! কাঁচা বাঁশকোড়ল খাওয়া যাবে না। এতে এমন উপাদান আছে, যা বিষে পরিণত হতে পারে। তাই ভালোভাবে সেদ্ধ করে রান্না করা চাই। নইলে এই সুপারফুড খেতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন!

স্পাইসি রামেন রাইস পেপার রোল

সোশ্যাল মিডিয়ায় খাবার দুনিয়ায় এক নতুন তারকা রাইস পেপারে মোড়ানো ঝাল রামেন। দেখতে অনেকটা স্প্রিং রোলের মতো; কিন্তু কামড় দিলেই ক্রাঞ্চি স্পাইসি আর নুডলসের প্রেম। একেবারে আলাদা অভিজ্ঞতা। বানানো সহজ, সময় লাগে কম এবং ভিডিও করলেই ভিউ আসে বেশি—এই তিন গুণে ট্রেন্ডিং টিকটকে। আর মুখে দিলেই ‘ওহ্!’ টাইপ প্রতিক্রিয়া। আগে রাইস পেপার মানে ছিল সামার রোল বা স্প্রিং রোল। তবে বর্তমানে আমেরিকা থেকে এশিয়া—সবখানেই ভোজনরসিকেরা নতুন নতুন রাইস পেপার রেসিপি খুঁজছেন, বিশেষ করে জেন-জিরা। তাই তাদের জন্য একদম পারফেক্ট স্পাইসি রামেন রাইস পেপার রোল। কারণ, হালকা, ক্রাঞ্চি, স্পাইসি আর দেখতেও কুল, একেবারে দশে দশ!

পাস্তায় টাটকা থেকে বাসিতে বেশি গুণ

পাস্তা খেলে ডায়েট নষ্ট—এই ভয় অনেকের। কিন্তু অন্তর্জাল বলছে, একটি ছোট্ট কৌশলে নাকি পাস্তা হয়ে উঠতে পারে একটু কম দোষী! কৌশলটা কী? পাস্তা রান্না করে ফ্রিজে রেখে দিন, তারপর আবার মাইক্রোওয়েভে গরম করে খান। এতে নাকি পাস্তার কিছু শর্করা বদলে যায় রেজিস্ট্যান্ট স্টার্চে। এই স্টার্চ সহজে হজম হয় না। ফলে রক্তে চিনি দ্রুত বাড়ে না, ক্যালরিও একটু কম ঢোকে। পুষ্টিবিদ অ্যাশলি কিচেন্স বলেন, এই রেজিস্ট্যান্ট স্টার্চ ফাইবারের মতো কাজ করে পেটের ভালো ব্যাকটেরিয়াকে রসদ জোগায়, আর শরীরে চিনি গ্রহণের গতি কমায়। তবে এখানেই ছোট্ট সতর্কতা প্রয়োজন। ফ্রিজে রেখে বড় প্লেট ভরে পাস্তা খেলে হবে না; কারণ, স্টার্চের একটি অংশই শুধু বদলায়, পুরোটা নয়। তাই প্লেটে পাহাড় বানাবেন না; কারণ, পরিমাণ সব সময় রাজা!
 দিলজান নাহার চাঁদনী
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top