skip to Main Content

বুলেটিন

ম্যাক x সেফোরা

জেন-জি প্রজন্মের প্রিয় গন্তব্য সেফোরা। যেখানে এক ছাদের নিচে পাওয়া যায় হাজারো বিউটি পণ্য। রয়েছে ফার্স্ট-হ্যান্ড অভিজ্ঞতার সুযোগ। বিষয়টি আমলে নিয়েছে ম্যাক কসমেটিকস। এত দিন সেফোরার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও এবার সিদ্ধান্ত বদলেছে ম্যাক। বিউটি ইন্ডাস্ট্রিতে প্রবেশের ৪১ বছর পর ২ মার্চ সেফোরার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এই ব্র্যান্ড। এখন থেকে যুক্তরাষ্ট্রের সব সেফোরা শোরুমে থাকবে ম্যাক কসমেটিকসের ডেডিকেটেড কর্নার। ম্যাক ম্যাজিক এবার আরও বিস্তৃত।

ডিমেট্রার শার্লট টিলবারি অধ্যায় সমাপন

ডিমেট্রা পিনসেন্ট। টানা ১৪ বছর কাজ করেছেন ব্রিটিশ বিউটি ব্র্যান্ড শার্লট টিলবারির সঙ্গে। সূচনালগ্ন, অর্থাৎ ২০১২ সাল থেকে ছিলেন ব্র্যান্ডটির সিইও পদে। অনেক উত্থান-পতনেও আগলে রেখেছিলেন জনপ্রিয় এই বিউটি লেবেল। ছোট্ট স্টার্টআপ থেকে পৌঁছে দিয়েছেন বিলিয়ন ডলার ব্যবসায়। তার আমলে ২০২০ সালে স্প্যানিশ বহুজাতিক গ্রুপ পুচের আংশিক অধিগ্রহণে আসে শার্লট টিলবারি। ২০৩০ সালের মধ্যে ব্র্যান্ডটির সম্পূর্ণ মালিকানা গ্রহণ করবে পুচ। এর আগেই অবসর নিয়েছেন ডিমেট্রা। নিয়েছেন নতুন সিদ্ধান্ত। গত ২৬ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। যদিও এখনো কোনো নতুন সিইও বাছাই করেনি শার্লট টিলবারি।

এস্টি লডারের নতুন ফাউন্ডেশন ফর্মুলা

এস্টি লডার এনেছে ডাবল ওয়্যার স্টে-ইন-প্লেস ফাউন্ডেশন। মেকআপপ্রেমীদের কাছে জনপ্রিয় এক ফাউন্ডেশন ফর্মুলা। ব্র্যান্ডের হিরো প্রোডাক্ট। ১৯৯৭ সাল থেকে চলতি এই ফাউন্ডেশন ফর্মুলার নতুন সংস্করণ করেছে এস্টি লডার। তবে পুনর্নির্মাণ নয়, করেছে পুনর্গঠন। নতুন ফর্মুলায় ব্যবহার করা হয়েছে পলিমার মেশ ম্যাটিকস প্রযুক্তি। উদ্দেশ্য, ত্বকের সঙ্গে আরও নমনীয়ভাবে যেন মানিয়ে যায়। এটি আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী ও ট্রান্সফার-প্রতিরোধী। ৩৬ ঘণ্টার বেশি টেকসই। এতে আছে নিয়াসিনামাইড, হায়ালুরনিক অ্যাসিড, গ্লিসারিন ও ব্রাউন অ্যালগি এক্সট্র্যাক্ট, যা ত্বকের তেল নিয়ন্ত্রণ ও আর্দ্রতা বজায় রাখতে সহায়ক। আগের মতো আছে প্যাকেজিং নকশা। মিলছে পুনর্ব্যবহারযোগ্য কাচের বোতলে।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top