বুলেটিন
সেফোরা X চ্যাটজিপিটি
রাজত্ব করছে চ্যাটজিপিটি। ভার্চুয়াল কথোপকথনে চলছে নানা সমাধানের খোঁজ। বিষয়টি আমলে নিয়েছে বিউটি পণ্যের রিটেইলার কোম্পানি সেফোরা। ২৫ মার্চ চ্যাটজিপিটিতে একটি এআইচালিত অ্যাপ চালু করেছে এই প্রতিষ্ঠান। সেফোরার সংগ্রহে থাকা যেকোনো পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে সেখান থেকে। এর মাধ্যমে কনভারসেশনাল এআই ব্যবহার করে প্রয়োজনীয় বিউটি পণ্য দ্রুত খুঁজে নিতে পারবেন গ্রাহকেরা। কাস্টমাইজড প্রোডাক্ট রিকমেন্ডেশন ছাড়াও পাবেন প্রয়োজনীয় পরামর্শ। থাকবে রিওয়ার্ড, স্যাম্পল এবং ফ্রি শিপিংয়ের মতো লয়্যালটি সুবিধা। আপাতত শুধু যুক্তরাষ্ট্রে চালু হওয়া এই অ্যাপে ভবিষ্যতে আরও সুবিধা যোগ করা হবে। থাকবে চেকআউট এবং পেমেন্ট করার সুবিধা। ইন্টারনেট ব্যবহারকারী ক্রেতাদের অভ্যাসের সঙ্গে মানিয়ে নিয়েই এগিয়ে যাচ্ছে সেফোরা।
শার্লট টিলবারির ক্যাম্পেইনে সিয়েনা মিলার
নতুন একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন করেছে প্রসাধন ব্র্যান্ড শার্লট টিলবারি। ব্র্যান্ডটির জনপ্রিয় বিউটি লাইন পিলো টকের বিজ্ঞাপনে দেখা গেছে ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী সিয়েনা মিলারকে। প্রথমবারের মতো শার্লট টিলবারির সঙ্গে কাজ করেছেন স্টারডাস্ট, দ্য এজ অব লাভ, আমেরিকান স্নাইপার সিনেমাখ্যাত ৪৪ বছর বয়সী এই তারকা। গোলাপি ব্লাশ লিপ টিন্টের মাল্টি-ইউজ প্রসাধনের এই বিজ্ঞাপন সরে এসছে ব্র্যান্ডটির আগের সব বিজ্ঞাপনের ধাঁচ থেকে। গ্ল্যামারের আলো-ছায়ার বদলে দেখা গেছে ইংল্যান্ডের গ্রামীণ পরিবেশের নরম প্রাকৃতিক চিত্র। আবহও রোমান্টিক। ঠোঁটে ও গালে একই প্রসাধন ব্যবহার করে দেখিয়েছেন সিয়েনা, যা ত্বকের সঙ্গে মিলিয়ে রং পরিবর্তন করে। এতে আছে বোটানিক্যাল অয়েল এবং পেপটাইড। দেয় হালকা, ন্যাচারাল লুক। ন্যাচারাল ও মিনিমাল মেকআপ রেডি ফর্মুলা।
নাইজেরিয়ায় চালু প্রসাধন নীতি
অনিয়মের মধ্যে চলছিল নাইজেরিয়ার প্রসাধনশিল্প। যদিও দেশটির কসমেটিকস বাজারমূল্য এখন ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি। বিশাল এই বাজারের বিভিন্ন পণ্যে মিলেছে সিসাজাতীয় ক্ষতিকর পদার্থের উপস্থিতি। সম্ভাব্য স্বাস্থ্য বিপর্যয় ঠেকাতে তাই এবার সুনির্দিষ্ট একটি নিরাপত্তা নীতি চালু করেছে দেশটির সরকার। ন্যাশনাল কসমেটিকস সেফটি পলিসিকে অনুমোদন দিয়েছে সে দেশের ন্যাশনাল কাউন্সিল অন হেলথের ৬৬তম আসর। নীতিতে বলা হয়েছে, কসমেটিকস পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার ও নিষ্পত্তি—সবকিছু হবে জাতীয় সিস্টেমের আওতায়। দেশের বিদ্যমান নীতিমালা এবং আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে। জোর দেওয়া হবে নিরাপদ কসমেটিকস তৈরিতে। নাইজেরীয় সরকারের এই উদ্যোগকে সমর্থন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
