মেঘে ঢাকা আকাশ। শান্ত-শীতল বাতাস। নাকে সেই চিরচেনা ভেজা মাটির ঘ্রাণ। হঠাৎ আকাশ ভেঙে নামে বৃষ্টি। মুহূর্তেই ভালো হয় মন। অজান্তেই জানালার বাইরে হাত বাড়ায়। সঙ্গে ধোঁয়া ওঠা এক কাপ চা। পূর্ণ হয় আয়েশি বৃষ্টিবিলাস। অনেকের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় বৃষ্টি। রিমঝিম শব্দে নেচে ওঠে মন।

তবে শান্ত সুরে। রবিঠাকুরের গানের মতো। আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে কিংবা বাদলদিনের প্রথম কদম ফুল। প্রেম প্রেম লাগে। চোখে নেমে আসে ঘুম। যারা বৃষ্টি ভালোবাসেন, শাস্ত্রের ভাষায় তাদের বলা হয় প্লুভিওফাইল। ল্যাটিন ভাষায় বৃষ্টিকে বলা হয় প্লুভিয়া। আর গ্রিক শব্দ ফিলোস; অর্থ প্রেমিক। দুয়ের সন্ধিতে নামকরণ করা হয়েছে বৃষ্টিপ্রেমীকে। বৃষ্টির শব্দ, গন্ধ ও পরিবেশ উপভোগ করেন তারা। আর ঝড় হলে তো কথাই নেই।

বৃষ্টি ভালোবাসার ব্যাপারটি আসলে মানব মনের হাজার বছরের পুরোনো অভ্যাস। ঝড়-বৃষ্টির সময় গুহার ভেতর আশ্রয় নিতেন প্রাচীনকালের মানুষ। পরিবেশ প্রতিকূলতা থেকে সুরক্ষায়। স্বস্তি ও শান্তির অনুভূতি দিত সেই আশ্রয়। তাই ঘর কিংবা মাথা গোঁজার ঠাঁই মিললে আজও কারও কারও মন ভালো করে দেয় বৃষ্টি। আর অতিপ্রেমীরা নেমে যান ভিজতে।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
