skip to Main Content

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ৯ ও ১০ মে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। এবারের আয়োজনের মূল থিম—জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব। মূল স্লোগান ‘শি লিডস, শি শাইন’। আয়োজনে মূল পৃষ্ঠপোষক জাদুব এবং আইপিডিসি ফাইন্যান্স। আয়োজক সংগঠন পাওয়ার অব শি জানায়, সামিটকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রদর্শকদের নিয়ে একটি সমন্বয় সভা হয়েছে। এতে দুই দিনের বিস্তারিত কর্মসূচি, বিভিন্ন সেশন কাঠামো, বক্তা তালিকা, অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রদর্শকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট নারী উদ্যোক্তাদের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনা মূল্যে স্টল। এ ছাড়া নির্বাচিত দুজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকে বিশেষ সম্মাননা হিসেবে ফ্রি স্টল দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে পাওয়ার অব শির চেয়ারম্যান সাবিনা সাবি বলেন, ‘আমরা শুধু উদ্যোক্তার ব্যবসায়িক সাফল্য নয়, তাদের পেছনের সংগ্রাম, অধ্যবসায় এবং পরিবারের সমর্থনকেও মূল্যায়ন করি। তাসমিয়ার এই অদম্য স্পৃহা আমাদের জন্য অনুপ্রেরণা। উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন শুধু একটি আয়োজন নয়; এটি নারী নেতৃত্ব, উদ্ভাবন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের প্রতিটি প্রান্তের নারীরা এখানে এসে নিজেদের সম্ভাবনা তুলে ধরার সুযোগ পাক, নতুন সংযোগ তৈরি করুক এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস অর্জন করুক।’ এই সামিটে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে। যেখানে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা অংশ নেবেন। এই সামিটে দেশীয় পণ্যের প্রসার, উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কার্যকর নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হবে।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top