হলিউড তারকা ব্রুস উইলিসের পরিবার এক গভীর ও মানবিক সিদ্ধান্ত নিয়েছে, মৃত্যুর পর তার মস্তিষ্ক বিজ্ঞান গবেষণায় দান করা হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে একটি দুরারোগ্য স্নায়বিক রোগ সম্পর্কে গবেষণা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। রোগটির নাম ফ্রন্টোটেম্পরাল ডিমেনশিয়া।

২০২৩ সালে উইলিসের মস্তিষ্কে এই অসুখ শনাক্ত হয়; যা ধীরে ধীরে তার স্মৃতি, আচরণ ও যোগাযোগের ক্ষমতা ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। চব্বিশ ঘণ্টাই তার পরিচর্যার প্রয়োজন হচ্ছে। গবেষণায় মস্তিষ্ক দানের বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে বলেন তার বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস।

জানা যায়, তার জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না। এ জন্য ব্রুসের সাবেক স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আলোচনাও করেন। পরে ব্রুসের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয় সিদ্ধান্ত। তারা বিশ্বাস করেন, এই দান ভবিষ্যতে রোগটির চিকিৎসা বা বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের টিস্যু গবেষণা ফ্রন্টোটেম্পরাল ডিমেনশিয়ার মতো জটিল রোগ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এমন রোগের এখনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
