রাজধানীর আতিথেয়তা শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা তাদের করপোরেট পার্টনারদের সম্মানে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) হোটেলের নান্দনিক বলরুম হল ডি গ্র্যান্ডে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও ত্যাগের মহিমায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আভিজাত্য আর ঐতিহ্যের সংমিশ্রণে সাজানো হল ডি গ্র্যান্ডের মনোরম পরিবেশ অতিথিদের মাঝে এক প্রশান্তিময় আবহ তৈরি করে। পরিবেশন করা হয় হোটেলের অভিজ্ঞ শেফদের নিপুণ হাতে তৈরি দেশি-বিদেশি পদের সমাহার।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকার উপদেষ্টা বলেন, ‘রমজান আমাদের একে অপরের কাছাকাছি আসার সুযোগ করে দেয়। আমাদের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হলো করপোরেট পার্টনাররা। ব্যবসায়িক সম্পর্কের ঊর্ধ্বে উঠে তাদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের এই অটুট আস্থা আমাদের আগামীর পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।’

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যবসায়িক উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- ক্যানভাস অনলাইন
ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা’র সৌজন্যে

