অতিসাধারণ চটিজুতাও যে হাই ফ্যাশনের অংশ হতে পারে, সেটাই প্রমাণিত হলো। ভারতের মহারাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের শহর কোলাপুর। হাতের দক্ষতায় এক বিশেষ পদ্ধতিতে চামড়ার স্যান্ডেল তৈরি করেন সেখানকার কারিগরেরা। হালকা ওজন, আরামদায়ক। কোলাপুরি চপ্পল দেখা যায় সেখানকার নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ—সবার পায়ে।

গত বছরের জুনে আয়োজিত মিলান ফ্যাশন শোর রানওয়েতে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড প্রাদার মডেলদের পায়ে দেখা যায় কোলাপুরি চপ্পল। তবে এই জুতার উৎসস্থল যে ভারতের কোলাপুর, সে বিষয়ে তখন কিছু বলেনি ব্র্যান্ডটি। বর্ণনা করেছিল শুধু ‘চামড়ার স্যান্ডেল’ হিসেবে। এতে পড়তে হয় তীব্র সমালোচনার মুখে। এবার তা শুধরে নিয়েছে প্রাদা।

কোলাপুরি স্যান্ডেলের একটি লিমিটেড এডিশন কালেকশন এনেছে ব্র্যান্ডটি। ছবি দিয়েছে ইনস্টাগ্রামে। আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছে কোলাপুরি চপ্পলের সত্যিকার উৎস। শিরোনামে লিখেছে, প্রাদা মেইড ইন ইন্ডিয়া x কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত—ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকের দক্ষ কারিগরদের হাতে তৈরি।
ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিলাসিতার অভিব্যক্তির সমন্বয় করতে চেয়েছে প্রাদা। ব্যবহার করেছে উন্নত মানের উপকরণ। এক জোড়া কোলাপুরির দাম সাধারণত ১-২ হাজার টাকা হলেও প্রাদা থেকে কিনলে গুনতে হবে ৮৮১ ডলার বা ১ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
