skip to Main Content

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পর্যটন সহযোগিতা বাড়াতে সোমবার ঢাকার একটি হোটেলে ‘বিটুবি রোড শো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ সম্পন্ন করেছে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো। এই আয়োজনের উদ্দেশ্য দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা। শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, দুই দেশের এই অংশীদারত্ব টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি বলেন, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য সব সময় আকর্ষণীয়।

শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম শ্রীলঙ্কাকে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্রাভেল প্যাকেজ এবং স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণার কাজ চলছে। শ্রীলঙ্কান এয়ারলাইনসের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ বলেন, উন্নত বিমান যোগাযোগ এবং প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ আরও সহজতর করা হয়েছে।

অনুষ্ঠানে টোয়াব সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান এবং বোয়াটা সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ অন্য নেতারা শ্রীলঙ্কায় আউটবাউন্ড ট্যুরিজম সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিটস এয়ার বাংলাদেশ রিজিওনের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক খাইরুল বাশারসহ অন্যরা।

৫ এপ্রিল অনুষ্ঠিত মিডিয়া সেশনের ধারাবাহিকতায় এই রোড শো আয়োজিত হয়েছে। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি সাশ্রয়ী ও অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top