skip to Main Content

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টুগেদার ফর বাংলাদেশ ও বনানী সোসাইটির আয়োজনে বনানী ১১ নম্বর সড়কে অনুষ্ঠিত হলো বর্ণিল সাংস্কৃতিক আয়োজন রংঢঙের উৎসব ১৪৩৩; যেখানে ঐতিহ্য, সৃজনশীলতা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিলেছে এক অনন্য আনন্দমেলায়।
এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সড়কজুড়ে আঁকা মনোমুগ্ধকর আলপনা, যা বনানী ১১ নম্বর সড়ককে এক বিশাল রঙিন ক্যানভাসে রূপ দেয়। সারা রাত বিভিন্ন বয়সের মানুষ উৎসবস্থলে এসে আলপনা এঁকেছেন, ছবি তুলেছেন এবং প্রাণভরে উদযাপন করেছেন বাংলা নববর্ষ। এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, হাসি-আনন্দ আর মানুষের মিলনমেলা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের স্টল এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
সকালে বাংলাদেশ স্ট্রিট কিডস এইড গ্রুপের অংশগ্রহণ আয়োজনকে বিশেষ মাত্রা দেয়।
তারা আলপনায় মোড়ানো বনানী ১১ নম্বর সড়কজুড়ে স্কেটবোর্ডিং পরিবেশন করে, যা উপস্থিত সবার জন্য ছিল দারুণ আকর্ষণের। বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক এবং বনানী সোসাইটির প্রেসিডেন্ট, যা আয়োজনটির গুরুত্ব ও মর্যাদা আরও বাড়িয়ে তোলে।
আয়োজকেরা জানান, এটি ছিল এই আয়োজনের দ্বিতীয় সংস্করণ এবং ভবিষ্যতে প্রতিবছর নিয়মিতভাবে এই উৎসব আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তারা বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ নগরজীবনে সংস্কৃতি, সৃজনশীলতা এবং সামাজিক সম্প্রীতির এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিতে সক্ষম। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকল শিল্পী, স্বেচ্ছাসেবক, পারফরমার, স্টল পার্টনার, অতিথি এবং সংশ্লিষ্ট সবার প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top