চৈত্রসংক্রান্তির পোশাক হতে পারে আরামদায়ক, হালকা এবং ঋতুর সঙ্গে মানানসই। বসন্তের শেষের গরমে স্বস্তি পেতে সুতি বা লিনেন কাপড় বেছে নেওয়া ভালো, যা শরীর ঠান্ডা রাখে। রঙের ক্ষেত্রে হালকা হলুদ, সাদা, প্যাস্টেল শেড বা মাটির টোন মানানসই।

ঝড় বা কালবৈশাখীর বিষয় মাথায় রেখে খুব ভারী বা জটিল পোশাক এড়িয়ে চলা যেতে পারে। ঢিলেঢালা কাট, বাতাস চলাচলের সুযোগ থাকা ডিজাইন এবং আরামদায়ক স্যান্ডেল বা জুতা পুরো লুককে সহজ ও ব্যবহারের উপযোগী করে তুলবে। ইচ্ছা হলে হালকা ওড়না বা স্কার্ফ রাখা যায়। সেখানে থাকতে পারে রঙের বাহারও।

চৈত্রসংক্রান্তির অলংকার হওয়া উচিত হালকা, স্বস্তিদায়ক ও ব্যবহারিক। গরম ও ঝড়ের বিষয় মাথায় রেখে ভারী গয়না এড়িয়ে চলাই ভালো। টেরাকোটা, কাঠ, মাটি বা হালকা ধাতুর তৈরি দুল, চুড়ি বা হার সুন্দর মানাবে। ছোট বা মাঝারি আকারের দুল, মিনিমাল পেনডেন্ট এবং পাতলা চুড়ি লুককে পরিপাটি রাখবে, আবার অস্বস্তিও দেবে না। চুলে চাইলে ছোট ফুল বা ফ্যাব্রিক ক্লিপ ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে, এমন অলংকারই বেছে নেওয়া উচিত, যা গরমে স্বস্তি দেয় এবং সহজে বহনযোগ্য।
I ক্যানভাস অনলাইন
