পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতো সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। সকাল ৮টা থেকে প্রস্তুতি শুরু হবে। শোভাযাত্রাটি শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর পর মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা তৈরি করছেন শৈল্পিক কাঠামো ও মুখোশ।
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২ ও ৩ বৈশাখে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে বৈশাখী উৎসবের আয়োজন করা হবে। এ ছাড়া সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে বৈশাখী অনুষ্ঠান।
বরাবরের মতো ছায়ানট বিদ্যানিকেতন আয়োজন করবে ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব; যা ভোর ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে অনুষ্ঠিত হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন টিভি ও অনলাইন মাধ্যমে।

সরকারি উদ্যোগে বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আয়োজনে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী বৈশাখী মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পাশাপাশি দেশের সব জেলা-উপজেলায় সরকারি উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন থাকবে। কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী খাবার এবং আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া মাল্টিব্র্যান্ড প্ল্যাটফর্মসহ বিভিন্ন সাংস্কৃতিক এবং বেসরকারি উদ্যোগেও বৈশাখী আয়োজন চলছে।
I ক্যানভাস অনলাইন
