ফ্যাশন ডেস্ক
মাল্টিব্র্যান্ড প্লাটফর্ম গোদেশী এবং পানাশ ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হয়েছে এক ভিন্নধর্মী ঈদ বাজার, ঢাকা ফ্যাশন ফেস্ট-রামাদান নাইট মার্কেট ২০২৬।
গত ৬ ও ৭ মার্চ, ঈদ আয়োজনে আলোকিত হয়ে উঠেছিলো বানানী ১৯/এ রোডের সি ব্লক। বসেছিল স্ট্রিট মার্কেট। রাস্তার পাশে ছোট ছোট টেন্টে দেশে তৈরি নিজস্ব নকশার পোশাক ও অনুষঙ্গের নান্দনিক সব সংগ্রহ সাজিয়েছিলেন উদ্যোক্তারা। ছিল প্রায় ৫০টি স্টল।
ফ্যাশন হাউসের মধ্যে উল্লেখযোগ্য পণ্য উপস্থাপন করেছে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরস, জেন্টেলম্যান ‘স ওয়ারড্রোব, সোমালীসিয়াস এবং মুন’স। বেশ কয়েকটি লাইফস্টাইল এবং ফুড ব্র্যান্ড ছিল মেলায়। ডিসপ্লে করা হয়েছিল গাড়িও।
অনলাইন-ভিত্তিক পেইজগুলোর পণ্য সরাসরি দেখে কেনার সুযোগ ছিল অন্যরকম এই আয়োজনে। বসেছিল অ্যাকুস্টিক গানের আসর। ছিল ক্যারিকেচার আর্ট এবং লাইভ টিশার্ট ডিজাইন করে নেওয়ার সুযোগ।
এ ছাড়াও, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আয়োজনে একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস চেক-আপ ক্যাম্পের ব্যবস্থা রেখেছিল ল্যাবএইড হাসপাতাল। বাচ্চাদের জন্য ছিল ভার্চুয়াল রিয়্যালিটি গেম জোন।
আয়োজনে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন এবং চমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ডিরেক্টর শামস্ আব্দুল্লাহ মুহাইমিন।
বনানী সোসাইটি ছিল মেলার স্ট্র্যাটেজিক পার্টনার। ম্যাগাজিন পার্টনার ছিল ক্যানভাস। দুপুর ২টা থেকে ছিল মেলায় ঘুরে দেখার সুযোগ; চলেছে সেহরী অব্দি।
