জানুয়ারির শেষ দু’দিনে আসর বসেছিল রাজধানীর পান্থপথের পান্থ নিবাসে। আয়োজনে দেশের বেশ কয়েকজন তারকা। যারা নিজ নিজ অবস্থানে সফলতার সঙ্গে কাজ যেমন করছেন; তেমনি দেশীয় পোশাককে ভালোবেসে নিয়ে এসেছেন সামনে।

সোনিয়া রিফাত, সানজিদা মাহমুদ নন্দিতা, ইয়াসমিন লাবণ্য, মৌসুমি মৌ, সাজিয়া সুলতানা পুতুল ও নীল হুরেজাহান। তারা নারী। তারা ভালোবাসেন শাড়ি। এই বিশেষ উৎসবের নাম দেওয়া হয়েছিল ‘সেলিব্রিটি আর্কাইভ ও ফাল্গুন ফেস্ট’।

তারকারা কাজের প্রয়োজনে নানা রকম শাড়ি কেনেন। আলমিরাতে সাজিয়ে রাখেন সযতনে। খুব কমই বারবার ব্যবহার করা হয়। বেশির ভাগ দুয়েকবার। এমন শাড়িগুলো নিয়ে পসরা বসেছিল। সেই সঙ্গে ফাল্গুনের আমেজে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে ছিল গান আর প্রাণবন্ত আড্ডা।

পরিকল্পনায় আয়োজিত এই প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল মুখরিত। তারকাদের ব্যবহৃত পোশাকের পাশাপাশি একঝাঁক নারী উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহণে মেলাটি পেয়েছে আলাদা গুরুত্ব ও পরিচিতি। ফাল্গুন, ভ্যালেন্টাইনস ডে এবং আসন্ন ঈদ সামনে রেখে উদ্যোক্তারা এনেছেন তাদের নতুন কালেকশন।

দেশি পণ্যের পাশাপাশি মেলায় মিলছে নানা ধরনের গয়না, শাড়ি, ব্লাউজ, ব্যাগ, মোমবাতি, স্কিন কেয়ার সামগ্রী।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ

