ফ্যাশন বিট
তারা উদ্যোক্তা মেলা
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নারীদের আর্থিক উন্নয়নকে আরও গতিশীল করতে চতুর্থবারের মতো ব্র্যাক ব্যাংক আয়োজন করতে যাচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা’। এবারের মেলায় ৯০ জন নারী উদ্যোক্তা বিনা মূল্যে পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি গ্রাহকের সঙ্গে নেটওয়ার্কিং এবং নতুন মার্কেটে প্রবেশের সুযোগ পাবেন। বিভিন্ন ক্যাটাগরির পণ্য; যেমন বুটিক, জামদানি, পাট, বাঁশ ও বেতের পণ্য, নকশিকাঁথা, লেদার, জুয়েলারি, পরিবেশবান্ধব পণ্য, আসবাবসহ আরও অনেক পণ্যের সমাহার থাকছে মেলায়। উদ্যোক্তাদের পণ্যের প্রচার-প্রসার এবং তাদের দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহিত করাই মেলার মূল উদ্দেশ্য।
দেশি পণ্যের পাশাপাশি থাকবে ইফতার ও ডিনার ফুড কোর্ট, ডিজিটাল পেমেন্ট সলিউশন, কিডস জোনসহ অনেক কিছু। ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আলোকি কনভেনশন হলে জমবে তারার মেলা।
ঢাকা নাইট মার্কেট: সিজন টু
নিবেদিতার আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ঢাকা নাইট মার্কেট। ফ্যাশন-সচেতন ক্রেতাদের জন্য রাতে কেনাকাটার অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মকে বিশেষ করেছে। ৫, ৬ ও ৭ মার্চ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের ব্যাংকুয়েট হলে জমবে এই উৎসব। বেলা ২টায় শুরু হয়ে চলবে রাত ৩টা অব্দি। নারী উদ্যোক্তাদের জন্য ক্ষমতায়নের সুযোগ হিসেবে এ আয়োজনকে দেখছেন আয়োজক আনিকা ইসলাম। ক্রেতারা উপভোগ করবেন প্রচলিত প্রদর্শনীর বাইরে এক ভিন্নধর্মী ও প্রাণবন্ত শপিং অভিজ্ঞতা। শতাধিক ফ্যাশন, লাইফস্টাইল ও ফুড ব্র্যান্ডের অংশগ্রহণ থাকছে এবার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য: দ্য মসলিন, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, পুতলি, টেলস অব বাংলাদেশ, স্লিক চিক, ব্লাশ বাই আরিশা, লা রোসা লাইফস্টাইল, রুহানি, চা টাইম, শর্মা দামাস্কো, চা ওয়ালি। টাইটেল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। মিডিয়া পার্টনার ক্যানভাস।
সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব
ফ্যাশন এন্ট্রাপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হলো ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী প্রদর্শনী ও মেলা। দেশের প্রথিতযথা ও উদীয়মান উদ্যোক্তা এবং ব্র্যান্ডের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠেয় এই মেলায় ছিল দেশীয় সংস্কৃৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের সৃষ্টিশীল, নান্দনিক, রুচিশীল পণ্যের পসরা ছিল মেলায়। ৩৬টি প্রতিষ্ঠানের নতুন কালেকশন মেলায় প্রদর্শিত হয়েছে।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
