skip to Main Content

তনুরাগ I সুইট স্কিন সিক্রেট

ভিটামিন আর মিনারেল সমৃদ্ধ, ডায়েটে জাদুকরি। সমানভাবে কাজ করে সৌন্দর্যেও। প্রকৃতির উপহার। মধ্যপ্রাচ্য ও ইরানে পুষ্টির প্রধান উৎস। বিশ্বব্যাপী খেজুর সবার কাছে সমাদৃত। সময় এসেছে ত্বকের যত্নে এই ফলের গুণ নিয়ে আরও সচেতন হওয়ার

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রাচীন সভ্যতাগুলোতে খেজুরকে শুধু খাদ্য হিসেবেই নয়; সৌন্দর্যচর্চার জন্যও ব্যবহার করা হতো। মেসোপটেমিয়া ও মিসরে খেজুরের রস বা পেস্ট ব্যবহার করা হতো ত্বক নরম, আর্দ্র ও উজ্জ্বল রাখার জন্য। এই ফলে থাকা প্রাকৃতিক ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বকের পুষ্টি ও সেল রিজেনারেশনকে সাহায্য করে। আজকের দিনে এই প্রাচীন ধারণা আধুনিক ন্যাচারাল ও প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ডের মাধ্যমে বাণিজ্যিক রূপে এসেছে, যেখানে ডেট সিরাপ ব্যবহৃত হয় ফেস মাস্ক, হেয়ার প্যাক এবং লিপ বাম তৈরিতে।
প্রাকৃতিক উপাদান ব্যবহারে ত্বকযত্ন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রাকৃতিক খেজুর থেকে পাওয়া সিরাপ শুধু খাবারের জন্য নয়; ত্বকের যত্নেও নতুন ট্রেন্ড হিসেবে পরিচিত হচ্ছে। প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণে এটি ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষায় সাহায্য করে, যা তারুণ্য ধরে রাখে। শর্করা এবং প্রাকৃতিক ফার্মেন্টেড উপাদান ত্বক কোমল, হাইড্রেটেড এবং মসৃণ রাখে; ফলে মুখের উজ্জ্বলতা স্বাভাবিকভাবে বাড়ে। নিয়মিত ব্যবহার ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখে। প্রাকৃতিক, সহজলভ্য পুষ্টিকর এই সিরাপ ত্বকযত্নের রুটিন স্পাইস আপ করতে সক্ষম।
অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধা
ডেট সিরাপে প্রচুর ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ত্বকের কোষকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। বার্ধক্যের প্রাথমিক চিহ্ন; যেমন ফাইন লাইন, বলিরেখা ও ত্বকের ক্ষয় কমাতে সহায়ক। ব্যবহারে ত্বক হয় তারুণ্যদীপ্ত।
হাইড্রেশন
ডেট সিরাপের প্রাকৃতিক শর্করা ত্বক হাইড্রেটেড রাখে। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করে। মুখের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক প্রাণবন্ত দেখায়। খেজুরে আছে প্রোটিন, যা প্রতিনিয়ত খেলে ত্বকে অতিরিক্ত সিবাম জমতে পারে না। যাদের প্রতিনিয়ত পানি পানের পরও ত্বকে পানিশূন্যতা বোঝা যায়, ত্বকে ডিপ হাইড্রেশন দিতে তারা খেজুর খেয়ে দেখতে পারেন।
এক্সফোলিয়েশন
ত্বকের প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও খেজুর দারুণ কার্যকরী। এই ফল দিয়ে ঘরে বসে বানিয়ে নেওয়া যেতে পারে ন্যাচারাল এক্সফোলিয়েটর। ওটমিলের সঙ্গে খেজুর ম্যাশ করে নরম করে তৈরি করা যেতে পারে ঘরোয়া স্ক্রাব। ত্বকে ৩-৪ মিনিট প্রলেপ দিয়ে রেখে, ধুয়ে নিলেই চলবে। এ ছাড়া দুধে ৫-১০ মিনিট খেজুর ভিজিয়ে নরম হয়ে এলে ভালোভাবে মিশিয়ে ত্বকে প্রলেপ দিয়ে ব্যবহার করা যেতে পারে। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললেই ত্বকের কোমলতা বাড়বে।
সান-ট্যান
বাংলাদেশে সূর্যের তাপ এড়ানো কঠিন। যতই সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন, আন-ইভেন স্কিন টোন বা রোদে পোড়া থেকে রক্ষা পাওয়া দুরূহ। সরাসরি রোদ কিংবা রোদে থাকা ইউভি রশ্মি ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ডেট সিরাপ সূর্যের ক্ষতিকর প্রভাব কিছুটা কমাতে পারে। তবে এটি সরাসরি সানস্ক্রিনের বিকল্প নয়।
ব্রাইটনিং এফেক্ট
ডেট সিরাপে আছে ভিটামিন এ এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সতেজতা ও প্রাকৃতিক গ্লো দেয়। নিয়মিত ব্যবহার করলে ত্বক হালকা উজ্জ্বল মনে হয়।
স্কিন রিজেনারেশন
ডেট সিরাপে থাকা মিনারেল ও ভিটামিন ত্বকের সেল রিজেনারেশনে সহায়তা করে। ফেস মাস্ক বা হেয়ার মাস্কে এটি মেশালে ত্বক ও চুল সুস্থ থাকে।
পিএইচ ব্যালান্স
ডেট সিরাপ প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্যযুক্ত। এটি ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করতে পারে। রূপচর্চায় বিভিন্নভাবে খেজুর যোগ করা যেতে পারে। বাজারে পাওয়া ডেট সিরাপে যেমন স্কিন কেয়ার হতে পারে; তেমনি ঘরেও তৈরি করা সম্ভব নানা রকম প্যাক।
হানি কেয়ার
খেজুরের ন্যাচারাল সুইটনেস আর মধুর হাইড্রেটিং পাওয়ার মিশিয়ে বানানো যেতে পারে একটি লাক্সারি ফেস মাস্ক। খেজুর ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়; আর মধু হাইড্রেশন দেয় এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
ডেট-ওটমিল স্ক্রাব
ওটস আর ম্যাশড খেজুর মিশিয়ে নরম এক্সফোলিয়েটিং স্ক্রাব বানানো যেতে পারে। ডেড স্কিন সেল এবং পোরস ক্লিয়ার করতে সক্ষম হয় এমন স্ক্রাব। ওটস দেয় টেক্সচার, আর খেজুর যোগ করে ভিটামিন ও মিনারেল।
ইনফিউজড ওয়াটার
সুন্দর ত্বক শুরু হয় ভেতর থেকে। হাইড্রেটেড থাকাও জরুরি। কয়েকটি খেজুর রাতে পানিতে ভিজিয়ে রেখে, দিনভর পান করা যেতে পারে। এতে শরীর হাইড্রেটেড থাকবে এবং ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাবে, যা ত্বকের জন্য দরকার।
রমজান মাসজুড়ে খেজুর থাকে পাতে। ইফতারে না হলেই নয়। ঈদের আগে আগে চাইলে যোগ করা যেতে পারে ত্বকযত্নেও।
 বিদিশা শরাফ
মডেল: ইলা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top